ব্যাংকিং খাতের এক বিশাল কেলেঙ্কারির জেরে অভিশংসিত হওয়ার পর প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন পেদ্রো আলিয়ানা। গতকাল শুক্রবার ৫২ বছর বয়সী আলিয়ানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর মাধ্যমে তিনি লাতিন আমেরিকার এই দেশটির ৫৩তম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন।

নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিনই ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। ব্যাংক কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে পড়ার পর দ্রুত অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে সরিয়ে দেওয়া হয়। প্যারাগুয়ের ৪৫ সদস্যের সিনেটে এই সিদ্ধান্তটি বিপুল সমর্থনের সাথে গৃহীত হয়; যেখানে ৪৪ জন সিনেটর পেনার অপসারণের পক্ষে ভোট দেন এবং মাত্র একজন ভোটদানে বিরত থাকেন।

এই কেলেঙ্কারির প্রভাব কেবল প্রেসিডেন্ট পেনার ওপরই সীমাবদ্ধ থাকেনি। প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান কার্লোস কারভালোর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। উয়েনো ব্যাংকের কার্যক্রমের ওপর যথাযথ নজরদারি করতে ব্যর্থ হওয়ার গুরুতর অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে। উল্লেখ্য, গত সপ্তাহেই পদত্যাগ করেছেন কারভালো।

ক্ষমতা হারানোর পর গতকাল বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সান্তিয়াগো পেনা লিখেছেন, “আমি কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। যাঁরা এখনো উত্তর পাওয়ার অপেক্ষায় আছেন, তাঁদের কষ্টের বিষয়টি আমি পুরোপুরি উপলব্ধি করছি।”

চলতি সপ্তাহেই প্যারাগুয়ের প্রভাবশালী ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের আকস্মিক পতনের ঘটনায় পেনার নাম সামনে আসে, যা শেষ পর্যন্ত তাঁর বিদায়ের পথ প্রশস্ত করে। ব্যাংকটি সরকারি নজরদারির আওতায় ছিল কি না এবং ব্যাংকটির সঙ্গে পেনার ব্যক্তিগত স্বার্থের কোনো সংঘাত ছিল কি না, তা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। অভিশংসনের পর আস্থার অপব্যবহারসহ বেশ কিছু অপরাধের সন্দেহে সরকারি কৌঁসুলিরা সান্তিয়াগো পেনাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন।

গত মঙ্গলবার সকালে এই কেলেঙ্কারির সূত্রপাত হয়। ওই দিন কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে জানায় যে, উয়েনো ব্যাংক আইন অনুযায়ী নির্ধারিত আর্থিক সক্ষমতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। সহজ কথায়, ব্যাংকটির ঋণ ও অন্যান্য বিনিয়োগের বিপরীতে পর্যাপ্ত জামানত ছিল না। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উয়েনোর অবশিষ্ট সম্পদ অন্য ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়। তবে এই আকস্মিক সংকটের ফলে লাখ লাখ গ্রাহক তাঁদের ব্যাংক হিসাব ও পেনশনের টাকা ব্যবহারের সুযোগ হারান।

উয়েনো ব্যাংকের গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৩০ লাখ, যা প্যারাগুয়ের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় দুই-তৃতীয়াংশ। ব্যাংকটিতে সরকারি পেনশনসহ বিভিন্ন তহবিলের বিপুল অর্থ জমা ছিল। চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকটি দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করার পর থেকে লাখ লাখ গ্রাহক তাঁদের সঞ্চিত অর্থ তুলতে পারছেন না।

সরকারি কৌঁসুলিরা প্রশ্ন তুলেছেন, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উয়েনো ব্যাংক জবাবদিহির বাইরে থাকার সুযোগ পেয়েছিল কি না। জানা গেছে, দেশের সরকারি পেনশন তহবিলের প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার এই ব্যাংকে বিনিয়োগ করা হয়েছিল।

উল্লেখ্য, ৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা ২০২৩ সালের আগস্টে প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন।