‘যে কুনো উপায়ে বুড়া মানষিডাক আনে দেও বাপু। এ্যালা ঠান্ডার দিন আচ্চে। বুড়া মানষি, কেংকো আছে, কী খাচে, আল্লাহই জানে। বাড়িতে ওর যত অসুখ, ওইঠে সেলা কায় দেখিবে।’

গভীর দীর্ঘশ্বাসের সাথে এই আকুতি জানাচ্ছিলেন রেজিনা বেগম (৬০), যিনি তিন মাস আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া তমিজ উদ্দিনের (৭৮) স্ত্রী। স্বামীর বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। প্রিয়জনকে ফিরে পেতে সন্তানদের সাথে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজিনা বেগম।

তমিজ উদ্দিন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত গ্রামের স্থায়ী বাসিন্দা। গত শনিবার বিকেলে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তমিজ উদ্দিন তাঁর চার ছেলে ও স্ত্রীকে নিয়ে এখানে বসবাস করতেন। তাঁর ছেলেদের মধ্যে কেউ ট্রাক চালক হিসেবে কাজ করেন, আবার কেউ চা-বাগানে শ্রমিক হিসেবে নিয়োজিত।

পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, তাঁদের নিজস্ব কোনো আবাদি জমি নেই। অন্যের জমি চুক্তিতে নিয়ে চাষাবাদের মাধ্যমেই তাঁদের জীবনধারণ চলে। বয়সের কারণে ভারী কাজ করতে না পারায় বাড়ির পাশের সীমান্ত এলাকায় নিজেদের পালিত গরুকে ঘাস খাওয়ানোর দায়িত্ব পালন করতেন তমিজ উদ্দিন।

গত ৮ আগস্ট সকালে বাড়ির পাশের বিরাজোত সীমান্তে একটি দলছুট গরু খুঁজতে গিয়ে তমিজ উদ্দিন ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। সেই মুহূর্তেই তাঁকে আটক করে বিএসএফ। এরপর থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি।

তমিজ উদ্দিনের ছেলে রাসেল রানা জানান, তিনি জানতে পেরেছেন যে তাঁর বাবাকে ২০–২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল। জলপাইগুড়ির কারাগারে থাকাকালীন একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে রাসেল রানা শুনেছেন। গত দেড়-দুই মাস ধরে তাঁর বাবার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ করে বাবাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।

অন্যদিকে, তমিজ উদ্দিনকে নিয়ে যাওয়ার দিন বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরদিন ৯ আগস্ট ওই সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। পরবর্তীতে বিজিবি তাঁকে পঞ্চগড় সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে এবং বিজিবির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করা হয়।

আদালতে উক্ত মামলায় দীপঙ্কর গোপ দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তাঁকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারিত হয়। তবে সাজা ভোগ শেষ হওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হয়ে গেলেও দুই দেশের হাইকমিশন পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি এখনো পঞ্চগড় জেলা কারাগারে বন্দি রয়েছেন।

এই বিষয়ে কারাগারের জেলার ফেরদৌস মিয়া বলেন, ‘এ ধরনের ঘটনায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের হাইকমিশন পর্যায়ে কার্যক্রম চলে। এই কার্যক্রম শেষে নির্দেশনা পেলেই আমরা তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করব।’