চট্টগ্রাম নগরের কসমোপলিটন এলাকায় রডবোঝাই ট্রাকের ধাক্কায় আবদুল মান্নান (৬১) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রিয়াদ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আমি বাসার দিক উঠছিলাম। হঠাৎ দেখি রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানের দিকে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই দেখি ট্রাকটা সজোরে ওই দোকানে ধাক্কা দেয়। ট্রাকের রডগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে আর মানুষটা চলে যায় ট্রাকের নিচে। পরে সবাই চেষ্টা করে তাঁকে কোনোভাবে বের করি। পরে পুলিশ এসে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে।”

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত আবদুল মান্নান কসমোপলিটন আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকেল সাড়ে চারটার দিকে রডবোঝাই একটি ট্রাক কসমোপলিটন আবাসিক এলাকার ভেতরের সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর ট্রাকে থাকা রডগুলো ছিটকে পড়ে চারদিকে ছড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল মান্নান মারা যান।

পাঁচলাইশ থানার কনস্টেবল মীর মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে জানান, আবদুল মান্নান নোয়াখালী জেলার বাসিন্দা। তাঁর মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।