হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্যাককেনা গ্রেস অভিনয়ের ক্ষেত্রে নিজস্ব কিছু নৈতিক মানদণ্ড বজায় রাখতে বদ্ধপরিকর। বিশেষ করে নগ্নতা বা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্য রয়েছে এমন কোনো চরিত্রে অভিনয় করতে আগ্রহী নন তিনি। এর পেছনে বড় একটি কারণ হলো তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন—একদিন বড় পর্দায় ডিজনির রাজকন্যা হয়ে ওঠা।

সম্প্রতি কসমোপলিটন সাময়িকীর সঙ্গে আলাপকালে নিজের অভিনয়ের পছন্দ ও অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেন ম্যাককেনা। ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ চলচ্চিত্রের প্রচারণার এক পর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয়, কোন ধরনের চরিত্রের প্রস্তাব তিনি সরাসরি প্রত্যাখ্যান করবেন?

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘এই মুহূর্তে আমি নগ্নতা কিংবা অতিরিক্ত যৌন আবেদনময় কোনো দৃশ্যে অভিনয় করি না। যাঁরা এসব করতে স্বচ্ছন্দ, তাঁদের আমি সম্মান করি। কিন্তু আমার কাছে বিষয়টি ভীষণ ভীতিকর। ভবিষ্যতে আমার এই মনোভাব বদলাবে কি না, জানি না। অবশ্য তার মানে এই নয় যে আমি শুধু পরিচ্ছন্ন বা নিরীহ চরিত্রেই অভিনয় করি। “স্ক্রিম” ছবিতে আমার চরিত্রকে ঘোস্টফেস আক্ষরিক অর্থেই নৃশংসভাবে হত্যা করে। তবে আমার স্বপ্ন, একদিন ডিজনির রাজকন্যা হওয়ার।’

ম্যাককেনার এই দৃঢ় অবস্থান হলিউডের আরেক অভিনেত্রী অ্যামি অ্যাডামসের কথা মনে করিয়ে দেয়। ২০০৭ সালে ‘এনচ্যান্টেড’ চলচ্চিত্রে জিসেল চরিত্রে অভিনয় করে ডিজনির রাজকন্যা হিসেবে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন অ্যামি। সেই চরিত্রের ব্যাপক জনপ্রিয়তা এবং বিশেষ করে শিশু দর্শকদের ভালোবাসার কথা মাথায় রেখে পরবর্তী সময়ে তিনি বেশ কিছু অশালীন ও কৌতুকনির্ভর কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

একবার ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের একটি রসাত্মক গানে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন অ্যামি অ্যাডামস। তবে গানটির বিষয়বস্তু ছিল অত্যন্ত খোলামেলা, যার ফলে তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। পরবর্তীতে অ্যান্ডি সামবার্গ জানান, অ্যামির যুক্তি ছিল যে ‘এনচ্যান্টেড’ দেখার পর অনেক ছোট শিশু তাঁর ভক্ত হয়ে গেছে এবং ওই ধরনের পরিবেশনা দেখলে তারা বিব্রত হতে পারে। ফলে নিজের পরিচিত চরিত্রের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে চাননি তিনি।

অন্যদিকে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় না করার কথা সম্প্রতি জানিয়েছেন হলিউডের আরেক তারকা অভিনেত্রী আমান্ডা সাইফ্রিড। গত সেপ্টেম্বরে হ্যাম্পটনস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি জানান, যৌন দৃশ্যের আধিক্যের কারণে তিনি একটি সিরিজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এছাড়া অপরিচিত কারও সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করতে তিনি এখন আর স্বচ্ছন্দ বোধ করেন না বলেও উল্লেখ করেন।

বর্তমানে ম্যাককেনা গ্রেসের হাতে বেশ কিছু বড় প্রজেক্ট রয়েছে। বড় পর্দায় সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘স্ক্রিম ৭’ ছবিতে। আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে যাওয়া ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ চলচ্চিত্রে মেইসিলি ডোনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নেটফ্লিক্সের লাইভ অ্যাকশন ‘স্কুবি-ডু’ সিরিজে ড্যাফনি চরিত্রে তাঁর অভিনয় দেখা যাবে।