বিশ্বের ধর্মীয় জনসংখ্যার মানচিত্রে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক গবেষণা। জন্মহার, গড় বয়স, অভিবাসন এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তনের ফলে আগামী কয়েক বছরের মধ্যেই বদলে যেতে পারে এই মানচিত্র। গবেষণার পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যেই খ্রিষ্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা।
দীর্ঘ বহু শতাব্দী ধরে খ্রিষ্টধর্ম বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হিসেবে অবস্থান করছে। তবে পিউ রিসার্চ সেন্টারের নতুন এক পূর্বাভাসে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যেই সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যাবেন মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানের তথ্যানুসারে, খ্রিষ্টান ও মুসলিম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়ছে, তবে মুসলিমদের বৃদ্ধির গতি অনেক বেশি। বর্তমান এই প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি হবে, যেখানে খ্রিষ্টানদের সংখ্যা হবে ৩০০ কোটির কিছু কম।
এই পূর্বাভাসটি দেওয়া হয়েছে ‘দ্য ফিউচার অব ওয়ার্ল্ড রিলিজিয়নস: পপুলেশন গ্রোথ প্রজেকশনস, ২০২০–২০৭০’ শিরোনামের একটি গবেষণা প্রতিবেদনে। গত বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ১৭ খণ্ডের এই বিস্তারিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত মোট ৫০ বছরের একটি সময়সীমা ধরা হয়েছে। এতে সাতটি ধর্মীয় জনগোষ্ঠীর আকার ও ভৌগোলিক অবস্থানের সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। গোষ্ঠীগুলো হলো— মুসলিম, খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, অন্যান্য ধর্মের অনুসারী এবং যারা কোনো ধর্মের সঙ্গে নিজেদের যুক্ত করেন না। এই গবেষণায় বিশ্বের ৯৯ দশমিক ৯৮ শতাংশ মানুষের আবাসস্থল হিসেবে ২০১টি দেশ ও ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি লিখেছেন কনরাড হ্যাকেটসহ ছয়জন গবেষক।
গবেষণায় দেখা গেছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বৃদ্ধি পাবে। তবে সব ধর্মের অনুসারী সমান হারে বাড়বে না। খ্রিষ্টানদের সংখ্যা বাড়বে ৩০ শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বাড়বে ৮০ শতাংশ। বিপরীতে অমুসলিমদের বৃদ্ধির হার হবে মাত্র ১১ শতাংশ।
২০২০ সালে খ্রিষ্টান জনসংখ্যা ছিল প্রায় ২৩০ কোটি এবং মুসলিম ছিল ২০২ কোটি। মুসলিমরা বিশ্বের গড় হারের চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পাওয়ায় তাঁদের অনুপাত ২৬ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হবে। অন্যদিকে খ্রিষ্টানরা গড় হারে বৃদ্ধি পাওয়ায় তাঁদের অনুপাত ২৯ শতাংশেই স্থির থাকবে। হিন্দুদের সংখ্যা বাড়লেও মোট জনসংখ্যার অনুপাতে তাঁদের হার কমবে। ইহুদিদের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাবে এবং বৌদ্ধদের সংখ্যা ও অনুপাত—উভয়ই হ্রাস পাবে।
