রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১২ কেজির সিলিন্ডার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ নভেম্বর এই সিলিন্ডারের দাম নির্ধারণ করে ২,০৬০ টাকা। কিন্তু বাজারে এটি বিক্রি হচ্ছে ২,৩০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। এলপিজির দাম নির্ধারণের সময় আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতা—সবার কমিশন বাড়ানো হলেও নির্ধারিত দামে রান্নার গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। ঢাকার বাজারে কোথাও ১২ কেজির সিলিন্ডার কিনতে অন্তত ৩০০ টাকা বাড়তি দাম দিতে হচ্ছে, আবার কোথাও এই বাড়তি দামের পরিমাণ ৪৪০ টাকা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে বিভিন্ন বাজারেও নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নেওয়া হচ্ছে।
বিইআরসি ২ নভেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করার পর গত শনিবার ঢাকার বিভিন্ন এলাকার ১৫টি এলপিজি দোকান ঘুরে দেখা গেছে, ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এছাড়া ৪৫ কেজির সিলিন্ডারের ক্ষেত্রেও ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা বাড়তি নেওয়া হচ্ছে। যারা সরাসরি আমদানি না করে অন্যদের থেকে গ্যাস কিনছে, তারাই মূলত বাজারে বেশি দামে বিক্রি করছে বলে জানা গেছে। বিইআরসি এই বিষয়টি খতিয়ে দেখছে।
নতুন দাম নির্ধারণের সময় ১২ কেজির সিলিন্ডার আমদানিকারকদের মজুত ও বোতলজাত করার খরচ বাবদ কমিশন প্রায় ৮২ টাকা বাড়ানো হয়েছে। পরিবেশকদের কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে। তবে পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের দাবি, এই বর্ধিত কমিশনে তাঁদের প্রকৃত খরচ উঠছে না।
বাড়তি দামের বিষয়ে শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তারা এলপিজির সরবরাহ বাড়িয়েছে এবং যারা বাড়তি দাম নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে পরিবেশকদের অভিযোগ, বাজারে সরবরাহে ঘাটতি রয়েছে এবং কিছু কোম্পানি নিজেই বাড়তি দাম নিচ্ছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ মুক্তকণ্ঠকে বলেন, “বাড়তি দামে বিক্রির অভিযোগ আছে, এটা নিয়ে কাজ করা হচ্ছে। শিল্পে এলপিজির ব্যবহার কতটা বেড়েছে, তা যাচাই করা হচ্ছে। কমিশনের দুজন সদস্য মাঠপর্যায়ে যাচ্ছেন। যারা আমদানি না করে অন্যদের থেকে কিনছে, তারাই মূলত বাজারে বেশি দামে বিক্রি করছে। এটা নিয়েও কাজ করছে বিইআরসি।”
দেশে এক কোটির বেশি গ্রাহক এলপিজি ব্যবহার করেন, যার মধ্যে ৮০ শতাংশ ব্যবহৃত হয় গৃহস্থালি রান্নার কাজে। বাসায় গ্যাস-সংযোগ বন্ধ থাকায় ২০১৫ সাল থেকে দেশে এলপিজির চাহিদা ব্যাপক হারে বাড়তে থাকে। বর্তমানে বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি। এই খাতের প্রায় ৯৯ শতাংশ বেসরকারি খাতের দখলে, যারা আমদানি করে সরবরাহ করে। বাকি ১ শতাংশ সরকারি কোম্পানি দেশে উৎপাদন করে সরবরাহ করে।
এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশ (লোয়াব) ও বিইআরসি সূত্র অনুযায়ী, গত আগস্টে এলপিজি আমদানি হয়েছে ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন, সেপ্টেম্বরে ১ লাখ ৫৬ হাজার টন এবং অক্টোবরে আমদানি হয়েছে ১ লাখ ৪২ হাজার টনের কম। তবে ৪ নভেম্বরের মধ্যেই আরও ৪০ হাজার ২০০ টন এলপিজি দেশে এসেছে। বাড়তি দামে এলপিজি বিক্রি না করতে বিভিন্ন সময় পরিবেশকদের সতর্ক করেছে লোয়াব।
কিছু আমদানিকারকের দাবি, বিশ্ববাজারে এলপিজির ঘাটতি রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ প্রায় বন্ধ এবং আফ্রিকার দেশগুলো থেকে নামমাত্র এলপিজি পাওয়া যাচ্ছে। বর্তমানে অধিকাংশ এলপিজি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা হচ্ছে, যা বেশি দামে কিনতে হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আনতে জাহাজ ভাড়াতেও খরচ বেড়েছে। দেশে খুব বেশি মজুত করে রাখার মতো অবকাঠামো নেই এবং মজুত করার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ থেমে গেলে বড় ধরনের লোকসানের ঝুঁকি থাকে।
মেঘনা ফ্রেশ এলপিজি কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা মুক্তকণ্ঠকে বলেন, “মেঘনার ৪টি প্ল্যান্ট থেকে সর্বোচ্চ সক্ষমতায় এলপিজি সরবরাহ করে হচ্ছে। যারা আমদানি করতে পারছে না, তাদেরও সরবরাহ করা হচ্ছে। তাই বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকা উচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো উচিত বাজারে।”
