আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ১৯৯৫ সাল থেকে এই ঐতিহ্যবাহী মেলাটি আয়োজিত হয়ে আসছে। দীর্ঘ সময় ধরে আগারগাঁওয়ে এই আয়োজন করা হলেও, ২০২২ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে এই মেলা আয়োজন করে আসছে।

২০২৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। ইপিবি সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাসব্যাপী এই মেলা আয়োজনের লক্ষ্যে গত ২৯ অক্টোবর ছয়টি ভিন্ন খাতে পণ্য সরবরাহ, সেবা এবং অবকাঠামোগত কাজের জন্য দরপত্র আহ্বান করেছে ইপিবি। এই দরপত্রের আওতায় মেলার অবকাঠামো নির্মাণ, সাজসজ্জা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রচার-প্রচারণার কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মঙ্গলবার থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে ইপিবি। দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত হয়েছে ১৭ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। এরপর ১৮ নভেম্বর বেলা ১১টায় দরদাতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দরপত্র খোলা হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ গতকাল বুধবার মুক্তকণ্ঠকে বলেন, ‘এবারের মেলায় বিদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে আমরা জুম প্ল্যাটফর্মে বৈঠক করেছি। চিঠিও দিয়েছি তাদের। এবার বিদেশি প্রতিষ্ঠানগুলোর ভালো সাড়া পড়বে বলে আমরা বিশ্বাস করি।’

উল্লেখ্য, প্রতিবছর বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একটি নির্দিষ্ট পণ্যকে ‘বর্ষপণ্য’ বা ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়। ২০২৬ সালের জন্য পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্যটি বর্ষপণ্য নির্বাচিত হয়েছিল। এবারের বর্ষপণ্য ঠিক করা হয়েছে কি না, তা জানতে চাইলে ইপিবি ভাইস চেয়ারম্যান জানান, এখনো তা চূড়ান্ত হয়নি, তবে এ বিষয়ে কাজ চলছে।

মেলার যাবতীয় কাজকে ছয়টি লটে ভাগ করা হয়েছে। প্রথম লটের আওতায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন ও সংশ্লিষ্ট সরবরাহ। এর মধ্যে আমন্ত্রণপত্র, স্মারকগ্রন্থ, গাড়ির স্টিকার, ভিআইপি ও সাধারণ পাস, ফোল্ডার, লেটারহেডসহ বিভিন্ন সামগ্রীর নকশা, মুদ্রণ ও সরবরাহ করার কাজ রয়েছে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সচিবালয়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক, সড়কদ্বীপ, চত্বর ও ফুটওভারব্রিজে সাজসজ্জা ও প্রচারসামগ্রী স্থাপন করতে হবে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ, আসনব্যবস্থা, আলোকসজ্জা, সাজসজ্জা, স্থিরচিত্র ও ভিডিও ধারণের কাজ এবং দেশি-বিদেশি অতিথিদের জন্য উপহারসামগ্রী সরবরাহের কাজও এই লটের অন্তর্ভুক্ত।

দ্বিতীয় লটে রাখা হয়েছে মেলার মূল অবকাঠামো নির্মাণ ও সাজসজ্জার কাজ। এর আওতায় প্রদর্শনী হলের ভেতরে ও বাইরে স্টল, প্যাভিলিয়ন, খাবারের দোকান, বিভিন্ন বুথ এবং অস্থায়ী নামাজের স্থান নির্মাণ করা হবে। পাশাপাশি মেলা সচিবালয়ের সাজসজ্জা, টেবিল-চেয়ার সরবরাহ এবং সীমানাপ্রাচীর টিন দিয়ে আবৃত করার কাজ রয়েছে। বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রচার এবং ইপিবির কার্যক্রম তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনী স্থাপনা নির্মাণের পরিকল্পনাও রয়েছে এই লটে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে ‘সবার আগে বাংলাদেশ’ গ্যালারি বা প্যাভিলিয়ন নির্মাণ করা হবে। এছাড়া জ্যেষ্ঠ নাগরিকদের বসার জায়গা, কফি কর্নার ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ এবং মেলার প্রধান ও ভিআইপি ফটক নির্মাণসহ পুরো প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার কাজ এই লটের আওতায় থাকবে।

তৃতীয় লটে রয়েছে মেলা চলাকালীন প্রদর্শনী হল, টয়লেট, উন্মুক্ত প্রাঙ্গণ, সামনের সড়ক ও গাড়ি পার্কিং এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। আবর্জনা সংগ্রহ ও অপসারণের পাশাপাশি প্রয়োজনীয় বর্জ্যের ঝুড়ি সরবরাহ করতে হবে। চতুর্থ লটে মেলার প্রচারের জন্য প্রামাণ্যচিত্র, প্রচারমূলক ভিডিও, টেলিভিশন বিজ্ঞাপন ও অন্যান্য ডিজিটাল কনটেন্ট তৈরি এবং সরবরাহের কাজ রাখা হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ বিভিন্ন মাধ্যমে অর্থের বিনিময়ে প্রচার চালাতে হবে এবং প্রচারের ফলাফলের পাশাপাশি পরিসংখ্যান ইপিবিকে প্রদান করতে হবে।