বাহাই, তাওবাদী, জৈন, শিখ ও লোকধর্মসহ অন্যান্য ধর্মের অনুসারীদের সংখ্যা সামান্য বাড়লেও মোট জনসংখ্যার অনুপাতে তাঁরা ২ শতাংশের নিচে নেমে আসবেন। যারা কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন, তাঁদের অনুপাতও ২৪ শতাংশ থেকে কমে ১৭ শতাংশে দাঁড়াবে।
আগামী দশকগুলোতে বিশ্বের ছয়টি প্রধান অঞ্চলের প্রতিটিতেই মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমদের হার বাড়বে। তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়া বাকি সব অঞ্চলে খ্রিষ্টানদের অনুপাত কমবে। ইউরোপে ধর্মহীন মানুষের হার এক-চতুর্থাংশ থেকে বেড়ে প্রায় এক-তৃতীয়াংশে পৌঁছাবে এবং মুসলিমদের হার ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধর্মীয় পরিচয়হীনদের ছাড়িয়ে মুসলিমরা বৃহত্তম গোষ্ঠী হয়ে উঠবেন এবং হিন্দুরা হবেন দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠী। উত্তর আমেরিকায় খ্রিষ্টানদের হার ৬৩ শতাংশ থেকে কমে ৪৬ শতাংশে নেমে আসায় অঞ্চলটি খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
দেশভিত্তিক পরিবর্তনের ক্ষেত্রে দেখা যায়, ২০২০ সালে ১৯৪টি দেশে কোনো না কোনো ধর্ম সংখ্যাগরিষ্ঠ (৫০ শতাংশ বা তার বেশি) ছিল, যা ২০৭০ সালে কমে ১৮৫টিতে দাঁড়াবে। খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ১২০টি থেকে কমে ১১০টিতে নামবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির মতো দেশগুলো আর খ্রিষ্টান সংখ্যাগরিষ্ঠ থাকবে না। অন্যদিকে আইভরি কোস্ট যুক্ত হওয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ৫৩টি থেকে বেড়ে ৫৪টিতে দাঁড়াবে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য যুক্ত হওয়ায় ধর্মহীন সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা বেড়ে হবে ১৩টি। এছাড়া মঙ্গোলিয়া ও লাওস বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের বাস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০২০ সালে এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ৪৫০ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি। বর্তমানে এ অঞ্চলের সবচেয়ে বড় গোষ্ঠী হলো ধর্মীয় পরিচয়হীনরা, যাদের সংখ্যা ২০২০ সালে ছিল প্রায় ১৫০ কোটি। ২০৭০ সালে তা কমে ১১০ কোটিতে দাঁড়াতে পারে, যার বড় কারণ চীনের জনসংখ্যা হ্রাস। অন্যদিকে, এ অঞ্চলে মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে। পিউয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে তাঁরা ধর্মীয় পরিচয়হীনদের ছাড়িয়ে এ অঞ্চলের বৃহত্তম জনগোষ্ঠী হয়ে উঠতে পারেন এবং ২০৭০ সালে তাঁদের সংখ্যা দাঁড়াতে পারে ১৮০ কোটিতে। ২০২০ সালের তুলনায় এটি প্রায় ৬১ কোটি ৯০ লাখ বেশি। এ অঞ্চলের শীর্ষ পাঁচটি মুসলিম প্রধান দেশের মধ্যে চারটিই হলো পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও বাংলাদেশ।
