চোখ বেঁধে হাঁস ধরার জন্য দিক্‌ভ্রান্ত ছোটাছুটি কিংবা তৈলাক্ত কলাগাছে ওঠার প্রাণান্তকর চেষ্টা—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। কোথাও পানিতে বালিশ যুদ্ধ ঘিরে হাসির রোল, আবার কোথাও হাঁড়ি ভাঙার লক্ষ্যভ্রষ্ট চেষ্টা দেখে দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শিশু ও কিশোরদের পাশাপাশি এই আনন্দ উৎসবে মেতেছেন তরুণ, মধ্যবয়সী এবং প্রবীণরাও। বয়সের সব ব্যবধান ভুলে এক দিনের জন্য সবাই মেতেছিলেন চরম উচ্ছ্বাসে।

আজ রোববার কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে এই ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার মিলনমেলা অনুষ্ঠিত হয়। 'দুর্বার তারুণ্য বাংলাদেশ'-এর উদ্যোগে এবং 'এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রাম'-এর সহযোগিতায় দিনব্যাপী এই বিশেষ আয়োজন করা হয়।

মূলত গ্রামীণ ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা প্রাচীন খেলাধুলার পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই গত পাঁচ বছর ধরে ডাক্তারপাড়া গ্রামে এই আয়োজন অব্যাহত রাখা হচ্ছে।

সকাল থেকেই আশপাশের গ্রামের মানুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল চোখ বেঁধে হাঁস ধরা প্রতিযোগিতা। চোখে কাপড় বাঁধা অবস্থায় হাঁস ধরতে গিয়ে প্রতিযোগীদের দিক্‌ভ্রান্ত ছোটাছুটি দেখে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। অন্যদিকে, তৈলাক্ত কলাগাছে ওঠার প্রতিযোগিতায় ছিল বাড়তি উত্তেজনা। পিচ্ছিল গাছ বেয়ে ওপরে ওঠার চেষ্টায় প্রতিযোগীরা বারবার পিছলে পড়ছিলেন, আর তাঁদের এই চেষ্টা ও ব্যর্থতার মাঝেই চলছিল দর্শকদের প্রাণখোলা উচ্ছ্বাস।

এ ছাড়া আয়োজনে ছিল পানিতে বালিশ যুদ্ধ, হাঁড়িভাঙা, সাঁতার, বিস্কুট দৌড়, মার্বেল দৌড় এবং 'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতা। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। হারিয়ে যেতে বসা এসব খেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রামবাংলার শিকড়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাবুর রহমান, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের প্রকল্প সমন্বয়ক মকলেছুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এবং দুর্বার তারুণ্য বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রেজওয়ানুল হক নুরনবী প্রমুখ।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মাদক, জুয়া, মুঠোফোনে আসক্তি ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রেখে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

দিনব্যাপী খেলাধুলার পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটে।