মঞ্চে একের পর এক জনপ্রিয় গানের মূর্ছনা, আর সামনে উচ্ছ্বসিত শ্রোতাদের উপচে পড়া ভিড়। কেউ এসেছেন বন্ধুদের সাথে, কেউবা পরিবারের সদস্যদের নিয়ে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয় ব্যান্ডসংগীতপ্রেমীদের এক বিশাল মিলনমেলায়। দিনভর বিভিন্ন ব্যান্ডের জমজমাট পরিবেশনার পর রাত ১০টায় মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। তাঁর কণ্ঠে প্রথম গান হিসেবে শোনা যায় ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিয়ো না’।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনে সহযোগিতার ভূমিকা পালন করেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এই মেগা ইভেন্টে অংশ নিয়েছে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড—নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স।

দুপুরের পর থেকেই কনসার্ট প্রাঙ্গণে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রিয় ব্যান্ডের গান শোনার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতারা এখানে এসে ভিড় করেন। বিএনপির র‍্যালি শেষ হওয়ার পর দর্শক সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পায়। তরুণ প্রজন্মের পাশাপাশি সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

বেলা সাড়ে তিনটায় মেকানিক্স ব্যান্ডের পরিবেশনার মাধ্যমে কনসার্টের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রায় ৪০ মিনিটের এই পারফরম্যান্সে ৫টি গান পরিবেশন করে ব্যান্ডটি। দেশাত্মবোধক গান ‘অপরাজেয়’ দিয়ে তারা তাদের পরিবেশনা শুরু করে। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গায় ‘নিয়তি’। এরপর একে একে পরিবেশিত হয় ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ ও ‘বিস্ময়’। পরিবেশনা শেষে মেকানিক্সের দলনেতা ও কণ্ঠশিল্পী আফতাবুজ্জামান ত্রিদিব মুক্তকণ্ঠকে বলেন, ‘মেকানিক্স সব সময় চায় গানের মাধ্যমে মানুষ যেন অনুপ্রাণিত হয়। আমরা মানুষের কথা, প্রতিবাদের কথা বলতে চাই। সমাজের নানা অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে গানের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদ জানিয়ে যেতে চাই।’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস প্রসঙ্গে ত্রিদিব জানান, সংগ্রামের দিনগুলোকে স্মরণ করে ইতিবাচক কিছু অর্জনে অনুপ্রাণিত হওয়াই তাঁদের মূল প্রত্যাশা।

মেকানিক্সের পর মঞ্চের নিয়ন্ত্রণ নেয় শিরোনামহীন। ‘পাখি’ গানটি দিয়ে তারা পরিবেশনা শুরু করে। এরপর কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘দুর্গম গিরি কান্তার-মরু’ পরিবেশন করে ব্যান্ডটি। একে একে ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসিমুখ’ গানের মাধ্যমে শ্রোতাদের মাতায় তারা। শিরোনামহীনের দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে সহযোগিতা করছে বামবা। নিজেদের আয়োজন বলে এর আনন্দ ও পরিবেশও আলাদা। শৃঙ্খলার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজনের সফলতা কামনা করেন তিনি।

শিরোনামহীনের পর মঞ্চে পরিবেশনা করে আর্টসেল ও ফিডব্যাক। ফিডব্যাক তাদের পরিবেশনা শুরু করে ‘সে কি তুমি’ গানটি দিয়ে। সাত ব্যান্ডের এই মহোৎসবে ওয়ারফেজের পরিবেশনাও ছিল অন্যতম আকর্ষণ। অন্যদিকে মাইলসের পরিবেশনায় উঠে আসে তাদের জনপ্রিয় একগুচ্ছ গান। তারা ‘জ্বালা জ্বালা’, ‘চাঁদ তারা’, ‘পিয়াসী মন’, ‘সে কোন দরদিয়া’, ‘নীলা’, ‘ধিকিধিকি’ ও ‘ফিরিয়ে দাও’ গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করে।

একের পর এক ব্যান্ডের গান চললেও বিপুল সংখ্যক শ্রোতার দীর্ঘ অপেক্ষা ছিল জেমসকে ঘিরে। রাত সাড়ে নয়টা হয়ে গেলেও প্রিয় শিল্পীর মঞ্চে ওঠার অপেক্ষায় ছিলেন তারা। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত ১০টায় মঞ্চে ওঠেন জেমস।

আয়োজনের পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে বামবার সহসভাপতি এবং ওয়ারফেজের শেখ মনিরুল আলম বলেন, উন্মুক্ত স্থানে এত বড় আয়োজনে বিপুল দর্শক সামলানো চ্যালেঞ্জের। ব্যান্ড নির্বাচন থেকে সাউন্ড, লাইট, মঞ্চের কারিগরি ব্যবস্থা ও নিরাপত্তা—প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার চেষ্টা করেন তাঁরা। শ্রোতারা যেন উৎসবের আমেজে আনন্দের সঙ্গে গান উপভোগ করতে পারেন, সেটিই তাঁদের লক্ষ্য।

আয়োজনের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘মানুষকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন।’ তিনি আরও জানান, মানুষ যেন আনন্দের মধ্য দিয়ে বিপ্লবের চেতনাকে ধারণ করতে পারে, সে জন্য জেলার শিল্পকলা একাডেমিগুলোতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কনসার্ট ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত পুলিশ সদস্যরা।