সিনেমা জগতের কালজয়ী সৃষ্টি ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’, ‘তিতাস একটি নদীর নাম’ এবং ‘সুবর্ণরেখা’র নির্মাতা ঋত্বিক ঘটক। রাজশাহীতে তাঁর পৈতৃক বসতভিটার যে সামান্য অংশ অবশিষ্ট ছিল, তা সম্পূর্ণ নিশ্চিহ্ন করার জন্য যে অপতৎপরতা চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
২০২৪ সালের আগস্টে গণ–অভ্যুত্থান পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বাড়িটির একটি বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময়ই আশঙ্কা করা হয়েছিল যে, যদি দ্রুত সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে এই ঐতিহাসিক স্থাপনার আর কোনো চিহ্নই অবশিষ্ট থাকবে না। আমরা এর আগে সংবাদ ও সম্পাদকীয়র মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছিলাম। এখন মনে হচ্ছে, সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিতে চলেছে।
মুক্তকণ্ঠের প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার আরও একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। শুধু তাই নয়, দেয়াল ঘেঁষে থাকা একটি প্রাচীন বটগাছও কেটে ফেলা হয়েছে। যে ঘরের দেয়ালটি ভাঙা হয়েছে, সেখানে ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর নির্মিত চলচ্চিত্রের নামগুলো আঁকা ছিল। উল্লেখ্য, চলতি মাসের ৪ তারিখে স্থানীয় সংস্কৃতিকর্মীরা সেখানেই তাঁর ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন করেছিলেন।
২০২৪ সালের পর থেকে এই বসতভিটাটি ভাঙার চেষ্টা চালানো হয়েছে তিন-চারবার। এই ধ্বংসযজ্ঞের পেছনে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ইন্ধন রয়েছে বলে আগেই সংবাদ প্রকাশিত হয়েছে। ১৯৮৯ সালে তৎকালীন এরশাদ সরকার বাড়ির ৩৪ শতাংশ জমি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে ইজারা দিলেও, ২০২০ সালে জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেয়। তবে অত্যন্ত পরিতাপের বিষয় যে, সেই উদ্যোগটি এখনো বাস্তবায়িত হয়নি।
সবচেয়ে হতাশাজনক বিষয় হলো, বারবার ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন অত্যন্ত উদাসীন ও দায়সারা ভূমিকা পালন করছে। স্থানীয় সংস্কৃতিকর্মীরা দীর্ঘ সময় ধরে এই বিষয়ে দাবি জানিয়ে এলেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। প্রশাসনের এই চরম উদাসীনতার কারণেই ঋত্বিক ঘটকের স্মৃতিবিজড়িত বাড়িটি সংরক্ষণ করার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
ঋত্বিক ঘটকের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের স্মৃতিবিজড়িত ভিটা আমাদের ঐতিহ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। সাধারণত বিশ্বের যেকোনো দেশেই এমন প্রথিতযশা ব্যক্তিদের স্মৃতিবিজড়িত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়। অনেক ক্ষেত্রে সেগুলোকে জাদুঘর বা সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা হয়, যাতে আগামী প্রজন্ম সৃজনশীল কাজের অনুপ্রেরণা পায়। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ব্যক্তিগত লাভের জন্য এই ইতিহাস মুছে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমাদের প্রশ্ন এই যে, বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়ে থাকার পরেও জেলা প্রশাসন কেন তা বাস্তবায়ন করছে না? আমরা মনে করি, আর সময় নষ্ট না করে অবিলম্বে এই জমির ইজারা বাতিল করা উচিত। ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটার অবশিষ্ট অংশটুকু দ্রুত সংরক্ষণ করে সেখানে তাঁর নামে একটি পূর্ণাঙ্গ ‘চলচ্চিত্র জাদুঘর’ বা ‘চলচ্চিত্র চর্চাকেন্দ্র’ গড়ে তোলা হোক।