ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণআন্দোলনে প্রাণ হারানো রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিবিজড়িত শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত তথ্যানুযায়ী, মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরিহিত একদল দুর্বৃত্ত চত্বরে একটি টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় সাগরের প্রতিকৃতিটি কালো হয়ে নষ্ট হয়ে যায়।
এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে আজ সোমবার ভোর চারটা থেকে ওই চত্বরে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের বেশ কয়েকজন নেতা। তাঁদের স্পষ্ট দাবি, এই অগ্নিসংযোগে জড়িত থাকা অপরাধীদের আগামী ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বশেষ খবর পাওয়া গেছে যে, তাঁদের এই অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।
অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ জেলার আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান। অনশনকারীরা চত্বরে ব্যানার বিছিয়ে এবং ফেস্টুন টাঙিয়ে তাদের প্রতিবাদ জানান। ওই ফেস্টুনে লেখা ছিল, ‘অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।’
নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আনোয়ার হোসেন বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত একটি চত্বরও যদি নিরাপদ না থাকে, তাহলে নগরবাসীর নিরাপত্তা কোথায়?” প্রশাসনের বর্তমান নিষ্ক্রিয়তা তাঁদের গভীরভাবে উদ্বিগ্ন করছে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি শহীদ সাগর হত্যার বিচার নিশ্চিত করা, চত্বরের নিরাপত্তা জোরদার করা এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন মনে করেন, সাগর চত্বরে এই হামলার মাধ্যমে জুলাই বিপ্লবীদের ওপর আবারও আক্রমণের বার্তা দেওয়া হচ্ছে। তিনি জানান, রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যবর্তী সময়ে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পরবর্তীতে পুলিশ সেখানে উপস্থিত হয়। উল্লেখ্য, পুলিশ আসার আগে মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ করে আলী হোসেন বলেন, “হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা অনশনে বসেছেন।”
ঘটনা প্রসঙ্গে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “দিবাগত রাত দেড়টার দিকে মাস্ক ও সাদা ক্যাপ পরা কয়েক ব্যক্তি চত্বরে এসে একটি টায়ারে আগুন দেন। কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ছাড়া পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে। ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন ওরফে সাগর। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান আসাদ ও রহিমা খাতুনের পুত্র। ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজনের গুলিতে তিনি প্রাণ হারান। পরবর্তীতে সিটি করপোরেশনের উদ্যোগে তাঁর স্মরণে এই চত্বরটি নির্মাণ করা হয়।