সন্তানের ভবিষ্যৎ ও সুস্থতা নিয়ে প্রতিটি বাবা-মায়ের মনেই থাকে অন্তহীন চিন্তা। প্রতিটি অভিভাবকই প্রত্যাশা করেন যেন তাদের সন্তান সুন্দর শৈশব উপভোগ করে এবং জীবনে সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এই লক্ষ্য অর্জনে তারা সন্তানের জন্য সেরা স্কুল নির্বাচন, উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা প্রদানে কঠোর পরিশ্রম করেন।
তবে এই সবকিছুর ভিড়ে অনেক সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষিত থেকে যায়; আর তা হলো সন্তানের মানসিক স্বাস্থ্যের প্রকৃত অবস্থা। আমাদের সামাজিক প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যের বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। অথচ শিশুদের সামগ্রিক বিকাশে মানসিক সুস্থতা অপরিহার্য। শিশুরা অনেক সময় তাদের মনের অনুভূতিগুলো শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না, যা অভিভাবকদের জন্য বোঝা কঠিন হয়ে পড়ে।
মনে রাখা প্রয়োজন যে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া, দামি খেলনা বা উপহার পাওয়া কিংবা কোথাও ঘুরতে যাওয়াই একটি শিশুর সুখের একমাত্র মাপকাঠি নয়। বরং শিশুরা সবচেয়ে বেশি মানসিক প্রশান্তি পায় যখন তারা পরিবারের সদস্যদের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা, নিরাপত্তা এবং গ্রহণযোগ্যতা লাভ করে। তারা যখন অনুভব করে যে নিজের মনের কথা নির্ভয়ে বলা যায় এবং যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর মতো কেউ আছে, তখনই তারা প্রকৃত অর্থে নিরাপদ বোধ করে।
ভারতের প্রখ্যাত শিক্ষা বিশেষজ্ঞ মাইকেল গুজদা শিশুদের প্রকৃত সুখ এবং সুস্থ বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
ভালো ফলাফল মানেই শিশু ভালো আছে, এমন না
অধিকাংশ অভিভাবক সন্তানের পরীক্ষার রেজাল্ট, স্কুলের দৈনন্দিন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অত্যন্ত সচেতন থাকেন। সন্তান পড়াশোনায় কতটা দক্ষ হচ্ছে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে কি না বা সবকিছু নিয়মমাফিক চলছে কি না—এসব বিষয়ে তারা সার্বক্ষণিক খোঁজ রাখেন।
কিন্তু কেবল ভালো ফলাফল করলেই যে একটি শিশু মানসিকভাবে সুস্থ আছে, এমন ধারণা করা ভুল। বাইরে থেকে হাসিখুশি এবং সফল মনে হলেও তার ভেতরে গভীর উদ্বেগ, ভয় কিংবা নানা ধরনের মানসিক চাপ জমে থাকতে পারে। তাই শুধু পড়াশোনার খোঁজ না নিয়ে সন্তান মানসিকভাবে কেমন বোধ করছে, সেটি জানার চেষ্টা করা জরুরি।
শিশুদের সুখের জন্য কী প্রয়োজন?
শিশুদের সুখী থাকার অর্থ এই নয় যে তারা প্রতিদিন কেবল আনন্দেই মেতে থাকবে। বড় হওয়ার প্রক্রিয়ায় তাদের মন খারাপ, হতাশা, ভয় এবং দুশ্চিন্তার মতো স্বাভাবিক অনুভূতির মুখোমুখি হতে হয়। অভিভাবকদের উচিত তাদের এই অনুভূতিগুলো প্রকাশের সুযোগ করে দেওয়া।
একটি শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের কাছে নিজেকে নিরাপদ মনে করা। সবাই তাকে ভালোবাসে—এই অনুভূতিটি তার আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত জরুরি। সে যেন বুঝতে পারে যে, ভুল করলেও পরিবারের সদস্যরা তাকে বুঝবে এবং প্রয়োজনের সময় পাশে থাকবে।
এর পাশাপাশি বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, নিজের মতামত প্রকাশের স্বাধীনতা এবং অন্যের প্রত্যাশার চাপমুক্ত হয়ে নিজের মতো করে বেড়ে ওঠার সুযোগ পাওয়া তার মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সন্তানকে শুধু প্রশ্ন না করে তার কথাও শুনুন
অনেক অভিভাবক প্রতিদিন সন্তানকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করেন, যেমন—স্কুল কেমন হলো, পড়া শেষ হয়েছে কি না, পরীক্ষায় কত নম্বর পেয়েছে বা কার সঙ্গে খেলতে গিয়েছে। এই প্রশ্নগুলো প্রয়োজনীয় হলেও সন্তানের মনের গভীরে কী চলছে তা বোঝার জন্য যথেষ্ট নয়।
