নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় যোগ্য সকল আবেদনকারীর নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। আজ শনিবার নদীয়া জেলায় একটি কালীপূজা প্যান্ডেলের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের অসহযোগিতার কারণে প্রায় আড়াই লাখ আবেদন এখনো অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে।
বিজেপির দাবি, সীমান্তবর্তী জেলা নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় কথিত বাংলাদেশ থেকে আসা বিপুল সংখ্যক মানুষের বসবাস রয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “কেবল এই দুটি জেলাতেই প্রায় আড়াই লাখ আবেদন বিবেচনাধীন।” তবে তিনি আশ্বস্ত করে জানান যে, কোনো যোগ্য আবেদনকারী নাগরিকত্বের সুযোগ থেকে বঞ্চিত হবেন না। তিনি আরও বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁদের হাতে নাগরিকত্ব সনদ তুলে দেওয়া হবে।”
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে তাঁর প্রশাসন ইতিমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে। স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা শাসকদের (ডিএম) প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মাঠপর্যায়ে সব আবেদন যাচাই এবং এ সংক্রান্ত গণশুনানির তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা শাসকদের (এসডিও)।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পার্লামেন্টে সিএএ বিল পাস হয়। এই আইনের বিধান অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের নাগরিকত্ব দেওয়া হবে, তবে মুসলিমদের এই তালিকায় রাখা হয়নি। আইনটি পাসের পর পশ্চিমবঙ্গে ব্যাপক বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ৬ মার্চ কেন্দ্র সরকার এই আইনের বিধিমালা বিজ্ঞপ্তি আকারে প্রকাশের মাধ্যমে তা কার্যকর করে। বিশেষ করে নদীয়া ও উত্তর ২৪ পরগনার মতুয়া সম্প্রদায়ের কাছে এই নাগরিকত্বের বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়।
অন্যদিকে, সিএএবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাগুলো পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে বর্তমান প্রশাসন। এই তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য ২০২৬ সালের জুন মাসে পুলিশের একটি বিশেষ সেল গঠন করা হয়েছে।