ভ্রমণপিপাসুদের জন্য ২০২৭ সালে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ২৫টি গন্তব্যের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ‘ন্যাশনাল জিওগ্রাফিক’। ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি কিংবা রোমাঞ্চকর অভিযানের সুযোগ—ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কারণে এই স্থানগুলো পর্যটকদের বিশেষ আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো কেন এই গন্তব্যগুলো ২০২৭ সালে বিশেষ গুরুত্ব পাচ্ছে:

নরওয়ে: ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ফিয়র্ড (শীতপ্রধান অঞ্চলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট সুগভীর উপত্যকা সমুদ্রজলে ডুবে থাকলে তাকে বলে ফিয়র্ড) অভিযান এবং সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের অভিজ্ঞতা নিতে এখানে যাওয়া যেতে পারে।

কোস্টা রিকা: গ্রীষ্মমণ্ডলীয় এই গন্তব্যে রেইনফরেস্টের মধ্য দিয়ে হাঁটার সুযোগের পাশাপাশি প্রাচীন ও প্রাণবন্ত ঐতিহ্যের দেখা মেলে।

মেক্সিকো সিটি: শহরটির ওপর দিয়ে সূর্যগ্রহণের বিরল দৃশ্য দেখার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ উন্মুক্ত জাদুঘর ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে।

সলোভনিয়া: হ্রদকেন্দ্রিক অ্যাডভেঞ্চার, স্থানীয় স্বাদের খাবার এবং সৃজনশীল সাংস্কৃতিক পরিসরের সমন্বয়ে একটি আনন্দময় ছুটি কাটাতে এই দেশ আদর্শ।

উজবেকিস্তান: বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন এবং স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যভিত্তিক আয়োজনগুলো বর্তমানে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করছে।

নামিবিয়া: তুলনামূলক কম ভ্রমণকারীর এই অঞ্চলে রয়েছে নিরিবিলি হাঁটার পথ এবং পরিষ্কার আকাশে তারাভরা দৃশ্য দেখার অনন্য সুযোগ।

জাপান (তোহোকু অঞ্চল): ব্যতিক্রমী আর্ট ফেস্ট এবং শতাব্দীপ্রাচীন খাবারের ঐতিহ্যের মধ্য দিয়ে জাপানের অপেক্ষাকৃত শান্ত এই অঞ্চলটিকে নতুনভাবে চেনা সম্ভব।

সৌদি আরব: তিন হাজার বছরের পুরোনো এক প্রাচীন রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য নতুন করে আবিষ্কার করতে এখানে যেতে পারেন।

ক্যালিফোর্নিয়া: উপকূলীয় জনপদের পথে পথে ক্যালিফোর্নিয়ার শিল্প ও সংস্কৃতির ঐতিহ্যের বিবর্তন দেখতে এই অঞ্চলটি আকর্ষণীয়।

এডিনবার্গের শহর: প্রায় ৩০০ বছরের পুরোনো প্রাসাদের শহরে বিশ্বের অন্যতম বৃহৎ সাহিত্য উৎসবের অভিজ্ঞতা নিতে পর্যটকরা ভিড় করবেন এখানে।

আইসল্যান্ড: সৃজনশীল সুস্থতাকেন্দ্রিক আয়োজন এবং ব্যতিক্রমী উৎসবের মধ্য দিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে এই দেশে।

সালভাদর (ব্রাজিল): দক্ষিণ আমেরিকার ঐতিহাসিক শহরগুলোর অন্যতম এই জনপদে আফ্রিকান-ব্রাজিলীয় সংস্কৃতির বৃহত্তম উৎসবের অংশ হওয়া যায়।

চিলি: দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্তে গড়ে ওঠা নতুন জাতীয় উদ্যানের বুনো প্রকৃতি ঘুরে দেখার সুযোগ রয়েছে এখানে।

স্পেন (কান্তাব্রিয়া): রেইনা সোফিয়া জাদুঘরের নতুন শাখাকে কেন্দ্র করে কান্তাব্রিয়া অঞ্চলে গড়ে ওঠা সাংস্কৃতিক জাগরণের অভিজ্ঞতা নিতে পারেন পর্যটকরা।

ফ্রান্স (নরম্যান্ডি): হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক আয়োজন উপভোগ করতে এখানে যাওয়া যায়। একই সঙ্গে দেখা মিলবে সেই সব প্রাকৃতিক দৃশ্যের, যা মুগ্ধ করেছিল ইমপ্রেশনিস্ট শিল্পীদের (এমন একদল চিত্রশিল্পী, যাঁরা ১৯ শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে ফ্রান্সে গড়ে ওঠা ‘ইমপ্রেশনিজম’ নামক শিল্প আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন)।

যুক্তরাষ্ট্র (মিডওয়েস্ট): যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের এই এলাকায় প্রত্যাশার বাইরে নানা রোমাঞ্চকর প্রকৃতিভিত্তিক অভিযানের সুযোগ রয়েছে।

হ্যালিফ্যাক্স: আটলান্টিক কানাডার ঐতিহ্য ও ইতিহাস নতুন করে তুলে ধরার উদ্যোগের কেন্দ্র হয়ে উঠেছে এই প্রাদেশিক রাজধানী।

আর্মেনিয়া: দীর্ঘ পায়ে হাঁটাপথ ধরে আর্মেনিয়ার দুর্গম ও বুনো প্রকৃতির নানা প্রান্ত আবিষ্কার করার সুযোগ রয়েছে এখানে।

সিউল: বসবাসের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই শহরটি এখন পর্যটকদের জন্য আরও বেশি উপভোগ্য হয়ে উঠছে।

জার্মানির লাইপজিগ: সংগীত ও সংস্কৃতিতে সমৃদ্ধ এক ভ্রমণের জন্য জার্মানির এই দ্রুত বর্ধনশীল শহরটি সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য।

যুক্তরাষ্ট্র (ক্যানসাস সিটি): যুক্তরাষ্ট্রের রেলপথের ইতিহাসের সূতিকাগার এই শহরে অতীতের নানা অধ্যায় নতুনভাবে উজ্জ্বল হয়ে উঠছে।

গাবোন: আফ্রিকার তুলনামূলক কম পরিচিত এই গন্তব্যে ভিড় এড়িয়ে বন্য প্রাণী ও প্রকৃতির রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়া সম্ভব।

মেক্সিকো (ইউকাটান): স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মেক্সিকোর ক্যারিবীয় উপকূলের সাংস্কৃতিক ও প্রাকৃতিক অভিজ্ঞতা পেতে এখানে যাওয়া যেতে পারে।

পোল্যান্ড (ট্রাই-সিটি): বাল্টিক সাগরের তীরের গডানস্ক, সোপোট ও গডিনিয়া—এই তিন শহরে আছে নতুন করে সাজানো জলধারার তীর, প্রাণবন্ত নগরজীবন ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন।

পেরু (চাচাপোয়াস): ‘উত্তরের মাচু পিচু’ নামে পরিচিত এই প্রত্নতাত্ত্বিক স্থানে দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় ঐতিহাসিক অভিযানের অভিজ্ঞতা নেওয়া যায়।