ইসরায়েলের নেসেট এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দর্শনের প্রতি জনসমর্থন কমে যাওয়ার বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। অভ্যন্তরীণ নানা জটিলতার পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং এর ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।

তবে প্রশ্ন থেকে যায়, এই নির্বাচনী ফলাফল কি যুদ্ধের গতিপথ বা ধারাবাহিকতায় কোনো প্রভাব ফেলবে?

নেতানিয়াহু ১৯৯৬ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার আগেই ইরানের প্রতি তাঁর চরম শত্রুতার কথা প্রকাশ করেছিলেন। ১৯৯২ সালে নেসেটে দাঁড়িয়ে তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছিলেন। একই বছর এক নিবন্ধের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্র ও শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান যাতে ইরান পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি না পায়। ১৯৯৫ সালে প্রকাশিত ‘ফাইটিং টেররিজম’ বইয়েও তিনি ইরানের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এরপর থেকেই ইসরায়েল ওয়াশিংটনের সহায়তায় ইরানকে লক্ষ্যবস্তু করার এবং দেশটির পারমাণবিক সক্ষমতা নষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০০৮ সালে এহুদ ওলমার্টের শাসনামলে ইসরায়েল ওয়াশিংটনের কাছে ভূগর্ভস্থ শক্ত ঘাঁটি ধ্বংসকারী বোমা এবং নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পৌঁছানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল। তবে জর্জ ডব্লিউ বুশ এই দুই অনুরোধই প্রত্যাখ্যান করেন এবং এর পরিবর্তে ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত করতে গোপন অপারেশনের অনুমোদন দেন। ২০১২ সালে নেতানিয়াহু ওবামাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি নির্দিষ্ট ‘লাল সীমা’ অতিক্রম করে, তবে সেখানে হামলা চালানো উচিত। এমনকি ২০১৫ সালে ওবামা প্রশাসনের সময়ে ইরান পারমাণবিক চুক্তি স্বাক্ষর ঠেকাতে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে বক্তব্য দিয়েছিলেন।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যখন পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন, তখন তিনি ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করেছিলেন। ২০২০ সালে প্রথম মেয়াদের শেষ দিকে নেতানিয়াহুর প্রভাবে ট্রাম্প ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করলেও শেষ পর্যন্ত তা করেননি। ২০২৪ সালের অক্টোবরে জো বাইডেন ঘোষণা করেন যে, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা সমর্থন করবেন না। তবে পরের বছরই পশ্চিমা গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যৌথ হামলায় রাজি করানোর চেষ্টা করেছিলেন। নিউইয়র্ক টাইমসের এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে, নেতানিয়াহুর উপস্থাপিত তথ্যাদি ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সরাসরি যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছিল।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের একটি জরিপ অনুযায়ী, মার্চের শুরুতে ইসরায়েলের ৯৩ শতাংশ ইহুদি উত্তরদাতা ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ হামলাকে সমর্থন করেন। তবে জুন মাসে ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক জরিপে দেখা যায়, ৬৬ শতাংশ উত্তরদাতার মতে মার্কিন-ইরান সমঝোতা স্মারক ইসরায়েলের স্বার্থের জন্য ক্ষতিকর।

নেসেট নির্বাচনের ফলাফল আসলেও পরবর্তী শাসক জোট গঠন এখনো অনিশ্চিত। কারণ নেতানিয়াহুর জোট বা গাদি আইজেনকোটের জোট—কারোরই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন মেলেনি। তা সত্ত্বেও, উভয় শিবিরের নেতাদের মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন লক্ষ্য করা গেছে। বিরোধী শিবিরের গাদি আইজেনকোটের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যটি এখনো অসম্পূর্ণ। নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ সরাসরি ইরানি সরকারের পতন সমর্থন করেন এবং অ্যাভিগডোর লিবারম্যান ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার দাবি জানান।

অন্যদিকে, ট্রাম্প কংগ্রেসের পূর্ব অনুমোদন ছাড়াই ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। জুন মাসে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ একটি ‘ওয়ার পাওয়ারস রেজোল্যুশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাস করে, যেখানে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে সহিংসতা থেকে মার্কিন বাহিনীকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। তবে হোয়াইট হাউস দাবি করে যে, এই প্রস্তাব আইনিভাবে বাধ্যতামূলক নয়। পেন্টাগন যুদ্ধের আগে কংগ্রেস অনুমোদিত প্রতিরক্ষা বরাদ্দ থেকেই এই অভিযানের অর্থায়ন করেছিল। গত জুন মাসে হোয়াইট হাউস যখন ইরানের বিরুদ্ধে অভিযানের জন্য পেন্টাগনের অতিরিক্ত তহবিলের অনুরোধ জানায়, তখন সিনেট সেই বিস্তৃত প্যাকেজটি পাস না করায় অনুরোধটি ঝুলে থাকে।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের কাছ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয়েরই নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। এটি ট্রাম্পের জনপ্রিয়তার ওপর একটি বড় আঘাত এবং তাঁর নীতিগুলোর প্রতি সরাসরি নির্বাচনী প্রত্যাখ্যান। ভোটারদের অর্ধেকই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে ভোটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন, যার নেপথ্যে ছিল ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। পিউ রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ৬১ শতাংশ রিপাবলিকান এবং ৮৫ শতাংশ ডেমোক্র্যাট।

