ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে বড় ধরনের ধাক্কা খেল বাংলাদেশ দল। ফিল্ডিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম। বর্তমানে তিনি ব্যাট করার মতো শারীরিক অবস্থায় নেই। চোটের পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার স্ক্যান করা হয়েছে। তবে ইনজুরি কতটা গুরুতর, তা জানতে আরও একদিন অপেক্ষা করতে হবে।

আগামী শনিবার (৭ নভেম্বর) স্ক্যানের রিপোর্ট আসার কথা রয়েছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সাদমানের মাঠে ফেরার সম্ভাবনা কতটুকু।

শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে এক ভিডিও বার্তার মাধ্যমে সাদমানের শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট দিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

সাদমানের চোট প্রসঙ্গে তিনি বলেন, “সাদমান ইসলাম আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে। পরবর্তীতে ও আর ফিল্ডিং করতে পারেনি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি ওর স্ক্যান করানো হয়েছে। মনে হচ্ছে, ওর একটা ইনজুরি আছে।”

চোটের বিস্তারিত রিপোর্ট কবে পাওয়া যাবে, সে বিষয়ে ফিজিও জানান, “আগামীকাল আমরা ইনজুরির রিপোর্টটা পেয়ে যাব। যে স্ক্যানটা করা হয়েছে, সেটার রিপোর্ট পাব। তারপর বিস্তারিত সবকিছু জানানো যাবে, কতদিন কেমন লাগতে পারে।”

তবে চলমান এই টেস্ট ম্যাচে সাদমানের ব্যাটিং নিয়ে কোনো আশাব্যঞ্জক কথা বলেননি বায়েজিদুল। তার মতে, এই মুহূর্তে প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো শারীরিক সক্ষমতা নেই সাদমানের। ফিজিও স্পষ্টভাবে জানান, “এই মুহূর্তে ও প্রথম ইনিংসে ব্যাটিং করার মতো অবস্থায় নেই।”

ঘটনাটি ঘটে শুক্রবার সকালে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৭৮তম ওভারে বাউন্ডারি লাইনে বল আটকাতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে ফেলেন সাদমান। মেহেদী হাসান মিরাজের বলে আমির জাঙ্গুর করা একটি শট আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি।

তীব্র যন্ত্রণার কারণে নিজের পায়ে হেঁটে মাঠ ত্যাগ করা সম্ভব হয়নি এই ওপেনারের। শেষ পর্যন্ত স্ট্রেচারের সাহায্যে তাকে মাঠের বাইরে নেওয়া হয় এবং পরবর্তীতে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

সাদমানের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামতে হয়েছে নাঈম হাসানকে। তবে স্বাগতিকদের শুরুটা খুব একটা সুখকর হয়নি। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ ৩ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের বিপরীতে স্বাগতিকরা এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে।

চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটিং লাইনের অন্যতম প্রধান ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সাদমান। মিরপুরে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি ১০৫ রানের একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। তাই সিলেটে সিরিজ বাঁচানোর লড়াইয়ে তার এই অনুপস্থিতি বাংলাদেশকে বড় ধরনের সংকটে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।