হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে দীর্ঘদিন ধরে চলা দুই গোষ্ঠীর বিরোধের জেরে শেখ জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা সংঘটিত হয়।

নিহত শেখ জায়েদুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, মন্দরি গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ শামসু মিয়ার গোষ্ঠী এবং মজিদ খানের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে হাওরে কৃষিকাজ শেষে বাড়ি ফিরছিলেন জায়েদুল মিয়া। পথে মজিদ খানের বাড়ির কাছে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদুলকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।