ফরিদপুরে পদ্মার পাড়ে ঘুরতে আসা এক ২০ বছর বয়সী তরুণীকে কাশবনে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং পরবর্তীতে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর আরও দুই লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় প্রদান করেন।
আদালতে রায় ঘোষণার সময় আটজন আসামি উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁদের পুলিশি প্রহরায় জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তাঁরা সকলেই ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া এই রায় প্রসঙ্গে বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ–জাতীয় ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা এ রায়ে সন্তুষ্ট। আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা আসামিদের স্থাবর–অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।’
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তাঁর এক বন্ধুর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় গিয়েছিলেন। বন্ধুর আগমনের আগেই তিনি নদী পার হয়ে ওপারে ঘুরতে যান। সেই সুযোগে আট আসামি তাঁকে ধর্ষণ করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ঘটনার আট মাস পর তাঁরা ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওর সূত্র ধরে পুলিশ প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করে এবং তাঁর স্বীকারোক্তির ভিত্তিতেই বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের আট মাস পর ফরিদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০২১ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশ এজাহারভুক্ত সাত আসামির পাশাপাশি রিয়াজ শিকদারকে অভিযুক্ত করে মোট আটজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।