সংবিধানে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপ শুরু করার নিজস্ব কিছু ক্ষমতা থাকে, যার আইনি সীমা নিয়ে দীর্ঘ বিতর্ক চলছে। উভয় কক্ষে ডেমোক্র্যাটদের জয়ের অর্থ হলো কংগ্রেসের নিয়ন্ত্রণ এখন ট্রাম্পের বিরোধী দলের হাতে। এটি তাঁর রাজনৈতিক কৌশল ও নড়াচড়ার সুযোগ কমিয়ে দেবে এবং প্রশাসনের ওপর সংসদীয় নজরদারি বাড়াবে। তবে এর অর্থ এই নয় যে, তিনি স্বয়ংক্রিয়ভাবে সামরিক অভিযান চালানোর ক্ষমতা হারাবেন।

প্রশাসনের নীতি পরিবর্তনের চেয়ে অনুরোধগুলো আটকে দেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা বেশি। এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব নির্বাচনের সঙ্গে সঙ্গেই অনুভূত হবে না, কারণ নতুন কংগ্রেসের মেয়াদ শুরু হবে ৩ জানুয়ারি। ততক্ষণ বর্তমান কংগ্রেস ক্ষমতায় বহাল থাকবে, ফলে নতুন সংখ্যাগরিষ্ঠ দলের হাতে আইন প্রণয়ন ও নজরদারির হাতিয়ার পৌঁছাতে বিলম্ব হবে। দায়িত্ব পাওয়ার পর ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠ পার্টি যুদ্ধের উদ্দেশ্য ও আইনি ভিত্তির বিষয়ে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে পারবে এবং আর্থিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করতে পারবে। তবে রাজনৈতিক বিরোধিতাকে আইনি বাধ্যবাধকতায় রূপ দিতে হলে নতুন আইন পাস করতে হবে। প্রেসিডেন্ট ভেটো ক্ষমতা প্রয়োগ করলে তা বাতিল করতে প্রতিটি কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে।

২০০৬ সালের নির্বাচনে উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বিজয়ের পর জর্জ ডব্লিউ বুশের অভিজ্ঞতা এই রাজনৈতিক বাস্তবতাকে ফুটিয়ে তোলে। ২০০৭ সালের শুরুতে বুশ ২০০২ সালের সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ওপর ভিত্তি করে ইরাকে অতিরিক্ত ২০ হাজারের বেশি সেনা মোতায়েনের ঘোষণা দেন। কংগ্রেস যখন যুদ্ধ তহবিলের অনুমোদনকে সেনা প্রত্যাহারের সময়ের সঙ্গে যুক্ত করে দেয়, তখন বুশ বিলে ভেটো দেন এবং প্রতিনিধি পরিষদ সেই ভেটো বাতিল করতে ব্যর্থ হয়। ফলে আইনসভায় বিরোধী সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বুশ যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। একইভাবে, ২০১৫ সালে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ নেওয়ার পরও বারাক ওবামা কৌশলগত সুবিধা ধরে রেখেছিলেন। তিনি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখেন এবং ২০০১ ও ২০০২ সালের সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ওপর নির্ভর করেন, যদিও ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কংগ্রেস তাঁর চাওয়া নতুন অনুমোদন পাস করেনি।

ইরান পারমাণবিক চুক্তি নিয়েও ওবামা এগিয়ে গিয়েছিলেন এবং রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা তা আটকানোর মতো কোনো আইনি নিষেধাজ্ঞা তৈরি করতে পারেনি। ১৯৯৯ সালে কসোভোতে বিল ক্লিনটনের অধীনে মার্কিন কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চলেছিল। ২০১১ সালে লিবিয়ায় ওবামার আমলেও অপারেশন চলেছিল, যদিও প্রতিনিধি পরিষদ শক্তি ব্যবহারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। এসব নজির প্রমাণ করে যে, অনুমোদনের অভাব বা এক কক্ষের প্রত্যাখ্যান সামরিক অভিযানকে স্বয়ংক্রিয়ভাবে থামিয়ে দেয় না।

ইতিহাসের এই প্রেক্ষাপটে বলা যায় যে, নেসেট ও কংগ্রেসের নির্বাচনের ফলাফল মানেই ইরান যুদ্ধের অবসান নয়। যদি ইসরায়েলি নেতৃত্ব এবং ট্রাম্প উভয়ই যুদ্ধ চালিয়ে যেতে চান, তবে তাঁরা তা পারবেন। কংগ্রেসে পরিবর্তন রাজনৈতিক চাপ এবং আইনি ও আর্থিক বিধিনিষেধ বাড়াতে পারে, তবে তা স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পরিণত হয় না। তাই এই নির্বাচনের প্রভাব যুদ্ধ পুরোপুরি বন্ধ করার চেয়ে যুদ্ধের ব্যয়, পরিধি, স্থায়িত্ব এবং শর্তাবলির ওপর বেশি প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

— ড. সানিয়া ফয়সাল আল-হুসাইনি, আরব আমেরিকান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক।

(মিডল ইস্ট মনিটর থেকে সংক্ষেপে অনূদিত।)