সিলেট টেস্টের প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু সেঞ্চুরি করে এখনো ক্রিজে অপরাজিত রয়েছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, ক্যারিবিয়ানরা এই ম্যাচে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

আগামীকাল সকালে নিজেদের রান আরও বাড়িয়ে প্রথম ইনিংসেই বাংলাদেশকে চাপে ফেলার পরিকল্পনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তবে তারা ঠিক কত রান লক্ষ্য হিসেবে রাখছে, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল অভিষেক ইনিংসে হাফ সেঞ্চুরি করা কেভিন উইকহামকে। দিন শেষে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে কেভিন উইকহাম বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া—হতে পারে ৪০০ বা ৩৫০-এর বেশি। কারণ, উইকেট যেমন আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই বড় সংগ্রহ গড়ে নেওয়া ভালো হবে। এতে প্রতিপক্ষকে দুইবার অলআউট করার সুযোগ তৈরি হবে।’

আমির জাঙ্গুর সঙ্গে ১৩৩ রানের একটি বড় জুটির মাধ্যমে দলের রানের মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছেন উইকহাম। নিজে ৬১ রান করে আউট হয়ে গেলেও দলের বাকি ব্যাটসম্যানদের কাছ থেকে বড় প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। উইকহামের মতে, ‘আমরা জানি, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা আরও খারাপ হবে। তাই ৩৫০-এর বেশি রান করতে পারলে ম্যাচে আমাদের জয়ের খুব ভালো সম্ভাবনা থাকবে।’

অভিষেকে রান পাওয়ার ফলে উইকহামের মধ্যে বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, যা তার বক্তব্যে ফুটে উঠেছে। এই আত্মবিশ্বাসী মন্তব্যের কথা জানানো হয়েছিল বাংলাদেশের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদকে। দলের প্রতিনিধি হিসেবে প্রথম দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। উইকহ্যামের চারশ রান করে বাংলাদেশকে দুইবার অলআউট করার ইচ্ছার কথা শুনে পাল্টা খোঁচা দেন তাসকিন। তিনি বলেন, ‘ওর আজ অভিষেক হয়েছে, তাই স্বাভাবিকভাবেই খুব রোমাঞ্চিত। অভিষেকে রানও পেয়েছে, সে কারণেও ওর মধ্যে বাড়তি উচ্ছ্বাস কাজ করছে। তাই ও অনেক কিছুই বলতে পারে, এটা নিয়ে সমস্যা নেই।’

ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে কত রানে আটকে রাখতে চায় বাংলাদেশ, সেই প্রশ্নের জবাবে তাসকিন বলেন, ‘এমনও হতে পারে, ওরা ৪৫০ রান করবে, আবার কাল এক ঘণ্টার মধ্যেই ৫০ রানে অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের মজা। তাই ওর কথায় খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই। ও নতুন এসেছে, স্বাভাবিকভাবেই অনেক কিছু বলবে।’