সাধারণত মানুষ জ্বরে আক্রান্ত হলে লেপ মুড়ে শুয়ে থাকেন, গরম স্যুপ খান অথবা রিমোট হাতে নিয়ে টিভি চ্যানেল পরিবর্তন করেন। ইমরান খানও হয়তো তেমনটাই করছিলেন। তবে তাঁর সেই অসুস্থতার দিনগুলোতে টিভি চ্যানেলে যা দেখেছিলেন, তা পাকিস্তান ক্রিকেটের পরবর্তী দুই দশকের গতিপথ বদলে দিয়েছিল।
টেলিভিশনে তখন চলছিল সুপার উইলস কাপের একটি ম্যাচ। লড়াই চলছিল ভারত ও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুই চ্যাম্পিয়ন দল দিল্লি ও ইউনাইটেড ব্যাংকের মধ্যে। সেই ম্যাচে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ৫-৬টি ম্যাচ খেলা এক রোগা কিশোরের বিধ্বংসী বোলিং নজর কাড়ছিল। ওয়াকার ইউনিস নিজেই স্মৃতিচারণ করে জানিয়েছেন, সেই সুযোগটি তিনি পেয়েছিলেন অত্যন্ত আকস্মিকভাবে। বাড়িতে বসে অসুস্থ অবস্থায় ইমরান খান সেই স্পেলটি দেখেছিলেন।
পরদিন ইমরান নিজেই মাঠে হাজির হন। সম্ভবত তাঁর জ্বর পুরোপুরি কাটেনি, তবে কৌতূহল ছিল প্রবল। কিছুক্ষণ বোলিং দেখার পর সেই গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে তিনি ঘোষণা করেন, ‘তুমি পাকিস্তানের হয়ে খেলার জন্য শারজা যাচ্ছ।’
ব্যাস, এটুকুই ছিল পুরো প্রক্রিয়া। কোনো আনুষ্ঠানিক ট্রায়াল বা নির্বাচক কমিটির দীর্ঘ বৈঠকের প্রয়োজন হয়নি। একজন অধিনায়কের জ্বরে আক্রান্ত চোখ আর একটি মাত্র বাক্যই যথেষ্ট ছিল। তখন ওয়াকারের বয়স ছিল মাত্র ১৭-১৮ বছর। অবিশ্বাস্য এই অভিজ্ঞতার কথা তিনি আজও ভুলতে পারেননি।
জিনিউজ ও আজতকের সাবেক সাংবাদিক শুভঙ্কর মিশ্রের একটি জনপ্রিয় পডকাস্টে কথা বলার সময় ওয়াকার এই সব কথা জানিয়েছেন। সেখানে ইমরান খান, ওয়াসিম আকরামের সঙ্গে সম্পর্ক, জসপ্রীত বুমরা এবং জাভেদ মিয়াঁদাদের সেই ঐতিহাসিক ছক্কা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পডকাস্টের শেষ পর্যায়ে একটি ‘র্যাপিড ফায়ার’ পর্বে ওয়াকার এমন কিছু তাৎক্ষণিক উত্তর দিয়েছেন, যা ক্রিকেট প্রেমীদের মাঝে দীর্ঘ তর্কের জন্ম দিতে পারে।
নব্বইয়ের দশকে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস ছিলেন পাকিস্তানের দুই প্রধান অস্ত্র এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। ওয়াকার জানান, জুটি বেঁধে বোলিং করলেও তাঁদের নিজেদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা চলত। তিনি বলেন, ‘আমাদের দুজনেরই দল থেকে বাদ পড়ার কোনো ভয় ছিল না, আসল প্রতিযোগিতা ছিল একে অন্যের সঙ্গে। তিনি ৪ উইকেট নিলে আমি চেষ্টা করতাম ৫ উইকেট নিতে। এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা আমাদের দুজনকেই সেরাটা দিতে বাধ্য করত আর পাকিস্তান ক্রিকেটও এগিয়ে যেত তাতে।’
তবে ভরসার প্রশ্নে ওয়াকার অত্যন্ত স্পষ্ট। শেষ ওভারে ৬ রান বাঁচাতে হলে অধিনায়ক হিসেবে তিনি কাকে বেছে নেবেন, এমন প্রশ্নে তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি চোখ বন্ধ করে ওয়াসিম আকরামের ওপরই ভরসা রাখতাম।’
