দক্ষিণ আমেরিকান গেমসের অনূর্ধ্ব-১৯ ফুটবল ফাইনালে প্যারাগুয়ের কাছে হেরে সোনার পদক হাতছাড়া হলো আর্জেন্টিনার। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি টাইব্রেকারে ৫-৪ গোলে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো প্লাসেন্তের দলকে।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে পারেনি প্যারাগুয়ে। ফলে ৯০ মিনিট শেষে স্কোরবোর্ডে নামে ০-০। এরপর শিরোপা নির্ধারণী টাইব্রেকারে পাঁচটি শটই গোলে পরিণত করে প্যারাগুয়ে। আর্জেন্টিনা একটি শটে ব্যর্থ হওয়ায় ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় প্রতিপক্ষের।

এই আসরে দ্বিতীয়বার প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও তাদের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। পরে উরুগুয়েকে ১-০ গোলে হারানো এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে সেমিফাইনালে ওঠে তারা। শেষ চারে পেরুকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছিল ফাইনাল।

দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনার সর্বশেষ সোনা এসেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার সেই ৪০ বছরের অপেক্ষা ঘোচানোর সুযোগ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারের হতাশাতেই থামতে হলো তাদের।