সন্তানের সঙ্গে এমন একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, যেন সে তার সমস্যা ও অনুভূতির কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারে। প্রতিটি সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার প্রয়োজন নেই; অনেক সময় শিশুরা কেবল চায় কেউ যেন তাদের কথা মন দিয়ে শোনে।
সন্তান কোনো সমস্যার কথা জানালে সঙ্গে সঙ্গে বকাঝকা বা উপদেশ দেওয়া শুরু করলে সে ভবিষ্যতে তার কথা জানাতে ভয় পেতে পারে এবং ধীরে ধীরে কথা বলা বন্ধ করে দিতে পারে। তাই আগে তার কথা শুনতে হবে এবং অনুভূতিগুলো বুঝতে হবে। প্রয়োজনীয় পরামর্শ পরবর্তীতে দেওয়া যেতে পারে।
সন্তানের মতামতকে গুরুত্ব দিন
বর্তমান সময়ে শিশুদের বেড়ে ওঠার পরিবেশ আগের চেয়ে অনেক বদলেছে। প্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল যোগাযোগ তাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই কারণে অভিভাবকদের উচিত সন্তানদের আধুনিক চিন্তাভাবনা ও অভিজ্ঞতাগুলো বোঝার চেষ্টা করা। কেবল নিজেদের সিদ্ধান্ত সন্তানের ওপর চাপিয়ে দেওয়া সঠিক পদ্ধতি নয়।
কোনো বিষয়ে সন্তানের মতামতের সঙ্গে বাবা-মায়ের অমিল থাকলেও তা মন দিয়ে শোনা উচিত। সে হয়তো সব কথা গুছিয়ে বলতে পারে না, কিন্তু তার কথাগুলোর পেছনে নির্দিষ্ট গুরুত্ব থাকতে পারে।
এমনকি বাবা-মা কোনো ভুল করলে তা অকপটে স্বীকার করাও জরুরি। এতে সন্তানের কাছে অভিভাবকের সম্মান কমে না, বরং সে শেখে যে ভুল থেকে সবাই শিক্ষা নিতে পারে এবং মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে পারে।
দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে সম্পর্কও গুরুত্বপূর্ণ
শিশুর মানসিক বিকাশে পরিবারের বয়স্ক সদস্যদের ভূমিকা অনস্বীকার্য। দাদা-দাদি ও নানা-নানির সঙ্গে সময় কাটানোর মাধ্যমে শিশুরা পরিবারের ইতিহাস, পুরোনো দিনের গল্প এবং জীবনসংগ্রামের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পারে।
তাদের কাছ থেকে শিশুরা পারিবারিক বন্ধন, দায়িত্ববোধ এবং জীবনের বিভিন্ন মূল্যবোধ সম্পর্কে জানতে পারে। এই সম্পর্কগুলো শিশুর মনে পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি করে। তাই ব্যস্ততার মাঝেও শিশুদের পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দেওয়া উচিত।
শিশুরা যা দেখে, তা থেকেই শেখে
কেবল উপদেশ দিয়ে শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তারা বড়দের আচরণ পর্যবেক্ষণ করে অনেক কিছু শেখে। পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কীভাবে কথা বলেন, মতবিরোধ হলে তা কীভাবে সমাধান করেন কিংবা কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করেন—শিশুরা এসব খুব গভীরভাবে লক্ষ্য করে।
তাই সন্তানকে ধৈর্য্য, সততা এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দিতে হলে অভিভাবকদের নিজেদের আচরণেও এই গুণগুলোর চর্চা করতে হবে।
শিশুর জন্য সবচেয়ে বড় উপহার কী?
একটি শিশুর সুন্দর শৈশব কেবল পরীক্ষার ভালো ফলাফল বা দামি উপহার দিয়ে পরিমাপ করা যায় না। বরং সে পরিবারে কতটা ভালোবাসা ও গুরুত্ব পাচ্ছে, সেটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সন্তান যেন এই বিশ্বাস রাখতে পারে যে, জীবনে ব্যর্থ হলেও পরিবারের কাছে তার গুরুত্ব কখনো কমবে না। সে যেন নির্দ্বিধায় নিজের সমস্যা জানাতে পারে এবং পরিবারের পূর্ণ সহযোগিতা পায়।
বড় হওয়ার পর শিশুরা হয়তো শৈশবের ছোটখাটো ঘটনাগুলো মনে রাখবে না, কিন্তু পরিবার থেকে তারা কেমন আচরণ পেয়েছে, তাদের কথা কতটা গুরুত্ব দিয়ে শোনা হয়েছে এবং বিপদের সময় পাশে কাউকে পেয়েছে কি না—সেই স্মৃতিগুলো তাদের মনে আজীবন গেঁথে থাকবে।
তথ্যসূত্র: Gulf News