রাজধানী ঢাকার বাতাস দিন দিন বিষাক্ত হয়ে উঠছে। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাম্প্রতিক এক যৌথ গবেষণায় বায়ুদূষণের যে চিত্র সামনে এসেছে, তা কেবল হতাশাজনকই নয়, বরং জনস্বাস্থ্যের এক চরম জরুরি অবস্থার সংকেত দিচ্ছে। গবেষণায় দেখা গেছে, উত্তরার খালপাড় এলাকায় অতি ক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ১৪৪ মাইক্রোগ্রামে পৌঁছেছে। এই মাত্রা বাংলাদেশের জাতীয় মানমাত্রার চার গুণেরও বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সতর্কসীমার তুলনায় প্রায় ২৯ গুণ বেশি। অন্যদিকে, মাত্র ১০ কিলোমিটার দূরে নিকুঞ্জ এলাকায় এই মাত্রা ৩৫ মাইক্রোগ্রামের নিচে। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে বাতাসের মানের এই আকাশ-পাতাল পার্থক্য প্রমাণ করে যে, ঢাকার নির্দিষ্ট কিছু এলাকা এখন মানুষের বসবাসের ন্যূনতম যোগ্যতাই হারিয়েছে।
গবেষণার আরও একটি উদ্বেগজনক দিক উঠে এসেছে গণপরিবহন খাতের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে। পরীক্ষায় নেওয়া ১০টি বাসের মধ্যে ৮টি বাসই কাঠামোগত ও পরিবেশগত ফিটনেসে চরম ব্যর্থ হয়ে ‘লাল কার্ড’ পেয়েছে। এর অর্থ হলো, এই বাসগুলো যাত্রী পরিবহনের জন্য সম্পূর্ণ অনুপযোগী। চালক ও কন্ডাক্টরের কেবিনে বিষাক্ত ধোঁয়ার প্রবেশ, ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কালো ধোঁয়ার নির্গমন, বিআরটিএর বৈধ ফিটনেস সনদের অভাব এবং চালকদের স্বাস্থ্য পরীক্ষার ন্যূনতম ব্যবস্থার অনুপস্থিতি স্পষ্টভাবে ফুটে উঠেছে। কোনো বাসই ‘সবুজ কার্ড’ পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি, যা আমাদের গণপরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার চরম অকার্যকারিতাকেই নির্দেশ করে।
একইভাবে, রাজধানীর বিভিন্ন মোড়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ সদস্যরা বায়ুদূষণের প্রথম সারির শিকার হচ্ছেন। রাস্তার ধুলাবালি এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিষাক্ত কালো ধোঁয়া সরাসরি পুলিশ সদস্য ও পথচারীদের ফুসফুসে প্রবেশ করছে।
বায়ুদূষণের এই প্রলয়ংকরী প্রভাব দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যে ইতিমধ্যে মারাত্মক আঘাত হেনেছে। বিশ্বব্যাংকের ‘দ্য বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালাইসিস ২০২৩’ অনুযায়ী, বায়ুদূষণজনিত বিভিন্ন রোগে বাংলাদেশে প্রতি বছর অন্তত ১ লাখ ৫৯ হাজার মানুষের অকালমৃত্যু ঘটে। সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় ঢাকাকে প্রায় নিয়মিতই বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় দেখা যায়। অনিয়ন্ত্রিত রাস্তা খোঁড়াখুঁড়ি, নির্দিষ্ট সময়সীমা ছাড়া নির্মাণকাজ, উন্মুক্তভাবে মাটি ও বালু ফেলে রাখা এবং ফিটনেসবিহীন দূরপাল্লার যান ও গণপরিবহনের দৌরাত্ম্যই এই দূষণকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে।
এই চরম সংকট থেকে উত্তরণের জন্য আর সময় নষ্ট করার সুযোগ নেই। স্বল্পমেয়াদি সমাধান হিসেবে সিটি করপোরেশনগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুষ্ক মৌসুমে সকাল ও বিকেলে ঢাকার প্রধান প্রধান সড়ক এবং নির্মাণাধীন এলাকাগুলোতে পর্যাপ্ত পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া উন্মুক্ত মাটিতে ঘাস লাগানো ও সবুজায়নের মাধ্যমে ধুলাবালি ওড়া বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। তবে মূল সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদি প্রশাসনিক ও আইনি পদক্ষেপ। অনুপযোগী বাসগুলোকে সড়ক থেকে চিরতরে সরিয়ে ফেলতে হবে এবং গণপরিবহনে ধোঁয়াহীন ইঞ্জিন নিশ্চিত করা বাধ্যতামূলক করতে হবে। ওয়াসা, গ্যাস, বিদ্যুৎ বা অন্য যেকোনো সংস্থার রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ নির্দিষ্ট শুষ্ক মৌসুমের বদলে দ্রুততম সময়ে শেষ করতে হবে এবং নির্মাণসামগ্রী ঢেকে রাখার কঠোর আইন নিশ্চিত করতে হবে। পরিবেশ অধিদপ্তর এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সমন্বিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে প্রতিদিন বায়ুদূষণকারী উৎসের বিরুদ্ধে ঝটিকা অভিযান ও তাৎক্ষণিক জরিমানা কার্যকর করতে হবে।
ঢাকার বাতাস পরিষ্কার করা কেবল পরিবেশগত কোনো বিষয় নয়; এটি কোটি কোটি মানুষের বেঁচে থাকার মৌলিক মানবাধিকারের প্রশ্ন। প্রতিদিন লাখ লাখ মানুষকে বিষাক্ত গ্যাসে শ্বাস নিতে বাধ্য করে একটি নগরী উন্নত হতে পারে না। সব অজুহাত ও দায় চাপানোর সংস্কৃতি পরিহার করে সরকার, পরিবেশ অধিদপ্তর, সিটি করপোরেশন এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে এখনই মাঠে নামতে হবে।