রসালাপে আজ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমন একজন ব্যক্তিত্ব, যাঁর গানের মূর্ছনায় বাংলাদেশের অর্ধেক তরুণ-তরুণী প্রেমে পড়েছে, আর বাকি অর্ধেক হয়তো প্রেমের আঘাতেই মন খারাপ করেছে। গানে তিনি গেয়ে ওঠেন, ‘চলো না হারাই…’, যদিও বাস্তব জীবনের ঢাকার যানজটে হারাতে চাইলেও হারানো সম্ভব হয় না। নাটকের পর্দায় তিনি কাঁদেন, আর গানের সুরে তিনি অন্যকে কাঁদান। তিনি জনপ্রিয় শিল্পী ও অভিনেতা তাহসান খান। তাঁর সাথে এই বিশেষ আলাপচারিতায় কথা বলেছেন কবির বকুল।

সাক্ষাৎকারের শুরুতেই একটি গম্ভীর প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়, তাহসানের ‘আলো আলো’ গানটি মুক্তি পাওয়ার পর থেকে কি দেশে লোডশেডিংয়ের পরিমাণ বেড়ে গিয়েছে? মানুষ যখন আলো পায় না, তখন কি তারা তাঁর গান শোনে? এর পেছনে বিদ্যুৎ বিভাগের কোনো গোপন পরিকল্পনা আছে কি না?

এই প্রশ্নের জবাবে তাহসান বলেন, “গানটা লিখেছিলাম ২০০৬ সালে। তার আগেও লোডশেডিং ছিল। পরেও আছে। আমার গানের সঙ্গে লোডশেডিংয়ের সম্পর্কটা নেহাত উদ্দেশ্যপ্রণোদিত একটি গুজব!”

এরপর তাঁর আরেকটি কালজয়ী গান ‘ঈর্ষা’র প্রসঙ্গটি সামনে আসে। প্রশ্ন করা হয়, আয়নায় যখন তিনি নিজের এই চিরসবুজ রূপ এবং ‘চকলেটবয়’ ইমেজটি দেখেন, তখন কি নিজের প্রতিই তাঁর ‘ঈর্ষা’ হয়?

হাস্যোজ্জ্বল মুখে তাহসান উত্তর দেন, “নিজেকে নিয়ে ঈর্ষা হওয়ার মতো মানসিক ব্যাধিতে ভুগলে আমার মানসিক ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই জরুরি হতো। এখনো সেই উপসর্গ দেখা যায়নি!”

দেশের অনেক তরুণ-তরুণী ব্রেকআপের পর তাহসানের গান শুনে বালিশ ভেজায়—এই তথ্যের সূত্র ধরে জানতে চাওয়া হয়, টিস্যু কোম্পানিগুলোর স্পনসরশিপ থেকে তিনি কোনো লভ্যাংশ পান কি না।

এ বিষয়ে তিনি রহস্যময় ভঙ্গিতে বলেন, “এটা আসলে একটা করপোরেট সিক্রেট, আপনি ফাঁস করে দিলেন! তবে সত্যি বলতে, টিস্যু কোম্পানির চেয়ে আমি বেশি স্পনসর পাই চাঁদের কাছ থেকে!”

নাটকের কথা উঠলে দেখা যায়, তাহসানকে প্রায়ই সেই চেনা মার্জিত ভদ্রলোক ইমেজে দেখা যায়, যিনি পিয়ানো বাজান এবং আবেগপ্রবণ হয়ে কাঁদেন। প্রশ্ন করা হয়, কখনো কি লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে একজন কড়া খলনায়কের চরিত্রে অভিনয় করার ইচ্ছা জাগে?

তাহসান জানান, “ইচ্ছা তো করেই! কিন্তু পরিচালকেরা বলেন, ‘তাহসান ভাই, আপনি লুঙ্গি পরলেও সেটাকে কেমন যেন ফরমাল ট্রাউজারের মতো মনে হয়। আর আপনি রাগ করলেও মনে হয় রোমান্টিক ডায়ালগ দিচ্ছেন।’ তাই পিয়ানো আর ইস্তিরি করা শার্টই আমার নিত্যদিনের বন্ধু!”

গান ও অভিনয়ের পাশাপাশি তাঁর উপস্থাপনা দক্ষতার কথা উল্লেখ করে প্রশ্ন করা হয়, বাসায় তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কি তিনি মাইক্রোফোন হাতে গম্ভীর কণ্ঠে বলেন—‘প্রিয় দর্শক, চলুন দেখে আসি রান্নাঘরের পেছনের গল্প। তবে ছোট্ট একটি বিরতির পর...’?

এর উত্তরে তিনি বলেন, “জি, আপনি যেমন বাসায় সবাইকে প্রশ্ন করতে করতে বিরক্ত করেন, আমিও সবাইকে কিছুক্ষণ পরপর জোর করে বিরতিতে পাঠিয়ে দিই।”

তাহসানের চিরযৌবনের রহস্য নিয়ে প্রশ্ন করা হয়। জাস্টিন বিবার বা কোরিয়ান ব্যান্ড বিটিএস-এর চেয়েও তাঁর ফ্যানবেজে ‘আপু’দের সংখ্যা বেশি বলে দাবি করা হয়। এই রহস্য কি কোনো জাদুর ওষুধ নাকি এডিটিং সফটওয়্যারের কারসাজি?

তাহসান একে ডাহা মিথ্যা কথা বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “ডাহা মিথ্যা কথা। গান আর অভিনয় থেকে বিরতি নিয়েছি বছর কয়েক হলো। এর মধ্যেই ভক্তসংখ্যা কমে ১৫০–এ নেমেছে। এখন সাদা চুল-দাড়ি নিয়ে বাইরে রিকশায় ঘুরি। অটোগ্রাফ-ছবি তো দূরের কথা, কেউ চিনতেই পারে না! বেশ উপভোগ্য এই সময়টা।”

গান, অভিনয়, শিক্ষকতা এবং লেখালেখির পর এখন কি মহাকাশে যাওয়ার পালা? নাসা যদি তাঁকে মঙ্গলে যাওয়ার প্রস্তাব দেয়, তবে কি সেখানে গিয়ে নতুন অ্যালবামের গান লিখবেন?

এই প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে তিনি বলেন, “ভারত আর পাকিস্তানে একটাও কনসার্ট করলাম না, আর আপনি আসছেন মঙ্গলগ্রহ নিয়ে! কিসব প্রশ্ন যে করেন! আগে হিন্দি ও উর্দু ভাষায় কিছু হিট গান বানাই। তারপর মঙ্গল গ্রহের চিন্তা।”

সবশেষে রসালাপের পাঠকদের জন্য এমন কিছু বলতে অনুরোধ করা হয়, যা শুনে কেউ কাঁদবে না বরং হাসবে।

তাহসান বলেন, “খুব মজা নিচ্ছেন আমার করুণ গানগুলো নিয়ে, না? শোনেন, কাঁদতে পারাটা একটা আশীর্বাদ। যেদিন অনুভূতি সব ভোঁতা হয়ে যাবে, সেদিন বুঝবেন, কাঁদতে পারা কী প্রশান্তির! হাসতে চাইলে স্ট্যান্ডআপ কমেডি শোতে যান। রস‍+আলো পড়া বন্ধ করে রসকদম্ব মিষ্টিও খেতে পারেন!”

[উল্লেখ্য যে, এই সাক্ষাৎকারটি কাল্পনিক নয়।]