খ্রিষ্টান ধর্মাবলম্বীদের কাছে নভেম্বরের প্রথম দুটি দিন অত্যন্ত আলাদা এবং বিশেষ অর্থ বহন করে। ১ নভেম্বর পালিত হয় 'অল সেন্টস ডে' এবং তার ঠিক পরদিন ২ নভেম্বর পালিত হয় 'অল সোলস ডে'। এই দুই দিনই মূলত পরকালের বিশ্বাস এবং প্রয়াত মানুষদের স্মরণের সাথে গভীরভাবে সম্পৃক্ত।
তবে দিন দুটির মূল উদ্দেশ্য এক নয়। প্রথম দিনটি উৎসর্গ করা হয় সাধুদের জন্য—যাঁরা গির্জার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাধু হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সেই সঙ্গে ইতিহাসে নাম না থাকা অসংখ্য পুণ্যবান মানুষও এই স্মরণের অন্তর্ভুক্ত। অন্যদিকে, দ্বিতীয় দিনটি সাধারণ মানুষের জন্য। এদিন প্রয়াত বাবা-মা, ভাইবোন, বন্ধু এবং প্রতিবেশীদের কথা স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার শান্তির জন্য জীবিত স্বজনরা প্রার্থনা করেন।
যিশুখ্রিষ্টের প্রদর্শিত পথ অনুসরণ করে যাঁরা পবিত্র জীবন অতিবাহিত করেছেন এবং বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ ও মানবসেবার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন, অল সেন্টস ডে-তে তাঁদের শ্রদ্ধা জানানো হয়। খ্রিষ্টানদের বার্ষিক ধর্মীয় উৎসবগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন।
এখানে ‘সাধু’ শব্দটির পরিধি বেশ বিস্তৃত। কেবল গির্জা কর্তৃক স্বীকৃত ব্যক্তিরাই নন, বরং ঈশ্বরে অটল বিশ্বাস রেখে যাঁরা নিঃশব্দে মানবকল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁরাও এই স্মরণের অংশ। ফলে সুপরিচিত সাধুদের পাশাপাশি সেই সব অখ্যাত মানুষদেরও স্মরণ করা হয়, যাঁদের নাম ইতিহাসের পাতায় লেখা হয়নি।
এই দিনটির উৎস খ্রিষ্টধর্মের আদিপর্বের সাথে যুক্ত। সেই সময়ে বিশ্বাসের কারণে যাঁরা চরম নির্যাতন সহ্য করেছেন এবং প্রাণ হারিয়েছেন, সেই শহীদদের স্মরণে আলাদা দিন পালনের রীতি ছিল। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলে সব সাধুকে একত্রে স্মরণ করার প্রথা গড়ে ওঠে।
অষ্টম শতকের কথা উল্লেখ করা যায়, যখন পোপ তৃতীয় গ্রেগরি রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সকল সাধুর সম্মানে একটি উপাসনাস্থল উৎসর্গ করেছিলেন। এরপর নবম শতকে পোপ চতুর্থ গ্রেগরির সময়ে ১ নভেম্বরের এই উৎসবটি সমগ্র পশ্চিমা গির্জায় ছড়িয়ে পড়ে।
এই বিশেষ দিনে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা ও উপাসনার আয়োজন করা হয়। সাধুদের জীবনদর্শন, তাঁদের গভীর বিশ্বাস এবং মানবজাতির জন্য তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো তাঁদের জীবন থেকে নিজেদের পথচলার জন্য অনুপ্রেরণা খুঁজে নেওয়া।
ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর ঈশ্বরের সাথে পূর্ণ মিলনের আগে অনেক আত্মাকে একটি পরিশুদ্ধির পর্যায় অতিক্রম করতে হয়। এই আধ্যাত্মিক অবস্থাকে বলা হয় ‘পারগেটরি’ বা শুদ্ধিলয়।
পরদিন ২ নভেম্বর পালিত হয় 'অল সোলস ডে'। এটি মূলত সকল প্রয়াত বিশ্বাসী এবং বিশেষ করে নিজের হারানো প্রিয়জনদের স্মরণ করার ও তাঁদের আত্মার শান্তি কামনার দিন। ক্যাথলিক ঐতিহ্যে এই দিনটির গুরুত্ব অপরিসীম।
