মেহেরপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব মাদকের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা এবং বিভিন্ন ধরনের নিষিদ্ধ ট্যাবলেট। তবে মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর অধীন মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল ও ধলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির এই অভিযানগুলো পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংমহল বিওপির খাসমহল এবং ধলা বিওপির ধলার মাঠ এলাকায় তল্লাশি চালায় বিজিবির দুটি টহল দল। তল্লাশির সময় মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৬ কেজি গাঁজা, আমদানি নিষিদ্ধ ৩ হাজার ৪৮০টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে রংমহল বিওপির অভিযানে ১৬ বোতল ফেনসিডিল ও ৩ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট পাওয়া যায়। বিজিবির হিসাব অনুযায়ী, শুধুমাত্র এই অংশের মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।

অন্যদিকে, ধলা বিওপির অভিযানে ৬ কেজি গাঁজা, ৪৮০টি ডেক্সামেথাসন ও ৫২০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই অভিযানে উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২১ হাজার টাকা। সব মিলিয়ে দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”