ছুটি পাওয়া মাত্রই ব্যাগ গুছিয়ে নতুন কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়া আমাদের অনেকেরই প্রিয় অভ্যাস। আর ভ্রমণের গন্তব্যে পৌঁছে পর্যটকদের প্রথম কাজ হয়ে থাকে হোটেলে চেক-ইন করা।

আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে, গন্তব্য পাহাড় হোক, সমুদ্র কিংবা কোনো ব্যস্ত শহর—প্রায় সব হোটেলেই চেক-ইন করার জন্য দুপুর ১২টার সময়টি নির্ধারিত থাকে? অন্যদিকে, চেক-আউটের সময়সীমা দেওয়া হয় বেলা ১১টার মধ্যে। কিন্তু কেন নির্দিষ্ট করে দুপুর ১২টাকেই বেছে নেওয়া হয়? এর পেছনে কি কেবল হোটেলের নিজস্ব কোনো নিয়ম কাজ করে, নাকি এর সাথে কোনো ব্যবসায়িক কৌশল বা হিসাব জড়িত আছে?

আসলে দুপুর ১২টার এই প্রচলিত নিয়মের পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক—

রুম পরিষ্কারের সময় বা টার্নওভার টাইম
হোটেল ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো 'টার্নওভার টাইম'। একজন অতিথি যখন বেলা ১১টার দিকে রুম ছেড়ে দিয়ে চেক-আউট করেন, তখন সেই রুমটি সাথে সাথেই অন্য কোনো নতুন অতিথির জন্য প্রস্তুত থাকে না।

হাউসকিপিং কর্মীদের পুরো রুমটি নতুন করে সাজাতে হয়। বিছানার চাদর ও বালিশের কভার পরিবর্তন, তোয়ালে বদলানো থেকে শুরু করে বাথরুম পরিষ্কার এবং পুরো রুম স্যানিটাইজ করার মতো কাজগুলো সম্পন্ন করতে অন্তত ২ থেকে ৩ ঘণ্টা সময় প্রয়োজন হয়। পরবর্তী অতিথি যেন সম্পূর্ণ নিখুঁত ও পরিচ্ছন্ন একটি ঘর পান, সেই লক্ষ্যেই এই মধ্যবর্তী সময়টুকু রাখা হয়।

বিশ্বজুড়ে একই নিয়ম
হোটেল শিল্প একটি বৈশ্বিক ব্যবসা। পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে বিশ্বের প্রায় সব দেশেই এই নির্দিষ্ট সময়টি অনুসরণ করা হয়। দুপুর ১২টা এমন একটি সময়, যা সাধারণত ফ্লাইট বা ট্রেনের সময়সূচির সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের যাতায়াতের হিসাব মেলাতেই আন্তর্জাতিকভাবে এই প্রথা দীর্ঘকাল ধরে চলে আসছে।

ব্যবসার লাভ-ক্ষতির হিসেব
হোটেলের ২৪ ঘণ্টার হিসাব পদ্ধতি কিছুটা ভিন্ন। আপনি যদি ভোরবেলা গিয়ে চেক-ইন করতে চান, তবে হোটেল কর্তৃপক্ষ আপনার কাছে বাড়তি ‘আর্লি চেক-ইন’ ফি দাবি করতে পারে। কারণ, ভোরবেলায় রুম ফাঁকা থাকলেও সেটি আগের দিনের বুকিংয়ের আওতায় পড়ে। তাই দুপুর ১২টাকে একটি ভিত্তি বা ‘বেস টাইম’ হিসেবে ধরা হয়, যাতে হোটেল কর্তৃপক্ষ এবং অতিথি—উভয়েরই আর্থিক লোকসান না হয়।

তাছাড়া, এই নির্দিষ্ট সময়সূচী হোটেল কর্মীদের জন্য ব্যবস্থাপনা অনেক সহজ করে তোলে। অতিথিরা যদি ভিন্ন ভিন্ন সময়ে আসা-যাওয়া করেন, তবে কোন ঘরগুলো খালি আছে এবং কোনগুলো পরিষ্কার করা প্রয়োজন, তা নিয়ে হাউসকিপিং ও ফ্রন্ট ডেস্কের কর্মীরা বিভ্রান্ত হতে পারেন। সবার জন্য একই সময় নির্ধারণ করে দেওয়ার ফলে কর্মীরা আগে থেকেই পরিকল্পনা করতে পারেন যে কোন ঘরগুলো কখন প্রস্তুত করতে হবে।

চেক-ইন টাইমের আগে পৌঁছে গেলে করণীয়
যাতায়াতের সময়সূচীর পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ের আগেই যদি আপনি হোটেলে পৌঁছে যান, তবে কী হবে? এর উত্তর হলো, আপনি আপনার সুবিধামতো আগেভাগে চেক-ইন করতে পারবেন, তবে সেক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। রুমে জায়গা খালি থাকলে কর্তৃপক্ষ আপনাকে ভেতরে প্রবেশের অনুমতি দেবে। তবে মনে রাখা প্রয়োজন, কিছু হোটেল আগেভাগে চেক-ইন করার জন্য অতিরিক্ত ফি নিয়ে থাকে।

তবে সময়ের সাথে সাথে এই নিয়মে কিছুটা পরিবর্তন আসছে। বর্তমানে অনেক রিসোর্ট বা আধুনিক হোটেল 'ফ্লেক্সিবল চেক-ইন' অথবা '২৪ ঘণ্টার চেক-ইন' সুবিধা প্রদান করছে। তা সত্ত্বেও অধিকাংশ বড় হোটেল আজও দুপুর ১২টার সেই ঐতিহ্যবাহী নিয়মটিই মেনে চলে।

তাই পরবর্তী সময়ে ভ্রমণের পরিকল্পনা করার সময় এই সময়ের হিসাবটি মাথায় রেখে ফ্লাইট বা ট্রেনের টিকিট কাটলে হোটেলের লবিতে বসে অহেতুক অপেক্ষা করার ঝামেলা এড়ানো সম্ভব হবে।