বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর স্পেনের অধিনায়ক রদ্রি প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে নিকোলাস ওতামেন্দির দিকে এগিয়ে গেলে অপ্রত্যাশিতভাবে তীব্র ভর্ৎসনার শিকার হন। টিওয়াইসি স্পোর্টস কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রদ্রি কাছে যেতেই আর্জেন্টাইন ডিফেন্ডার ক্ষোভের সঙ্গে বলেন, “তুমি পুরো সপ্তাহ কেঁদেছ। তুমি আর লাপোর্তে—দুজনই। এটা ঠিক হয়নি। তোমরা রেফারিদের নিয়ে অভিযোগ করে কেঁদেছ, বন্ধু।” এমন মন্তব্যে বিস্মিত রদ্রি পাল্টা জানতে চান, “কিসের জন্য? কী নিয়ে?”
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের মিকেল ওইয়ারসাবাল দুজনকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কিছুক্ষণ পর রদ্রি ও ওতামেন্দি আবারও তর্কে জড়িয়ে পড়েন। রদ্রি যখন মাঠে ও মাঠের বাইরে একে অপরকে সম্মান দেখানোর কথা বলেন, তখন ওতামেন্দি আরও চড়া সুরে জবাব দেন, “আমার সম্মান আছে। কিন্তু তোমাদের এভাবে কথা বলা উচিত হয়নি, বুঝেছ?” রদ্রি তখনো জানতে চান, “আমি কী বলেছি?”
ওতামেন্দির এই ক্ষোভের পেছনে ছিল ফাইনালের আগে স্পেন দলের রেফারিং-কেন্দ্রিক মন্তব্য। ম্যাচের আগে স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লাপোর্তে বলেছিলেন, “সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায়, এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।”
ওতামেন্দির বক্তব্য থেকে বোঝা যায়, স্পেন দলের সেই মন্তব্য আর্জেন্টিনার খেলোয়াড়দের গভীরভাবে প্রভাবিত করেছিল। ফাইনালের পর রদ্রিকে সামনে পেয়ে সেই ক্ষোভই উগরে দেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। যদিও রদ্রি বারবার জানতে চান, তিনি ব্যক্তিগতভাবে ঠিক কোন মন্তব্য করেছিলেন।