মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে উদ্বৃত্ত চিত্রা হরিণ বিক্রি করা হচ্ছে। প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। তবে আগ্রহী ক্রেতাদের জন্য শর্ত হলো, সর্বনিম্ন এক জোড়া হরিণ কিনতে হবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে প্রায় ৩৫০টি চিত্রা হরিণ রয়েছে। উচ্চ প্রজনন হারের কারণে হরিণের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের জন্য পর্যাপ্ত জায়গার সংকট তৈরি হয়েছে। এই বিষয়ে পরিচালক মো. শাহিনুর আলম জানান, “চিড়িয়াখানায় প্রায় ৩৫০টি চিত্রা হরিণ রয়েছে এবং উচ্চ প্রজনন হারের কারণে এদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জায়গার সংকট তৈরি হয়েছে”।
শৌখিনভাবে অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে যারা হরিণ পালন করতে আগ্রহী, তাদের জন্য বন অধিদপ্তরের পূর্বানুমতি গ্রহণ করা এবং নির্ধারিত সকল শর্তাবলি মেনে চলা বাধ্যতামূলক। উল্লেখ্য যে, হরিণ সর্বদা রাষ্ট্রীয় নজরদারিতে থাকে। তাই এগুলো কোনোভাবেই মাংসের জন্য বিক্রি করা যাবে না এবং খাওয়ার সুযোগ নেই।