চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি গলির দেয়ালে ‘জয় বাংলা’ এবং ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লেখার ঘটনায় ছয় ছাত্রীর লিখিত জবানবন্দি গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত ছাত্রীদের দাবি, তারা কেবল ‘ইয়ার্কির (মজার) ছলে’ দেয়ালে এসব লিখেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের শরীরী ভাষা বা আচরণ তেমনটি ছিল না।

ঘটনাটি জানাজানি হয় যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে কয়েকজন ছাত্রী ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন স্লোগান লিখছে। এই ভিডিওটি সামনে আসার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এই ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণির একজন এবং সপ্তম শ্রেণির চারজন ছাত্রীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সপ্তম শ্রেণির আরও এক ছাত্রী এবং নেপথ্যে থেকে নির্দেশ দেওয়া অষ্টম শ্রেণির এক ছাত্রীর নাম সামনে আসে।

আজ শুক্রবার বিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে অভিযুক্ত ছয় ছাত্রী এবং তাদের অভিভাবকরা উপস্থিত হন। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের লিখিত বক্তব্য নেওয়া হয়। এই প্রক্রিয়ায় জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামান এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ফাহাদ চৌধুরী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের লিখিত বক্তব্য গ্রহণ শেষ হলে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমসহ শিক্ষক প্রতিনিধিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় স্থিরচিত্র সংগ্রহ করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন পঞ্চম শ্রেণির এবং পাঁচজন সপ্তম শ্রেণির ছাত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় তারা দাবি করেছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা প্রলোভনের বশবর্তী হয়ে নয়, বরং ‘ইয়ার্কির ছলে’ তারা দেয়ালে এসব লিখেছে। তারা আরও জানিয়েছে যে, তাদের পরিবারগুলোর কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

তদন্তকারী সূত্রে আরও জানা গেছে, জিজ্ঞাসাবাদের শেষ পর্যায়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী তার জবানবন্দিতে উল্লেখ করে যে, ঘটনার সময় ক্যামেরার পেছনে দাঁড়িয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রী তাদের এই লেখাগুলো লিখতে নির্দেশ দিয়েছিল।

এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মুক্তকণ্ঠকে বলেন, “অভিযুক্তদের মধ্যে একজন দেয়ালে লেখার কথা স্বীকার করলেও বাকিরা দাবি করেছে তারা শুধু সেখানে দাঁড়িয়ে ছিল। কী লেখা হবে তা তারা জানত না বলেও দাবি করেছে।”

তবে ছাত্রীদের এই দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, “তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা কিন্তু নিরপরাধ কিছু বলছিল না। এমনকি একজনকে বেশ উত্তেজিত অবস্থায় স্লোগান দেওয়ার ভঙ্গিতেও দেখা গেছে।”

এদিকে, নেপথ্যে থাকা অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রীর কাছ থেকে প্রকৃত তথ্য যাচাই করতে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেছে। আজ বিকেলের মধ্যেই তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে জেলা ও পুলিশ প্রশাসন নিয়মিত খোঁজখবর রাখছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ছাত্রীদের কাছ থেকে কোনো মুচলেকা নেওয়া হয়নি, কেবল আত্মপক্ষ সমর্থনের জন্য লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। অষ্টম শ্রেণির অভিযুক্ত ছাত্রীর বক্তব্য পাওয়া গেলে পুরো ঘটনার একটি সারসংক্ষেপ তৈরি করে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। পরবর্তীতে ডিসিপ্লিনারি কমিটির সুপারিশ এবং প্রচলিত বিধিমালা অনুযায়ী চূড়ান্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।