জেমসের একটি জনপ্রিয় গানে ‘সেলাই দিদিমণি’ ডাকটি শোনা যায়। শহরের এক পোশাককর্মী তরুণীর চোখে সেই গানের মানুষটি যেন সুদিনের এক উজ্জ্বল আশা। সোহেদা বেগম ঠিক তেমনই একজন ‘সেলাই দিদিমণি’। ২০০১ সালে মাত্র ১৩ বছর বয়সে হবিগঞ্জ থেকে ঢাকায় এসে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স প্রায় ৪০ বছর। জীবনের দীর্ঘ এই পথচলা সোহেদার কেটেছে সেলাই মেশিনের অবিরাম খুটখুট শব্দের মধ্য দিয়ে।

রাজধানীতে আসার অল্প কিছুদিনের মাথায় অসুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যেতে বাধ্য হন। সুস্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে এসে কাজ শুরু করেন। দাপ্তরিক নথিতে দেখা যায়, ২০০৫ সালের মার্চ মাসে রাজধানীর রামপুরার ডিআইটি রোডে অবস্থিত সোলার গার্মেন্টস (প্রা.) লিমিটেডে যোগ দেন সোহেদা। শুরুতে হেলপার হিসেবে কাজ শুরু করলেও কঠোর পরিশ্রমে তিনি এখন সেখানকার সিনিয়র অপারেটর। শুধু তাই নয়, ২০১৮ সাল থেকে দুই দফায় নির্বাচিত হয়ে তিনি কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

সোহেদার দৈনন্দিন কাজের রুটিন শুরু হয় সকাল ৮টায়। যদি ওভারটাইম না থাকে, তবে বিকেল ৫টার মধ্যেই তাঁর কাজ শেষ হয়। তবে তাঁর স্বামী মো. শাহীন মুন্সির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন; তিনি রাত ১০টায় বাসায় ফেরেন। শাহীন একসময় সোহেদার একই কারখানায় কর্মরত ছিলেন। সেখানেই তাঁদের পরিচয় হয় এবং পরবর্তীতে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বর্তমানে শাহীন রামপুরারই অন্য একটি কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত আছেন, যার মাসিক বেতন ২০ হাজার টাকা। তাঁদের দুজনেরই সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার।

পশ্চিম রামপুরার একটি ভবনের নিচতলায় একটি মাত্র ঘরে সোহেদার সংসার। ঘরটি সাজানো হয়েছে একটি খাট, ফ্রিজ, টেলিভিশন, স্টিলের আলমারি এবং থালাবাসনের তাক দিয়ে। খাটে সোহেদার মা তাঁর দুই নাতিকে নিয়ে ঘুমান, আর মেঝেতে তোশক পেতে ঘুমান সোহেদা ও শাহীন। নিচতলার আরও দুটি পরিবারের সঙ্গে তাঁদের রান্নাঘর ও শৌচাগার ভাগ করে নিতে হয়। গত ৩০ অক্টোবর, শুক্রবার দুপুরে এই ঘরেই সোহেদা ও তাঁর পরিবারের সঙ্গে কথা হয়।

সেদিন দুপুরে তাঁদের মেনুতে ছিল ছোট পাবদা মাছের ঝোল, শাক এবং শুঁটকির তরকারি। সোহেদা হেসে জানান, সপ্তাহে মাত্র এক-দুই দিন মাছ খাওয়া হয়, বাকি দিনগুলো চলে ডাল, শাক আর আলুভর্তায়। কোরবানির ঈদে পরিচিতদের দেওয়া মাংস তাঁরা ফ্রিজে সংরক্ষণ করেন। তিনি বলেন, ‘কিইন্যা মাংস খাওয়া হয় না। মেহমান আসলে পোলট্রি কিনি মাঝেমধ্যে।’

সোহেদার দুই ছেলে রয়েছে। বড় ছেলে মো. সিয়াম ব্যবসায় শিক্ষা বিভাগে একাদশ শ্রেণিতে পড়ছে এবং ছোট ছেলে সায়িম একটি স্কুলের প্লে গ্রুপে পড়াশোনা করছে। ২০০৯ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে মা শাহিদা বেগম সোহেদার কাছেই থাকেন। একসময় তিনিও পোশাক কারখানায় কাজ করলেও অসুস্থতার কারণে তা ছেড়ে দেন। বর্তমানে নাতিদের দেখাশোনা এবং রান্নার দায়িত্ব তাঁর ওপর। এতে মা ও মেয়ে উভয়েই স্বস্তি পেয়েছেন।

সোহেদার শ্বশুরবাড়ি বরিশালে, যেখানে তাঁর শাশুড়ি এবং এক দেবর খাসজমিতে থাকেন। সেই বরিশালেই একটি নিজস্ব বাড়ির স্বপ্ন দেখেন সোহেদা। তিনি বলেন, ‘টিন, ছন দিয়া হইলেও একটা বাড়ি করার স্বপ্ন তো দেখি।’ এছাড়া বড় ছেলের পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পাওয়ার স্বপ্ন তাঁর মনে লালন করা।

কর্মজীবনে সোহেদার প্রথম বেতন ছিল মাত্র ১ হাজার ৩০০ টাকা। বর্তমানে তিনি প্রায় ১৭ হাজার টাকা বেতন পান, তবে ওভারটাইম করলে তা মাসে ২৫-২৬ হাজার টাকায় পৌঁছায়। যদিও এখন আগের মতো ওভারটাইম করতে হয় না।

