পবিত্র কোরআন শরীফের ৩০ পারা নিজের হাতে লিখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মাত্র ৯ বছর বয়সী এক শিশু। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অরিনা সাফা টানা ৪০ দিনের কঠোর পরিশ্রমে এই পবিত্র গ্রন্থটি লিখেছে এবং তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার প্রদান করেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই কোরআন শরীফটি তুলে দেয় অরিনা।

অরিনা সাফা বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। নিজের হাতে লেখা এই পবিত্র কিতাবটি দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পেরে সে অত্যন্ত আনন্দিত। এই অনুভূতি ব্যক্ত করে অরিনা বলে, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।”

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার মুহূর্তটি কেমন ছিল, তা জানতে চাইলে অরিনা জানায়, শুরুতে সে কিছুটা নার্ভাস ছিল এবং মনে কিছুটা ভয় কাজ করছিল। তবে কথা শুরু হওয়ার পর সেই জড়তা দ্রুতই কেটে যায়। অরিনার ভাষ্যমতে, প্রধানমন্ত্রী তার সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কথা বলেছেন।

অরিনা আরও বর্ণনা করে যে, প্রধানমন্ত্রীর কথা বলার ধরন ছিল এতটাই আপন, যেন পরিবারেরই কোনো সদস্যের সঙ্গে কথা বলছে সে। শুরুতে যে ভয় ও সংকোচ কাজ করছিল, আন্তরিক কথাবার্তায় তা পুরোপুরি দূর হয়ে যায়। পুরো অভিজ্ঞতাটি তার কাছে অত্যন্ত সুখকর মনে হয়েছে।

নিজের লেখা কোরআন শরীফ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার সিদ্ধান্তটি কীভাবে নিল, সেই প্রশ্নের জবাবে অরিনা বলে, “প্রধানমন্ত্রী খুলনায় আসছেন জানতে পেরে তাকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবছিল সে। পরে মনে হয়েছে, নিজের জীবনের সেরা কাজটিই তাকে উপহার দেওয়া যায়। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন শরীফের চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!”

উপহারটি গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া দেখে অরিনা বেশ খুশি। তার বিশ্বাস, প্রধানমন্ত্রী এই বিশেষ উপহারটি পেয়ে আনন্দিত হয়েছেন। নিজের এই অনন্য অর্জন এবং আনন্দের কথা সে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা তার অনুসারীদের জানাতে আগ্রহী।

এই বিষয়ে অরিনা বলে, “ফেসবুকে আমার লক্ষ লক্ষ ফলোয়ার আছে, তাদের দেখাতে পারব যে সম্পূর্ণ কোরআন শরীফটি লিখে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছি।”