পঞ্চম লটে মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার কাজ রাখা হয়েছে। এর জন্য প্রশিক্ষিত বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পরিচালনা, আর্চওয়ে ও হাতে বহনযোগ্য ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র স্থাপন এবং যানবাহন তল্লাশির সরঞ্জাম সরবরাহ করতে হবে। ষষ্ঠ লটে রয়েছে সমাপনী অনুষ্ঠান আয়োজনের কাজ। এর মধ্যে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা, এলইডি পর্দা, ছবি ও ভিডিও ধারণ, আমন্ত্রণপত্র তৈরি এবং সেরা প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁর জন্য ট্রফি ও সনদ সরবরাহের কাজ অন্তর্ভুক্ত।

ইপিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি লটের জন্য আলাদা দরপত্র জমা দিতে হবে। দরপত্রের কাগজপত্র ইপিবির প্রশাসন শাখা, টিসিবি ভবন, কাওরান বাজার থেকে সংগ্রহ করা যাবে। প্রতিটি লটের দরপত্র দলিলের মূল্য এক হাজার টাকা, যা ফেরতযোগ্য নয়। দরপত্র জমা দেওয়ার ঠিকানা ইপিবির প্রশাসন শাখা। আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই যেকোনো দরপত্র বা সব দরপত্র বাতিল করতে পারবে।

এদিকে, মেলা থেকে ‘ঢাকা’ শব্দ বাদ দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২৫ সালের ১৮ আগস্ট অনুষ্ঠিত ইপিবির ১৪৮তম পরিচালনা পর্ষদের বৈঠকে ডিআইটিএফের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের তৎকালীন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, এ বছর থেকে ডিআইটিএফের নাম হবে ঢাকা বাণিজ্য মেলা (ডিটিএফ)। অর্থাৎ মেলার নাম থেকে ‘আন্তর্জাতিক’ শব্দটি বাদ যাবে।

নাম পরিবর্তনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা নিয়ে ডিআইটিএফ আয়োজনের লক্ষ্য ছিল বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং স্থানীয় বাজারের সঙ্গে তাদের পরিচিত করানো। আরও বলা হয়েছিল, অনেক বিদেশি প্রতিষ্ঠান দূতাবাস বা সরকারি প্রতিনিধিদলের মাধ্যমে অংশগ্রহণ না করে স্থানীয় এজেন্ট বা ব্যক্তির মাধ্যমে অংশ নিচ্ছে। ফলে পণ্য ও সেবার মান যাচাই করা যাচ্ছে না। অনেক সময় মানহীন বা স্থানীয়ভাবে বিদেশি ব্র্যান্ড নামেও উপস্থাপন করা হচ্ছে। বিদেশি ব্র্যান্ড বা উৎপাদকেরা সরাসরি না থাকায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং প্রদর্শনীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তবে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে।

অন্যদিকে, ব্যবসায়ীদের অভিযোগ যে ডিআইটিএফে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ কম থাকে এবং বিদেশি ক্রেতা ও আমদানিকারকদের উপস্থিতি প্রত্যাশিত পর্যায়ে থাকে না। একই ধরনের পণ্যের অসংখ্য স্টল থাকলেও নতুন ও উদ্ভাবনী পণ্যের প্রদর্শনী কম হয়। ফলে এই মেলা আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তে স্থানীয় কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়।

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান মুক্তকণ্ঠকে বলেন, “ডিআইটিএফ নামেই আন্তর্জাতিক। এখানে প্রতিবছর অনেক স্টল বসে, মানুষ কেনাকাটা করে। বলা যায়, এ মেলা অনেকটা সংস্কৃতির অংশ হয়ে গেছে। ফলে চলতে থাকুক।”

ডিআইটিএফ নিয়ে কোনো পরামর্শ আছে কি না, তা জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, “এ মেলা থেকে সামান্য যেসব রপ্তানি আদেশ আসে, তা থেকে রপ্তানি কতটুকু হয় চিন্তার বিষয়। দায়িত্বে থাকলে মেলাটিকে আন্তর্জাতিক রূপ দিতে বৈচিত্র্যপূর্ণ রপ্তানি পণ্য উৎপাদকদের বিনা মূল্যে এখানে বসতে দিতাম।”