পিউয়ের গবেষণা বলছে, ২০৭০ সালে সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে পাকিস্তান। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। সাব-সাহারান আফ্রিকাতেও মুসলিমদের সংখ্যা দ্রুত বাড়বে। ২০২০ সালে এ অঞ্চলে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ৩৬ কোটি ৯০ লাখ, যা ২০৭০ সালে বেড়ে ৯৮ কোটিতে পৌঁছাতে পারে। ফলে এ অঞ্চলের মোট জনসংখ্যার মুসলিম অংশ ৩৩ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ হবে এবং খ্রিষ্টানদের অংশ ৬২ শতাংশ থেকে কমে ৫৯ শতাংশ হতে পারে।
২০৭০ সালে বিশ্বের এক-চতুর্থাংশের বেশি মানুষ আফ্রিকায় থাকবেন। উচ্চ জন্মহার ও গড় আয়ু বৃদ্ধির ফলে সেখানকার খ্রিষ্টান ও মুসলিম উভয় জনগোষ্ঠীর সংখ্যাই বাড়বে। বিপরীতে ইউরোপের জনসংখ্যা কমবে এবং বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ থেকে নেমে হবে ৬ শতাংশ।
বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, ২০২০ সালে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৬৩ লাখ, যার ৯১ দশমিক ১ শতাংশ ছিলেন মুসলিম। ২০৭০ সালে দেশের জনসংখ্যা বেড়ে ২৩ কোটি ৭২ লাখে দাঁড়াতে পারে এবং তখন মুসলিমদের অংশ হবে ৯২ শতাংশ। হিন্দুদের অংশ ২০২০ সালের ৭ দশমিক ৯ শতাংশ থেকে কমে ২০৭০ সালে ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে, তবে মোট সংখ্যা বাড়বে। ২০২০ সালে বাংলাদেশে হিন্দু ছিলেন প্রায় ১ কোটি ৩১ লাখ, যা ২০৭০ সালে বেড়ে প্রায় ১ কোটি ৬১ লাখ হতে পারে। ফলে ২০৭০ সালে মুসলিম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ হবে বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং হিন্দু জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ।
ভারতে ২০২০ সালে হিন্দু জনসংখ্যা ছিল ৭৯ দশমিক ৪ শতাংশ, যা ২০৭০ সালে কমে ৭৫ দশমিক ৮ শতাংশ হতে পারে। তবে সংখ্যার হিসেবে হিন্দুদের জনসংখ্যা কমবে না; বরং ১৭ কোটি ৬০ লাখ বাড়তে পারে। ২০৭০ সালেও বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু ভারতে থাকবেন। ভারতে মুসলিমদের সংখ্যা ও অনুপাত দুটিই বাড়বে। ২০২০ সালে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২১ কোটি ৩০ লাখ, যা ২০৭০ সালে বেড়ে প্রায় ৩৩ কোটি ৪০ লাখ হতে পারে। তখন দেশটির জনসংখ্যার ১৯ দশমিক ৬ শতাংশ হবেন মুসলিমরা, যা ২০২০ সালে ছিল ১৫ দশমিক ২ শতাংশ।
গবেষকদের মতে, ধর্মীয় গোষ্ঠীর আকার পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে জনসংখ্যাতাত্ত্বিক কারণ। অনেকে মনে করেন ধর্ম পরিবর্তনই মূল কারণ, তবে বাস্তবে জন্ম ও মৃত্যুর হিসাবই সবচেয়ে বেশি প্রভাব ফেলে। গবেষণায় বয়সকাঠামো, জন্মহার, মৃত্যুহার, ধর্ম বদল ও অভিবাসন—এই পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে।
মুসলিমরা অন্য যেকোনো ধর্মীয় গোষ্ঠীর চেয়ে তরুণ। ২০২০ সালে মুসলিমদের মধ্যম বয়স ছিল ২৪ বছর, যেখানে অমুসলিমদের ছিল ৩৩ বছর। অর্থাৎ, মোট মুসলিম জনসংখ্যার ৫০ শতাংশের বয়স ২৪ বছর বা তার কম। পরিসংখ্যান অনুযায়ী, মুসলিমদের এক-তৃতীয়াংশের বয়স ১৫ বছরের কম, আর বৌদ্ধ ও ধর্মপরিচয়হীনদের ক্ষেত্রে এই হার এক-পঞ্চমাংশের কম। ফলে মুসলিমদের বড় অংশ সন্তান জন্ম দেওয়ার বয়সে আছেন।