ক্যাথলিক বিশ্বাস অনুযায়ী, মৃত্যুর পর ঈশ্বরের সঙ্গে পূর্ণ মিলনের আগে অনেক আত্মাকে পরিশুদ্ধির একটি পর্ব পার হতে হয়। এই আধ্যাত্মিক অবস্থাকে বলা হয় ‘পারগেটরি’ বা শুদ্ধিলয়। বিশ্বাস করা হয় যে, জীবিতদের আন্তরিক প্রার্থনা সেই অন্তর্বর্তীকালীন পর্যায়ে থাকা প্রয়াতদের সহায়ক হতে পারে—আর এই বিশ্বাস থেকেই অল সোলস ডের প্রার্থনার প্রচলন।
এই দিনটি পালনের ইতিহাসের সাথে ফ্রান্সের ক্লুনি মঠের অ্যাবট এবং বেনেডিক্টাইন সন্ন্যাসী সেন্ট ওডিলোর নাম বিশেষভাবে জড়িত। ৯৯৮ খ্রিষ্টাব্দে তিনি তাঁর অধীনস্থ মঠগুলোকে ২ নভেম্বর প্রয়াত বিশ্বাসীদের জন্য বিশেষ প্রার্থনা করার নির্দেশ দিয়েছিলেন। ধীরে ধীরে এই প্রথাটি সমগ্র ক্যাথলিক গির্জায় ছড়িয়ে পড়ে।
এদিন গির্জায় বিভিন্ন প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনেকে কবরস্থানে গিয়ে প্রিয়জনের কবরে ফুল উৎসর্গ করেন, মোমবাতি জ্বালান এবং নীরবতার সাথে তাঁদের স্মরণ করেন। প্রয়াতদের জন্য প্রার্থনা করাই এই দিনের প্রধান অনুশীলন।
দিন দুটি পাশাপাশি হলেও এদের সুর ও প্রকৃতি ভিন্ন। অল সেন্টস ডে হলো উদ্যাপনের দিন—যেখানে সাধু ও পুণ্যবান মানুষের জীবন, বিশ্বাস এবং অবদানের কথা বলা হয়। আর অল সোলস ডে হলো স্মরণ ও প্রার্থনার দিন—যা উৎসর্গ করা হয় প্রয়াত আত্মীয়স্বজন ও অন্যান্য বিশ্বাসীদের জন্য।
সহজভাবে বললে, প্রথম দিনটি পবিত্র জীবন এবং মানবসেবার আদর্শকে সামনে তুলে ধরে। আর দ্বিতীয় দিনটি মনে করিয়ে দেয় যে, মৃত্যু প্রিয় মানুষকে চোখের আড়াল করলেও ভালোবাসা এবং স্মৃতির বাঁধন কখনোই ছিন্ন হয় না।
অল সেন্টস ডে আমাদের শেখায় যে, বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ আর সেবার ভেতর দিয়ে একজন মানুষ অন্যের জীবনে দীর্ঘ ছাপ রেখে যেতে পারেন। অন্যদিকে অল সোলস ডে বলে, যাঁরা চলে গেছেন, তাঁদের মনে রাখা এবং তাঁদের প্রতি ভালোবাসা জানিয়ে যাওয়াও বেঁচে থাকারই একটি অংশ।
বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও অত্যন্ত ধর্মীয় মর্যাদায় এই দুই দিন পালন করে। গির্জাগুলোতে বিশেষ উপাসনা ও প্রার্থনার আয়োজন করা হয়। অনেক পরিবার কবরস্থানে গিয়ে প্রিয়জনের কবর পরিষ্কার করে, ফুল দেয় এবং মোমবাতি জ্বালায়। পরিবারের সবাই মিলে হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের স্মরণ করেন।
তবে সব খ্রিষ্টীয় সম্প্রদায়ের রীতি এক নয়। ক্যাথলিকদের কাছে অল সোলস ডের গুরুত্ব অনেক বেশি। অনেক প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় প্রয়াতদের স্মরণ করলেও তাঁরা ক্যাথলিক ধর্মতত্ত্বের ‘পারগেটরি’ বা শুদ্ধিলয়ের ধারণাটি মানেন না।
এই দুই দিন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জীবন, মৃত্যু, স্মৃতি এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক নিয়ে গভীরভাবে ভাবার সুযোগ তৈরি করে দেয়।
অল সেন্টস ডে বলে, বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ আর সেবার ভেতর দিয়ে একজন মানুষ অন্যের জীবনে দীর্ঘ ছাপ রেখে যেতে পারেন। অল সোলস ডে বলে, যাঁরা চলে গেছেন, তাঁদের মনে রাখা, তাঁদের প্রতি ভালোবাসা জানিয়ে যাওয়াও বেঁচে থাকারই অংশ।
জীবন ক্ষণস্থায়ী। কিন্তু মানুষের সৎ কাজ, ভালোবাসা এবং আদর্শ তাঁর চলে যাওয়ার পরও বেঁচে থাকে। নভেম্বরের এই দুই দিনের মূল বার্তা সম্ভবত এটাই।
—শ্যামল সরকার : লেখক ও সংবাদকর্মী