রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, আজ সকালে আইইডিসিআরের পরিচালকের কক্ষে ঘটিত অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, তাঁর বিরুদ্ধে কেন কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— এ মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ড্যাবের সভাপতি ও মহাসচিব বরাবর যথাযথ লিখিত জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই চিঠির অনুলিপি অবগতির জন্য ড্যাবের প্রধান উপদেষ্টা, সভাপতি এবং কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে। অধ্যাপক কাজী আহমেদ জাকি অভিযোগ করেছেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এই ঘটনা ঘটিয়েছেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পরিচালক অধ্যাপক জাকি তাঁর কক্ষে কয়েকজন ব্যক্তির সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক সেই মুহূর্তে আট থেকে নয় জনের একটি দল তাঁর কক্ষে ঢুকে পড়ে এবং তাঁকে চেয়ার থেকে টেনে তোলেন। এরপর তাঁকে মারধর করা হয়।