সাম্প্রতিক সময়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এর আগে এমন বিশাল জনসমাগম দেখা যায়নি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে আয়োজিত হয়েছিল ‘কনসার্ট ফর সলিডারিটি’। এই সংগীত আয়োজন দেখতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা খামারবাড়ি মোড় ছাড়িয়ে ফার্মগেট মেট্রো স্টেশন পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে।
গতকাল শনিবার দুপুর থেকেই এই কনসার্ট ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ভিড় জমতে শুরু করে। প্রিয় ব্যান্ডের গান শোনার তীব্র আকাঙ্ক্ষায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য তরুণ-তরুণী। বেলা সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সংগীত উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে ওঠে হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স। প্রায় ৪০ মিনিটের এক জমজমাট পরিবেশনায় তারা মোট পাঁচটি গান পরিবেশন করে। তাদের পরিবেশনার শুরু হয় ‘অপরাজেয়’ গানটি দিয়ে। এরপর প্রয়াত ও সাবেক সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা গেয়ে শোনায় ‘নিয়তি’। পাশাপাশি ‘ছিন্ন পৃষ্ঠা’, ‘শুভ্র শহর’ এবং তাদের প্রথম অ্যালবামের সুপারহিট গান ‘বিস্ময়’ গেয়ে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করে ব্যান্ডটি।
মেকানিক্সের পর মঞ্চের দখল নেয় ব্যান্ড শিরোনামহীন। তারা তাদের জনপ্রিয় গান ‘পাখি’ পরিবেশন করে। এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ‘দুর্গম গিরি কান্তার-মরু’ গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে তারা। এছাড়া ‘মা’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘এই অবেলায়’ ও ‘আবার হাসি’ গানগুলো পরিবেশন করা হয়। শিরোনামহীনের ‘এই অবেলায়’ গানের সুরের মূর্ছণায় মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সমবেত হাজারো দর্শক যখন কণ্ঠ মিলিয়ে গান গেয়ে ওঠেন, তখন সেখানে এক অনন্য উন্মাদনা সৃষ্টি হয়।
শিরোনামহীনের পর পর্যায়ক্রমে মঞ্চে আসে আর্টসেল ও ফিডব্যাক। ওয়ারফেজের পরিবেশনা শুরু হয় ‘হারিয়ে তোমাকে’ গানটি দিয়ে। এরপর একে একে তারা পরিবেশন করে ‘অসামাজিক’, ‘তোমাকে’, ‘জাত গেল’, ‘মহারাজ’, ‘পূর্ণতা’ ও ‘বসে আছি একা’। এরপর মঞ্চে ওঠে মাইলস। তাদের পরিবেশনা শুরু হয় ‘জ্বালা জ্বালা’ গানটি দিয়ে এবং শেষ হয় ‘ফিরিয়ে দাও’ গানের মাধ্যমে।
রাত ১০টায় মঞ্চে উপস্থিত হন পুরো আয়োজনের মূল আকর্ষণ নগরবাউল জেমস। মঞ্চে উঠেই তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, “শুভরাত্রি ঢাকা, আই লাভ ইউ”। তাঁর পরিবেশনা শুরু হয় ‘কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে’ গানটি দিয়ে। এরপর তিনি পর্যায়ক্রমে ‘দিওয়ানা’, ‘গুরু’, ‘মা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘বাংলাদেশ’, ‘মীরা বাঈ’, ‘তারায় তারায়’ এবং ‘পাগলা হাওয়া’ গানগুলো পরিবেশন করেন। সবশেষে ‘ভিগি ভিগি’ গানের মাধ্যমে কনসার্টের সমাপ্তি ঘটে। গানের বিরতিতে জেমস শ্রোতাদের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে বারবার বলেন, “তোমারা আমার জান, তোমরা আমার প্রাণ”।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্যসচিব জুবায়ের আহমেদ বাবু। এরপর বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। তিনি বলেন, “সবাইকে আনন্দ দিতেই আমাদের এ আয়োজন। পাশাপাশি মানুষের মধ্যে বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ছড়িয়ে পড়ুক, সেটিও আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “ভঙ্গুর একটি দেশকে আমরা টেনে তোলার চেষ্টা করছি। জনগণের ভোটে জয়ী হয়ে আমরা সরকার গঠন করেছি, আমরা হেরে যেতে আসিনি, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব। বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”