ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়ে রেলপথ ও সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকাল সাতটা থেকে সদর উপজেলার কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক সড়ক অবরোধ করা হয়।

সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই অবরোধের ফলে ট্রেন ও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, যার ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হন যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল আটটা থেকেই ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আটকা পড়ে ছিল। বেলা ১১টা ২০ মিনিটে আলোচনার আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন এবং এরপর ১১টা ৫৪ মিনিটে ট্রেনটি কোড্ডা লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “পারাবত এক্সপ্রেস সকাল আটটা থেকে স্টেশনে দাঁড়িয়ে ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকা পড়ে ভৈরব স্টেশনে। এ ছাড়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস, ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের নির্দিষ্ট সময়ে যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে।”

জানা গেছে, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া নতুন ‘বরিশল’ উপজেলার প্রস্তাব করেছেন। এই প্রস্তাবনা অনুযায়ী ছয়টি গ্রাম নিয়ে নবগঠিত বরিশল ইউনিয়ন, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং বিজয়নগরের একটি ইউনিয়নকে নিয়ে এই নতুন উপজেলা গঠিত হবে।

আজ সকাল সাতটা থেকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ কোড্ডা লেভেল ক্রসিং এলাকায় জড়ো হতে থাকেন। এই কর্মসূচিতে নারীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। একপর্যায়ে তাঁরা রেলপথ ও আখাউড়া–আগরতলা আন্তর্জাতিক সড়কটি অবরোধ করে ফেলেন। সড়কের যান চলাচল বন্ধ থাকায় পথচারীদের দীর্ঘ পথ হেঁটে যেতে হয়।

অবরোধস্থলে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বাসুদেব ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভুইয়া, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেসার উদ্দিন শের শাহ, জেলা আইন ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মামুন পাঠান এবং সদর উপজেলা বিএনপির সদস্য শিপন ভুইয়া বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া ছয়টি গ্রাম নিয়ে নবগঠিত বরিশল ইউনিয়ন, সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগরের একটি ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলার প্রস্তাব করেছেন। তাঁদের দাবি, এই পরিকল্পনার ভিত্তিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে, তবে জেলা প্রশাসন বিষয়টি গোপন রেখেছে। বক্তারা স্পষ্ট জানান, তাঁরা এই পরিকল্পনা কোনোভাবেই মেনে নেবেন না এবং নতুন উপজেলা করার প্রস্তাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তাঁরা কোনো সাময়িক আশ্বাস নয়, বরং স্থায়ী সিদ্ধান্ত চান।

সমাবেশে মামুন পাঠান বলেন, “নতুন উপজেলা করার প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। একই সঙ্গে বাসুদেবের ছয়টি গ্রামকে আবার বাসুদেবের সঙ্গে যুক্ত করে অখণ্ড বাসুদেব ইউনিয়ন ঘোষণা করতে হবে। সদর উপজেলা ভাঙার এই ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না। একই দাবিতে এর আগেও আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো স্থায়ী আশ্বাস পাইনি।”

পরিস্থিতি সামাল দিতে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেনের প্রতিনিধি হিসেবে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি তারেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। তাঁরা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরপর আন্দোলনকারীরা তিন দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।

সিরাজুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “সকাল থেকে মানুষ কষ্ট করছেন। আন্দোলনকারীদের জানানো হয়েছে, ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আজই জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। আশ্বস্ত হয়ে তিন দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।”

অবরোধের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জানমালের কোনো ক্ষতি যেন না হয়, সে লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করেছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা শুরু থেকেই এর প্রতিবাদ জানালেও কোনো সমাধান হয়নি। সম্প্রতি নতুন উপজেলা গঠনের প্রস্তাবের কথা জানতে পেরে তাঁরা ক্ষুব্ধ হয়ে এই আন্দোলনে নামেন। উল্লেখ্য, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বরিশল গ্রামের বাসিন্দা এবং তাঁর বাবা ফজলুর রহমান ভূঁইয়া বর্তমানে বরিশল ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করছেন।