তিনটি জেলাকে সমন্বিত করে একটি নতুন ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গড়ে তোলার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীর বড় ভাই।
গত শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এই প্রস্তাবনা সামনে আনেন।
কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাব অনুযায়ী, এই নতুন বিভাগে কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া—এই তিনটি জেলা অন্তর্ভুক্ত থাকবে। প্রস্তাবিত এই বিভাগের সদর দপ্তর হিসেবে নির্ধারিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা। তাঁর হিসাবমতে, এই নতুন বিভাগে মোট ৩১টি উপজেলা স্থান পাবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জনশুমারির তথ্যের বরাত দিয়ে তিনি তার পোস্টে উল্লেখ করেন, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। সেই হিসেবে এই তিন জেলার মোট জনসংখ্যা দাঁড়ায় ৮৯ লাখ ৩৩ হাজার ৭১ জনে।
নতুন বিভাগ গঠনের পক্ষে যুক্তি প্রদর্শন করে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ; হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র ও আখাউড়া স্থলবন্দরকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে একটি শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।”
তিনি বিশ্বাস করেন, এই নতুন বিভাগটি গঠিত হলে তিন জেলার সাধারণ মানুষের জন্য বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক সেবা গ্রহণ অনেক সহজ হবে। এর পাশাপাশি উন্নত চিকিৎসা সেবা, উচ্চশিক্ষা, নতুন কর্মসংস্থানের সুযোগ, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের সামগ্রিক উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণের পথ প্রশস্ত হতে পারে।
প্রস্তাবনায় তিনি আরও জোর দিয়ে বলেন যে, নতুন বিভাগ গঠনের প্রক্রিয়ায় তিন জেলার সমান মর্যাদা এবং উন্নয়নের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো জেলাই অবহেলিত না হয়ে পড়ে।
একজন সচেতন নাগরিক হিসেবে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেছেন জানিয়ে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “এ দাবির সঙ্গে অন্যদের দ্বিমত থাকতে পারে।”