ভুটানের বিপক্ষে একের পর এক আক্রমণ করেও গোল করতে পেরেছে মাত্র একটি। জয় নিয়ে মাঠ ছাড়লেও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ রয়েই গেছে বাংলাদেশের ফুটবল দলের। আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে তাই ফিনিশিংয়ের দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে বাংলাদেশ। গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পুরোনো সমস্যা কাটিয়ে উঠতে অনুশীলনে ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা করছেন কোচ টমাস ডুলি।
গতকাল প্রায় দুই ঘণ্টা স্থায়ী অনুশীলনে দীর্ঘ সময় ধরে চলে শুধু গোলের মহড়া। শ্রীলঙ্কা দলে লম্বা গড়নের ফরোয়ার্ড থাকায় তাদের সামলানোর কৌশলও ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। বিশ্বনাথ ঘোষকে আবারও ‘নম্বর নাইন’ পজিশনে খেলানোর ভাবনা রয়েছে কোচের মাথায়। এছাড়া আগামীকাল ফারহান আলী ও হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার সম্ভাবনাও নতুন পরিকল্পনায় বড় ভূমিকা রাখছে।
অনুশীলনে নামার আগে মুক্তকণ্ঠকে মুঠোফোনে ফিনিশিংয়ের সমস্যা নিয়ে ডুলি বলেন, ‘গোল নিয়ে আমাদের প্রতি ম্যাচেই ভাবতে হয়। ভুটানের সঙ্গে এত এত আক্রমণ, তবু গোল মাত্র একটি! আমি খেলোয়াড়দের দোষ দিতে চাই না। তবে একজন পরীক্ষিত স্ট্রাইকার থাকলে এ রকম হতো না। যাকেই ওই পজিশনে দিচ্ছি, ব্যর্থ হচ্ছে। দ্রুত এর সমাধান দরকার।’
গোলের এই সমস্যা কাটাতে শেখ মোরছালিনকে ফেরাতে চায় দল। যদিও এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি, তবে মাঠে ফেরার ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। গতকাল অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মোরছালিন বলেছেন, ‘এখন আমি পুরোপুরি সুস্থ। দলে সুযোগ পেলে ভালো কিছু করতে পারব।’
ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ পেয়েও গোল না হওয়া নিয়ে তাঁর মন্তব্য, ‘বেশি গোল না হওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে। বেশি গোল দিয়ে ফেললে অতি আত্মবিশ্বাস কাজ করতে পারে। এখন আর সে সুযোগ নেই। সবাই গোলের জন্য ক্ষুধার্ত।’ তবে শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মোরছালিন, তিনি বলেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাদের কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।’
এদিকে ভুটান ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পাওয়া তপু বর্মণও অনুশীলনে ফিরেছেন। তবে তিনি এখনো পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। তা সত্ত্বেও পরের ম্যাচে তাঁকেও দলে চায় টিম ম্যানেজমেন্ট।
তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে বর্তমানে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। আজ এই গ্রুপে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। ১১ বারের দেখায় দুই দলই জিতেছে চারটি করে ম্যাচ, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে।
রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভুটান। এই ম্যাচের ফলের দিকে তীক্ষ্ণ নজর থাকবে বাংলাদেশেরও। দুই দলের ৯ বারের লড়াইয়ে শ্রীলঙ্কা জিতেছে সাতবার এবং ভুটানের জয় এসেছে দুটি ম্যাচে। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচ ড্র হলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। তবে ভুটান জিতলে ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠবে সেমিফাইনালে ওঠার সরাসরি লড়াই।
তার আগে গোলের সুযোগ কাজে লাগানোর দক্ষতা বাড়াতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে তাই ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টাতেই ব্যস্ত লাল-সবুজের দল।