শুভঙ্কর মিশ্র জানতে চেয়েছিলেন, জসপ্রীত বুমরাকে কি ‘ডানহাতি ওয়াসিম আকরাম’ বলা যায়? এই জটিল প্রশ্নে অনেক কিংবদন্তি ভুল উত্তর দিয়ে থাকেন, তবে ওয়াকার সতর্ক ছিলেন। তিনি প্রথমে জানান, ভিন্ন যুগের দুই বোলারের মধ্যে সরাসরি তুলনা করা সম্ভব নয়। এরপর তিনি বলেন, ‘টি-টুয়েন্টি ও ওয়ানডের মতো সাদা বলের ক্রিকেটে বুমরার মতো ইমপ্যাক্ট বোলার বিশ্ব ক্রিকেটে আর কেউ নেই। ভারতীয় অধিনায়ক কঠিন পরিস্থিতিতে যখনই তাঁর হাতে বল তুলে দেন, বুমরা প্রতিবারই ব্রেক থ্রু এনে দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন।’
১৯৮৬ সালের শারজার সেই স্মৃতিও মনে করেন ওয়াকার। শেষ বলে চার রান প্রয়োজন, বোলার চেতন শর্মা এবং ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদ। তখন ১৪ বছর বয়সী ওয়াকার শারজাতেই থাকতেন এবং খুব কাছ থেকে সেই বিখ্যাত ছক্কাটি দেখেছিলেন। ওয়াকারের মতে, ওই একটি ছক্কা পাকিস্তান ক্রিকেটের মানসিকতা রাতারাতি বদলে দিয়েছিল। তিনি বলেন, ‘শেষ বলে চার দরকার, আর ছক্কা মেরে ম্যাচ জেতা, এমন ঘটনা বিশ্ব ক্রিকেট আগে দেখেনি। শটটা পাকিস্তানে নতুন জোয়ার আর ক্রিকেটে হিরোইজমের জন্ম দিয়েছিল।’ যে শারজায় তিনি দর্শক হিসেবে সেই ছক্কা দেখেছিলেন, কয়েক বছর পর সেই শারজার টিকিটই ইমরান খান তাঁর হাতে তুলে দিয়েছিলেন।
১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষিক্ত হন ১৬ বছর বয়সী শচীন টেন্ডুলকার। সেই একই টেস্টে অভিষেক হয় ওয়াকার ইউনিসেরও। প্রথম দেখায় শচীনকে শিশুর মতো মনে হয়েছিল তাঁর। তবে পরবর্তীতে শিয়ালকোটের সবুজ উইকেটে সেই কিশোরই বুঝিয়ে দেন যে প্রতিভার কোনো বয়স হয় না। ওয়াকার স্মৃতিচারণ করে বলেন, শিয়ালকোটের সবুজ উইকেটে বাউন্সারে নাকে লেগে রক্ত বের হওয়ার পরও সে যেভাবে ঘুরে দাঁড়িয়ে ৪০-৪৫ রানের ইনিংস (আসলে ৫৭) খেলেছিল, তখনই বুঝেছিলাম এই ছেলে ক্রিকেট বিশ্বের বিশেষ একজন হতে যাচ্ছে।
নিজের সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে তিনি ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের নাম নেন এবং তাঁদের অপ্রতিদ্বন্দ্বী বলেন। এছাড়া তিনি রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলী, বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্মণ, ভিভ রিচার্ডস ও ওয়াহ ব্রাদার্সের নামও উল্লেখ করেন।
সব স্মৃতি তবে সুখকর ছিল না। ১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ৮ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়ে দারুণ বোলিং করছিলেন ওয়াকার। কিন্তু এরপর অজয় জাদেজার আক্রমণ শুরু হয় এবং শেষ দুই ওভারে ওয়াকার ৪০ রান দিয়ে বসেন। সেই ক্ষত নিয়ে জাদেজাকে মজা করে ওয়াকার বলেছিলেন, ‘তোমাকে যদি আমি ৮০০ বারও আউট করি, তা–ও এই ক্ষত সারবে না।’
পডকাস্টের শেষ দ্রুত উত্তর পর্বে ইমরান খান বনাম কপিল দেবের লড়াইয়ে তিনি ইমরান খানকে বেছে নেন। শচীন টেন্ডুলকার বনাম ইনজামাম-উল-হকের লড়াইয়ে তাঁর পছন্দ শচীন। বিরাট কোহলি বনাম বাবর আজমের লড়াইয়ে তিনি বিরাট কোহলিকে এবং জসপ্রীত বুমরা বনাম শাহিন আফ্রিদির লড়াইয়ে বুমরাকে বেছে নেন। তবে বীরেন্দর শেবাগ বনাম সাইদ আনোয়ারের লড়াইয়ে তিনি সাইদ আনোয়ারের নাম বলেন। সব মিলিয়ে পাঁচ প্রশ্নের উত্তরে তিনবার ভারতীয় এবং দুইবার পাকিস্তানি ক্রিকেটারদের বেছে নিয়েছেন ওয়াকার।