সাধারণত সন্তান জন্মদানের পর মায়েরা কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন, যা একটি প্রচলিত নিয়ম। তবে সন্তানের পরিবর্তে ঘরে আনা একটি নতুন কুকুরছানার জন্য বেতনসহ ‘মাতৃত্বকালীন ছুটি’ চেয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী কর্মী। এমনকি কর্তৃপক্ষ যদি তাঁর এই ছুটির আবেদন গ্রহণ না করে, তবে তাঁদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তোলার হুমকিও দিয়েছেন তিনি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে এই অদ্ভুত দাবিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকেরা যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার একটি ভিডিও প্রদর্শন করেন। ওই কর্মকর্তা জানান, এক নারী কর্মীর ছুটির দাবি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিষয়টি নিয়ে তাঁকে প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে। প্রতিষ্ঠানটি ছুটি দিতে রাজি না হওয়ায় ওই কর্মী উল্টো অভিযোগ করেছেন যে, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।
রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো একটি ই-মেইল পড়ে শোনানো হয়। সেখানে তিনি লিখেছেন, “সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি। এখন আমি আরেকটি প্রাণের অভিভাবক। সে প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। আমি একটুও ঘুমাতে পারছি না এবং একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, আমিও ঠিক তা-ই অনুভব করছি।”
এর বিপরীতে এইচআর বিভাগ থেকে ওই কর্মীকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, মাতৃত্বকালীন ছুটির নিয়মটি কেবল সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্যই প্রযোজ্য। তবে এই যুক্তিতে সন্তুষ্ট হননি ওই নারী। তাঁর দাবি, সন্তান জন্ম দেওয়া বা না–দেওয়ার বিষয়টি এখানে কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।
কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ হিসেবে উল্লেখ করে তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ সবেতন মাতৃত্বকালীন ছুটি দাবি করেন ওই কর্মী। ই-মেইলের শেষ অংশে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ছুটি না দিলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ করবেন।
রেডিও অনুষ্ঠানের শ্রোতাদের মধ্যে এই দাবিটি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এবং প্রায় সবাই ঊর্ধ্বতন কর্মকর্তার অবস্থানের পক্ষে মত দিয়েছেন। ক্ষোভ প্রকাশ করে একজন মা বলেন, “অস্ত্রোপচারের পর শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মাত্র ছয় সপ্তাহের ছুটিতে ফিরতে হয়েছিল। আর উনি একটি কুকুরের জন্য আট সপ্তাহের ছুটি চান!”
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু মানুষ কুকুরছানা লালন-পালনের কষ্ট ও পরিশ্রমকে বিবেচনায় নেওয়ার কথা বললেও, অধিকাংশের মতে এমন ছুটি কোনোভাবেই কোনো প্রাতিষ্ঠানিক অধিকার হতে পারে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা বা সরকারি বিধান নেই। তবে দেশটির কিছু বেসরকারি প্রতিষ্ঠান তাদের নিজস্ব অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের কয়েক দিন থেকে সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।