লোয়াবের সাবেক সভাপতি আজম জে চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “চলমান বৈশ্বিক পরিস্থিতিতে দামের চেয়ে এলপিজির সরবরাহ নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাড়তি দামে আমদানি করেও বিইআরসির নির্ধারিত দামে সরবরাহ করা হচ্ছে। এলপিজির দাম বাড়লে ভোক্তা কমবে, যা অপারেটররা চান না। তবে যত্রতত্র দোকানে যে যার মতো এলপিজি বিক্রি করছে। এটা ঠেকাতে নজরদারি নিশ্চিত করা দরকার।”
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি সূত্র বলছে, আমদানিকারকদের যে সুবিধা দেওয়া হয়েছে, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের তা বিইআরসি দেয়নি। কমিশন বাড়ানো হয়েছে চাহিদার চেয়ে কম এবং বাজারে সরবরাহ এখনো বাড়েনি। কোম্পানির প্ল্যান্টে ট্রাকের দীর্ঘ অপেক্ষার কারণে খরচ বাড়ছে। কিছু কোম্পানি বাড়তি দাম নিচ্ছে বলে অভিযোগ।
সমিতির কোষাধ্যক্ষ আবু তাহের কোরেশী মুক্তকণ্ঠকে বলেন, “বিইআরসি নির্ধারিত কমিশনে ঢাকার বাইরে দেওয়া গেলেও ঢাকার মধ্যে কোনোভাবেই সরবরাহ করা সম্ভব নয়। পরিবহন খরচ অনেক বেশি। তাই নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না পরিবেশকেরা।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও সরকারি দরের চেয়ে বাড়তি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির বিষয়টি অবগত। অধিদপ্তরের মহাপরিচালক মো. জহিরুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “বাড়তি দামের তথ্য আমাদের কাছে আসছে। অনেক সময় একটু গোপনে রেখে বিক্রি করে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অভিযান চালিয়ে জরিমানাও করা হয়েছে। গত বৃহস্পতিবারও অভিযান চালানো হয়েছে, আগামীকালও এটা চলবে।”
মিরপুরের শেওড়াপাড়া এবং উত্তরা ১২ নম্বর সেক্টরের ৮টি খুচরা দোকান ও ৪টি ডিলার পয়েন্ট ঘুরে দেখা গেছে, সব দোকানে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায় সিলিন্ডার বিক্রি হচ্ছে। তবে অনেক বিক্রেতা পরিচিত ক্রেতা ছাড়া অন্যদের কাছে গ্যাস বিক্রি করতে চাইছেন না। তাঁরা ভয় পাচ্ছেন যে সাংবাদিক বা ভোক্তা অধিকারের কেউ চলে আসতে পারেন, তাই ক্রেতারা এলে বলছেন গ্যাস নেই।
মিরপুরের ৬০ ফিট এলাকায় মো. সায়েম নামের এক দোকানি প্রথমে গ্যাস নেই বলে জানালেও, দুই ঘণ্টা পর ফোনে নাম-পরিচয় ও বাসার অবস্থান নিশ্চিত হয়ে ২ হাজার ৫০০ টাকায় গ্যাস দিতে রাজি হন। উত্তরা ১২ নম্বর সেক্টরে আসাদুল্লাহ নূর নামের এক খুচরা বিক্রেতা ২ হাজার ৪০০ টাকায় সিলিন্ডার বিক্রি করছেন বলে জানান, যদিও তিনি নিজেই তা ২ হাজার ২৫০ টাকায় কিনেছেন বলে দাবি করেন।
ঢাকার বাইরে পাঁচটি উপজেলার বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ২৪০ টাকা বেশি দরে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়, রাজশাহীর বাগমারা এলাকায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় এবং পটুয়াখালীর বাউফলে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। টাঙ্গাইলের সখীপুরের দোকানে কেউ ২ হাজার ২০০ টাকা আবার কেউ ২ হাজার ৩০০ টাকা নিচ্ছেন।
সখীপুরের ডিলার জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর তালুকদার মুক্তকণ্ঠকে বলেন, “কোম্পানি চাহিদা মোতাবেক গ্যাস দিতে পারছে না। এ মাসে এখনো গ্যাস দেয়নি। এর ফলে বাজারে গ্যাসের সাময়িক সংকট দেখা দিয়েছে।”
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ, গাছতলা, ধর্মপাশা, জয়শ্রী বাজারসহ বিভিন্ন হাটে ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। উপজেলা সদরের ধর্মপাশা পূর্ববাজারের পরিবেশক হাজি ট্রেডার্সের রফিকুল ইসলাম জানান, খুচরা ব্যবসায়ীদের কাছে ২ হাজার ২০ থেকে ৩০ টাকায় সরবরাহ করা হচ্ছে।
আশপাশের দেশগুলোর মধ্যে এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে। গত ৭ অক্টোবর মুক্তকণ্ঠতে প্রকাশিত ‘এলপিজির দাম বাংলাদেশে বেশি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, কলকাতার চেয়ে দেশে এলপিজির দাম দ্বিগুণের বেশি। ভারত সরকারি সংস্থার মাধ্যমে এলপিজি বিক্রি করে এবং ভর্তুকি দেয়। পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাতেও দাম বাংলাদেশের চেয়ে কম। গত জানুয়ারিতে বিপিসি এলপিজি আমদানির অনুমতি পেলেও এখন পর্যন্ত তারা আমদানি করতে পারেনি।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম মুক্তকণ্ঠকে বলেন, “তাড়াহুড়া করে বাড়তি দাম নির্ধারণ করে দিয়ে বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছে বিইআরসি। এরপর আবার বাড়তি দামে বিক্রি করে ভোক্তার কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। অথচ রাষ্ট্র নীরব, এর প্রতিকার জ্বালানি খাতের প্রশাসনে অনুপস্থিত। এটি গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করে।”