দেশব্যাপী সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং প্রচার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ৫৬ দিনব্যাপী বিশেষ দাওয়াতি ও সদস্য সংগ্রহ কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। আজ শুক্রবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর পল্টনে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চতুর্থ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিস্তারিত আলোচনার পর এই কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রিদওয়ান মাযহারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকিরের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতি রিদওয়ান মাযহারী বলেন, “ছাত্রসমাজের মধ্যে নৈতিকতা, আদর্শিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে ছাত্র জমিয়ত কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এ দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সকল দায়িত্বশীল নেতা ও কর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।

অন্যদিকে সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, “সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিকল্প নেই। এ অভিযানের মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরা হবে।”

নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পিত উপায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য নতুন নতুন ইউনিট গঠনের বিষয়ে নেতারা বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত সভায় কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ নুর হোসাইন, কাউসার আহমাদ (ঢাকা) ও কাওছার আহমদ (সিলেট), যুগ্ম সাধারণ সম্পাদক মুইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, হাসান মাহমুদ, আবু সুফিয়ান মানসুর ও বায়জিদ আহমাদ সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা বিভাগ), ফোরকান আলী (চট্টগ্রাম বিভাগ) ও ফাহিম আহমদ (সিলেট বিভাগ) উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমাদ, প্রচার সম্পাদক আহমাদ আল গাজি, দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন, প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফীন, সাহিত্য সম্পাদক উবাইদুল্লাহ খুরশিদ, বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।