শাড়িকাণ্ডের পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে এই মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার এবং ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। তিনি জানান, মামলার পদক্ষেপ নেওয়ার আগে গত ২৮ অক্টোবর বাদীর পক্ষ থেকে তানজিন তিশাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল। তবে সেই নোটিশের কোনো উত্তর দেননি অভিনেত্রী এবং ফেসবুক থেকেও বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেননি। এই পরিস্থিতির প্রেক্ষিতেই আজ মানহানির মামলাটি করা হয়।
আইনজীবী শুভ্র সিনহা আরও জানান, আদালত বাদীর আবেদনটি গ্রহণ করেছেন। এরপর বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগে বলা হয়, মামলা করার পর আসামি প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে শুরু করেন। পাশাপাশি বাদীর বিরুদ্ধে বিভিন্ন তথ্য দেশের গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করা হয় বলে দাবি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৭ নভেম্বর তানজিন তিশা তাঁর ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বাদীর মেসেঞ্জারে কল দেন এবং সেখানে ভাইরাল করার হুমকি দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আসামি বাদীকে হুমকি দিয়ে বলেন, “ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিবনে।”
অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ান এবং বাদীর ছবি ফেসবুকে আপলোড দিয়ে সম্মানহানির ঘটনায় লিপ্ত থাকেন। আসামি তানজিন তিশা তাঁর ফেসবুকে বাদীর একটি আপত্তিকর ছবি প্রকাশ করেন। এছাড়া দুজন নাবালক শিশুর ছবিও আসামি প্রকাশ করেছেন বলে অভিযোগে জানানো হয়েছে।
গত ২৭ অক্টোবর রাত ১১টায় এসব বিষয় বাদীর নজরে এলে তিনি আইনজীবীর মাধ্যমে পরদিন রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান। ওই নোটিশে নোটিশ প্রাপ্তির দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হয়েছিল। তবে আসামি সেগুলো অপসারণ করেননি বলে মামলায় অভিযোগ করা হয়েছে।