পেছনের দিনগুলোর কথা মনে করে সোহেদা বলেন, ‘কিশোরী বয়সে যখন কাজ শুরু করছিলাম, তখন কোনো হাওয়াই বুঝতাম না। পড়াশোনাও তো করি নাই। স্যারেরা পোশাকের বডির কথা বলত, আমি ভাবতাম এইখানে শাক-পাতা কাটার বডি (বঁটি) দিয়া কী করব?’ তবে সময়ের পরিবর্তন হয়েছে। এখন শ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে বিদেশি ক্রেতারা কারখানায় এলে সোহেদার ডাক পড়ে।

নিজের পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘আগে ছিলাম সাধারণ একজন মেয়ে। এখন মাঝে মাঝে বিদেশিরাও সম্মান করেন। তখন নিজেকে একটু অন্য রকম লাগে। কারখানার শ্রমিকেরা কোনো অন্যায় করলে মালিকপক্ষের প্রতিনিধি এসে বলেন, “তোর ওয়ার্কার এইটা করছে।’’ শ্রমিক তো মালিকেরই, তারপরও এমন বললে ভালো লাগে। মনে হয় জীবনে কিছু একটা করতে পারছি।’

সোহেদার চোখের সামনেই বদলেছে কারখানার পরিবেশ। শুরুর দিকে সুপারভাইজারদের অশোভন আচরণ সহ্য করতে হতো, কিন্তু চাকরি হারানোর ভয়ে প্রতিবাদ করা সম্ভব ছিল না। এখন তিনি কারখানার অন্য মেয়েদের এমন ঘটনায় প্রতিবাদ করতে এবং অভিযোগ জানাতে উৎসাহিত করেন। তাঁর বিশ্বাস, এর ফলে হয়রানি অনেক কমেছে।

ব্যক্তিগত জীবনের কষ্টগুলো তিনি শ্রমিকদের জন্য সাফল্যে রূপান্তর করেছেন। বড় ছেলের জন্মের সময় মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় তাঁকে চাকরি ছাড়তে হয়েছিল। কিন্তু ইউনিয়নের নেতৃত্বে আসার পর তিনি কারখানায় চার মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি চালু করতে সক্ষম হন। এছাড়া নারীদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। আগে শৌচাগারে যাওয়ার জন্য কার্ডের নিয়ম ছিল, যা এখন বাতিল করা হয়েছে। আগে ছুটির সময় রাত ১০টা বাজত, এখন বিকেল ৫টা বাজলেই ছুটি হয়।

এই অধিকারগুলো আদায়ের পথে মালিকপক্ষের সঙ্গে অনেক বিরোধ হয়েছে। তবে সোহেদার মতে, বর্তমানে মালিকপক্ষ অনেক বেশি সচেতন এবং শ্রমিক ফেডারেশনগুলোও সোচ্চার, ফলে আগের মতো উত্তেজনা আর হয় না।

স্বামী-স্ত্রী দুজনের আয় থাকলেও মাস শেষে তাঁদের হিমশিম খেতে হয়। ৯ হাজার টাকা ঘর ভাড়া এবং বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ। পাঁচজনের খাবারের জন্য মাসে ১০ হাজার টাকার বেশি খরচ হয়। এছাড়া বরিশালে শাশুড়ির জন্য মাসে ৩-৪ হাজার টাকা পাঠাতে হয়।

চিকিৎসা খরচও তাঁদের জন্য বড় বোঝা। সোহেদার আর্থ্রাইটিসের ওষুধে মাসে ১ হাজার ৮০০ টাকা এবং মায়ের ওষুধে ১ হাজার টাকা লাগে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ৫ আগস্ট কারখানায় যাওয়ার পথে কাঁদানে গ্যাসে শাহীনের চোখ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক লাখ টাকা খরচ করেও তাঁর দৃষ্টি এখনো ঝাপসা। চিকিৎসার জন্য তাঁদের ঋণ করতে হয়েছে। এছাড়া ছোট ছেলের স্কুলের মাসিক খরচ ১ হাজার ৪০০ টাকা এবং বড় ছেলের সরকারি কলেজে বছরে ৬ হাজার টাকা লাগে।

মাস শেষে কোনো সঞ্চয় থাকে না, বরং প্রায় ২০ হাজার টাকা দেনা জমেছে। গত অক্টোবরেও ৫ হাজার টাকা ধার করতে হয়েছে। তবে এই টানাটানির মধ্যেও সোহেদা তাঁর বেতনের টাকা নিজের ইচ্ছামতো খরচ করতে পারেন। তিনি হেসে বলেন, ‘বেতনের টাকা স্বামীর হাতেই তুইল্যা দিতে হয় না। খরচের স্বাধীনতা আমার আছে। তা না হইলে তো নেতৃত্ব দিতে পারতাম না। আর আমরা স্বামী-স্ত্রী একজন আরেকজনরে বুঝি, সম্মান করি, তাই ঝামেলা হয় না।’

স্ত্রীর এই অবদান স্বীকার করেন শাহীনও। তিনি বলেন, ‘ও কারখানায় কাজ কইরা সংসারটারে টিকাইয়্যা রাখছে। বাচ্চা নিয়া ঢাকা শহরে থাকতে পারতেছি।’