যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার অল্প সময়ের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামক একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি (পিএসি) গঠন করেছেন আবদুল আল-সাইয়েদ। মূলত নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচারণার উদ্দেশ্যে অর্থ সংগ্রহ ও ব্যয় করার জন্য এই ধরনের সংগঠনগুলো কাজ করে থাকে।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে (এফইসি) দাখিল করা নথিপত্রে দেখা গেছে, আবদুল আল-সাইয়েদের পৃষ্ঠপোষকতায় ‘হাবিবি পিএসি’ নামের এই রাজনৈতিক অ্যাকশন কমিটিটি নিবন্ধিত হয়েছে। উল্লেখ্য যে, এই ধরনের কমিটি কোনো রাজনীতিকের ব্যক্তিগত নির্বাচনী প্রচার কমিটির চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।

আরবি শব্দ ‘হাবিবি’র অর্থ হলো প্রিয় বা ভালোবাসার মানুষ। নির্বাচনী প্রচারণার সময় আল-সাইয়েদ শব্দটি প্রায়ই ব্যবহার করে আসছিলেন। এমনকি ডেট্রয়েটে তাঁর বিজয়ী ভাষণের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উদ্দেশে তিনি সরাসরি বলেছিলেন, “জেডি, হাবিবি, ভাগ্যের কী নির্মম পরিহাস। আগামী জানুয়ারিতে সংবিধান অনুযায়ী তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।”

গত মঙ্গলবারের নির্বাচনের পর নবনির্বাচিত ডেমোক্র্যাটদের মধ্যে আরও কয়েকজন রাজনৈতিক অ্যাকশন কমিটি নিবন্ধন করেছেন। এফইসির নথি অনুযায়ী, তাঁদের তালিকায় রয়েছেন অ্যারিজোনার নবনির্বাচিত কংগ্রেস সদস্য আমিশ শাহ, আইওয়ার নবনির্বাচিত সিনেটর জশ তুরেক এবং নর্থ ক্যারোলাইনার নবনির্বাচিত সিনেটর রয় কুপার।

রাজনৈতিক অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের দেওয়া তথ্য অনুযায়ী, উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিকেরা সহকর্মীদের মাঝে নিজেদের প্রভাব বাড়ানোর লক্ষ্যে এ ধরনের রাজনৈতিক অ্যাকশন কমিটি ব্যবহার করে থাকেন। অন্য আইনপ্রণেতা, নিজ দল এবং বিভিন্ন রাজনৈতিক কমিটিকে অনুদান প্রদানের মাধ্যমে তাঁরা দলীয় নেতৃত্ব লাভ কিংবা গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান পদের দাবি শক্তিশালী করার চেষ্টা করেন।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই ধরনের কমিটিগুলো প্রার্থীদের মোট ৭৯ কোটি ৩০ লাখ ডলার অনুদান প্রদান করেছে। যার একটি বড় অংশ পেয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। তবে এককভাবে সবচেয়ে বেশি অর্থ প্রদান করেছে একটি ডেমোক্র্যাট পিএসি।

মিসরীয় অভিবাসী পরিবারের সন্তান আবদুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে সিনেটর নির্বাচিত হয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সিনেটর টেড ক্রুজ তাঁর দেশপ্রেম ও আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁরা তাঁকে “জিহাদি” বলে অভিহিত করেন এবং কোনো প্রমাণ ছাড়াই মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তাঁর যোগসূত্র থাকার অভিযোগ আনেন।

নির্বাচনের কয়েক দিন আগে আল-সাইয়েদ মত প্রকাশ করে বলেছিলেন, করদাতাদের অর্থ বিদেশি সরকারগুলোর পেছনে ব্যয় না করে দেশের মানুষের জীবন বাঁচাতে খরচ করা উচিত। তাঁর ভাষায়, “জাতিগত নিধন বা বর্ণবাদী ব্যবস্থা চালানো বিদেশি সরকারগুলোকে অর্থ দেওয়া বন্ধ করতে হবে।”

আল-সাইয়েদ আরও বলেছিলেন, “শুধু ট্রাম্পকে পরাজিত করলেই চলবে না। যে রাজনৈতিক ব্যবস্থা ট্রাম্পের মতো নেতাকে তৈরি করেছে, সেটিও বদলাতে হবে।”