রাজধানীর নিকটবর্তী ঘনবসতিপূর্ণ এলাকা কেরানীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার ঘটিয়ে তুলেছে মাদক ব্যবসায়ীরা, যা স্থানীয় জনপদে চরম উদ্বেগের সৃষ্টি করেছে। উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, অলিগলি, নির্জন স্থান এবং এমনকি শিশুদের খেলার মাঠেও ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদকদ্রব্যের কেনাবেচা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করলেও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়ছে। বিশেষ করে কিশোর ও তরুণ প্রজন্মকে মাদকের এই মরণফাঁদ থেকে রক্ষা করা নিয়ে তারা গভীরভাবে শঙ্কিত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেরানীগঞ্জের বিভিন্ন প্রান্তে অত্যন্ত সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোথাও এই নিষিদ্ধ দ্রব্যগুলো প্রকাশ্যে হাতবদল হচ্ছে, আবার কোথাও অত্যন্ত গোপনে লেনদেন চলছে। অভিযোগ রয়েছে যে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী এবং স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এই অবৈধ ব্যবসা ফুলেফেঁপে উঠছে। স্থানীয়দের দাবি, পুলিশের অভিযানে মাঝেমধ্যে কেবল খুচরা বিক্রেতারা ধরা পড়লেও এই চক্রের মূল হোতারা কৌশলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় দলিল লেখক মো. নাছির উদ্দিন বলেন, “কেরানীগঞ্জে মাদকের বিস্তার দিন দিন বাড়ছে। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবারকেও শেষ করে দেয়। প্রশাসনের কাছে দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এক সময়ে যেসব খেলার মাঠে শিশু-কিশোরদের খেলাধুলা আর তরুণদের প্রাণবন্ত আড্ডায় মুখর পরিবেশ থাকত, এখন সেই মাঠগুলোর কিছু অংশ মাদকসেবী ও কারবারিদের আস্তানায় পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, সন্ধ্যা নামলেই বিভিন্ন নির্জন স্থান ও গলির মোড়ে অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বহুগুণ বেড়ে যায়। তাদের আশঙ্কা, এমন পরিবেশের কারণে উঠতি বয়সের কিশোররা খুব সহজেই মাদকের সংস্পর্শে চলে পড়ছে।

এলাকার রিকশাচালক কাউসার আহমেদ বলেন, “আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে চলাচল করি। বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর কিছু জায়গায় মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের সন্তানরা বাইরে বের হলে চিন্তায় থাকতে হয়। মাদক বিক্রি বন্ধে পুলিশি টহল ও নজরদারি আরও বাড়ানো দরকার।”

মাদকের প্রভাবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্কুল শিক্ষক আরিফ হোসেন। তিনি বলেন, “মাদকের কারণে অনেক তরুণের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কাজকর্ম না করে অনেকে মাদকের পেছনে সময় ও টাকা ব্যয় করছে। এখন কিশোরদের মাঠে খেলতে দেখা যায় না। তারা দেখা করে অসামাজিক কর্মকাণ্ডের জন্য। আমরা চাই, প্রশাসন শুধু মাঝেমধ্যে অভিযান না চালিয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করুক। যারা মাদকের মূল ব্যবসায়ী, তাদের আইনের আওতায় আনতে হবে।”

উল্লেখ্য যে, কেরানীগঞ্জে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে এবং মাদকদ্রব্য উদ্ধার করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব অভিযানের পর মাদক কারবারিদের তৎপরতা সাময়িকভাবে কমলেও কিছুদিনের মধ্যেই চক্রগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠে।

আগানগর এলাকার বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, “আগানগরসহ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন। বিশেষ করে কিশোর ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আমাদের দাবি, কেরানীগঞ্জকে মাদকমুক্ত করতে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

স্থানীয়দের মতে, কেবল খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করে এই সমস্যা সমাধান হবে না। মাদক সরবরাহকারী, অর্থের জোগানদাতা এবং নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। তা না হলে বিচ্ছিন্ন অভিযানের মাধ্যমে মাদকের বিস্তার সাময়িকভাবে কমানো গেলেও স্থায়ী নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

এদিকে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তরিকুল ইসলাম। তিনি বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদক নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”