বিশ্বজুড়েই মানুষ বয়স্ক হচ্ছেন। ৫০ বছর বা তার বেশি বয়সীদের অনুপাত ২০২০ সালের ২৪ শতাংশ থেকে বেড়ে ২০৭০ সালে হবে ৩৮ শতাংশ। তবে তখনও মুসলিমরা সবচেয়ে তরুণ গোষ্ঠী থাকবেন। ২০৭০ সালে ৫০ বছর ও তদূর্ধ্ব বয়সীরা হবেন মুসলিমদের ৩১ শতাংশ এবং খ্রিষ্টানদের ৩৪ শতাংশ।
জন্মহারের ক্ষেত্রেও মুসলিমরা এগিয়ে। ২০২০–২০২৫ সময়ে প্রতি মুসলিম নারীর গড় সন্তান ছিল ৩ দশমিক ১, যেখানে অমুসলিমদের ছিল ২ দশমিক ০। খ্রিষ্টানদের হার ২ দশমিক ৫, ইহুদি ২ দশমিক ৩, অন্যান্য ধর্ম ২ দশমিক ১, হিন্দু ১ দশমিক ৯, বৌদ্ধ ১ দশমিক ৬ এবং ধর্মপরিচয়হীন ১ দশমিক ৩। এই সময়ে মুসলিম মায়েরা জন্ম দিয়েছেন আনুমানিক ২৫ কোটি ২০ লাখ সন্তান, আর খ্রিষ্টান মায়েরা ২০ কোটি ৮০ লাখ। গবেষকরা ধরে নিয়েছেন, যেসব দেশে বর্তমানে জন্মহার বেশি, সেখানে সময়ের সঙ্গে তা কমবে। ২০৭০ সালেও মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি থাকলেও তা কমে ২ দশমিক ২ হতে পারে।
গড় আয়ুর ক্ষেত্রে দেখা গেছে, ২০২০ সালে বিশ্বের গড় আয়ু ছিল ৭২ বছর, যা ২০৭০ সালে হতে পারে ৭৯ বছর। অঞ্চলভেদে এর পার্থক্য রয়েছে। ২০২০ সালে ইউরোপে গড় আয়ু ছিল ৭৮ বছর এবং সাব-সাহারান আফ্রিকায় ৬১ বছর। ২০৭০ সালে ইউরোপে তা হতে পারে ৮৬ বছর এবং সাব-সাহারান আফ্রিকায় ৭০ বছর। যেহেতু ধর্মভিত্তিক আয়ুর আলাদা তথ্য নেই, তাই গবেষকরা ধরে নিয়েছেন যে কোনো দেশের সব ধর্মের মানুষের আয়ু সে দেশের গড় আয়ুর সমান। ফলে ২০২০ সালে ইহুদিদের গড় আয়ু ছিল সবচেয়ে বেশি (৮০ বছর), এরপর ধর্মপরিচয়হীন (৭৮) ও বৌদ্ধ (৭৬)। মুসলিম (৬৮), হিন্দু (৭০) ও খ্রিষ্টান (৭১) জনগোষ্ঠীর আয়ু বিশ্বের গড়ের নিচে ছিল। ২০৭০ সালে খ্রিষ্টান ও মুসলিম—উভয় গোষ্ঠীর গড় আয়ু হতে পারে ৭৭ বছর।
শৈশবের ধর্ম ছেড়ে প্রাপ্তবয়স্ক জীবনে অন্য ধর্ম গ্রহণ বা কোনো ধর্মেই যুক্ত না থাকাকে গবেষণায় ‘ধর্ম বদল’ (রিলিজিয়াস সুইচিং) বলা হয়েছে। ‘ধর্মান্তর’ শব্দটি এড়ানো হয়েছে কারণ অনেকে কোনো ধর্মেই যুক্ত থাকেন না এবং এই বদল অনেক সময় আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ঘটে। তবে একই ধর্মের ভেতরের পরিবর্তন, যেমন প্রোটেস্ট্যান্ট থেকে ক্যাথলিক হওয়া এর আওতায় পড়ে না।
২০০৮ থেকে ২০২৪ সালের মধ্যে ১১২টি দেশ ও ভূখণ্ডে হওয়া জরিপ অনুযায়ী, শৈশবের ধর্মে থেকে যাওয়ার হার সবচেয়ে বেশি মুসলিম ও হিন্দুদের—৯৯ শতাংশ করে। এরপর ধর্মপরিচয়হীন (৯২ শতাংশ), খ্রিষ্টান (৮৫ শতাংশ), বৌদ্ধ (৮৩ শতাংশ) এবং অন্যান্য ধর্ম (৭৮ শতাংশ)। পূর্বাভাস অনুযায়ী, ২০২০–২০২৫ সময়ে একজন মানুষ খ্রিষ্টধর্মে যুক্ত হলে ২ দশমিক ৩ জন তা ছাড়েন। ধর্মপরিচয়হীন ব্যক্তিদের ক্ষেত্রে ছাড়ার বিপরীতে যুক্ত হওয়ার অনুপাত ২ দশমিক ৪ জন।
{পিউ রিসার্চের মূল ইংরেজি প্রতিবেদন ১৭টি বড় অংশে বিভক্ত। মুক্তকণ্ঠতে প্রকাশিত এ প্রতিবেদন সংক্ষেপে অনূদিত। অনুবাদ: মো. আবু হুরাইরাহ্ }