শুটিং সেটে মারধরের অভিযোগ এবং পরবর্তীতে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ—এই দুই শিল্পীর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। উল্লেখ্য, দুই অভিনেত্রীর মধ্যকার এই বিরোধ মিটিয়ে ফেলার জন্য সংগঠনটি ইতিপূর্বে একাধিকবার চেষ্টা চালিয়েছিল। তবে সেই সব উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা এবং সামিয়া আক্তার অথৈকে আলাদাভাবে পাঠানো দুটি চিঠিতে জানানো হয় যে, গত ৭ জুলাই তাঁদের সদস্যপদ স্থগিতের বিষয়ে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু উক্ত নোটিশের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি এই দুই অভিনেত্রী। পরবর্তীতে সালিশ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শুক্রবার রাতে এই বিষয়টি প্রকাশ্যে আসে।
সদস্যপদ স্থগিতের এই খবর ছড়িয়ে পড়ার পর নীরব থাকেননি তানজিন তিশা। গতকাল রাতেই তিনি ফেসবুক লাইভে এসে প্রায় ২৫ মিনিট ধরে কথা বলেন। সেখানে শুটিং সেটে সামিয়া অথৈর সঙ্গে বিরোধ, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক, সদস্যপদ স্থগিতের প্রকৃত কারণ এবং গত আট মাসের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে। তিশার মতে, পেশাগত বিরোধ মীমাংসার পরিবর্তে তা প্রকাশ্যে এনে কাউকে হেয় করা কিংবা তাঁর ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ প্রসঙ্গে তিশা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল হতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব, যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়।’
গত এক বছরে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও টেনে আনেন তিশা। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’
সদস্যপদ স্থগিতের বিষয়ে কথা বলতে গিয়ে গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন সামিয়া অথৈর সঙ্গে বিরোধের ঘটনাটি পুনরায় সামনে আনেন তিশা। তাঁর দাবি, সেদিন শুটিং সেটে প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা সেখানে উপস্থিত সবাই দেখেছেন। বিষয়টি নতুন করে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘“পুতুলের বিয়ে” নাটকে একজন মহান শিল্পী আছেন। তাঁর সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। পুরো শুটিং সেটের সবাই সেই ঘটনার সাক্ষী। কী হয়েছে, কী হয়নি, সবাই দেখেছেন।’
নাটকে নিজের অভিনীত চরিত্রের কথা উল্লেখ করে তিশা বলেন, ‘আমার পাগলের চরিত্র তো আমি করেছি। নাকি আরেকজন পাগলের চরিত্র করেছে, সেটাও আপনারা দেখেছেন। কোনো কাটছাঁট করা হয়নি। দৃশ্যটি দেখলেই বুঝবেন, কে আসলে ইম্প্রোভাইজ করেছে। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটাও আপনারা বুঝতে পারবেন।’
তিশার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের কথা শোনা হয়েছিল। সালিশ বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিও তিনি ফেসবুক লাইভে বিস্তারিত জানান। তিশা বলেন, ‘আমাদের সম্মানিত ব্যক্তিরা বিচারক হিসেবে ছিলেন। প্রায় পাঁচ ঘণ্টা বসে পুরো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। কেন, কী ঘটেছে, সবকিছু শোনা হয়েছে। সেই বৈঠকের নোটিশও আমার কাছে আছে, লিখিতভাবে আছে।’
সালিশ বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তিশা আরও বলেন, ‘বলা হয়েছিল, আমরা দুজনই যেন ক্ষমা চেয়ে বিবৃতি দিই এবং একটি ভিডিও বার্তা পাঠাই। সে (সামিয়া অথৈ) ভিডিওটি দেয়নি। আমিও কোনো কারণে দিতে পারিনি। আমি নোটিশ অমান্য করেছি বলে আজ আমাকে সদস্যপদ স্থগিতের চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে।’
ফেসবুক লাইভের শেষ পর্যায়ে গত আট মাসের নানা প্রতিকূলতার কথা বললেও তিশা জানান, তিনি দমে যাননি। নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আট মাস ধরে যত বাধাই আসুক, যা-ই ঘটুক, আমি থেমে নেই। আমি থেমে থাকব না। আমি হাল ছাড়ব না। এত আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পারছি, কারণ আমি জানি, আমি ভুল কিছু করিনি।’
এর আগে গত ৩ মার্চ মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালে তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন সামিয়া অথৈ। ফেসবুক লাইভে সামিয়া দাবি করেন, নাটকের একটি দৃশ্যে তিশাকে তাঁর আলতো করে চড় মারার কথা ছিল। কিন্তু তিশা তাঁকে একাধিকবার জোরে চড় মারেন। এতে তিনি আহত হয়েছেন বলেও অভিযোগ করেন সামিয়া।
তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিশা। তাঁর দাবি, চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনেই তিনি অভিনয় করেছেন। কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।
ঘটনার পর অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসার উদ্যোগ নেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মুক্তকণ্ঠকে বলেন, ‘আমরা দুই শিল্পীর সঙ্গে একাধিকবার বসেছি। তাঁদের বক্তব্য শুনেছি, বিরোধ মীমাংসার চেষ্টা করেছি। চেয়েছিলাম, তাঁরা নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি দূর করে সমঝোতায় পৌঁছান। বিষয়টি মিটমাট হয়েছে জানিয়ে একটি ভিডিও বার্তা দেওয়ার পরামর্শও দিয়েছিলাম। কিন্তু তাঁরা কেউই সংগঠনের প্রস্তাব মেনে নেননি। শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী দুজনের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে তিশা প্রকাশ্যে কথা বললেও সামিয়া অথৈর পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংগঠনটির এই কঠোর পদক্ষেপের পর দুই অভিনেত্রীর বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়।