গুণগত মান নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তির সমন্বয় এবং নিরন্তর উদ্ভাবনের মাধ্যমে দেশের সিমেন্টশিল্পে নিজেদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় করেছে আকিজ সিমেন্ট। ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পের সামগ্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশের নির্মাণশিল্পের সামগ্রিক বিকাশের সঙ্গে দেশের সিমেন্টশিল্পের অগ্রযাত্রা নিবিড়ভাবে জড়িত। সময়ের পরিক্রমায় অবকাঠামো নির্মাণ, আবাসন খাতের প্রসার, শিল্পকারখানা স্থাপন এবং বড় বড় উন্নয়ন প্রকল্পের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনশীল শিল্প পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে গুণগত মান, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং গ্রাহকের অবিচল আস্থা ধরে রেখে দুই বছর পূর্ণ করল আকিজ সিমেন্ট।
২০০২ সালে যাত্রা শুরুর পর থেকেই আকিজ সিমেন্ট পণ্যের মান এবং আধুনিক উৎপাদন প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে আসছে। প্রতিষ্ঠাতা শিল্পোদ্যোক্তা শেখ আকিজ উদ্দিনের দূরদর্শী পরিকল্পনায় গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি সময়ের প্রয়োজনে নিজেদের উৎপাদনব্যবস্থা, প্রযুক্তি এবং বাজারজাতকরণ প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন এনেছে। বর্তমানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিনের বলিষ্ঠ নেতৃত্বে প্রতিষ্ঠানটি তার শক্তিশালী অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
স্বপ্ন থেকে শিল্পপ্রতিষ্ঠান
একটি সুদূরপ্রসারী লক্ষ্য নিয়ে আকিজ সিমেন্টের যাত্রা শুরু হয়েছিল—আর তা হলো দেশের নির্মাণশিল্পে আন্তর্জাতিক মানের সিমেন্ট সরবরাহ করা। প্রতিষ্ঠার শুরু থেকেই উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং পণ্যের মান নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির এই সফল অগ্রযাত্রায় প্রযুক্তির ধারাবাহিক আধুনিকায়ন এক বিশেষ ভূমিকা পালন করেছে। শুরুর দিকে বল মিল প্রযুক্তির মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তীতে ভার্টিক্যাল রোলার মিল (ভিআরএম) প্রযুক্তি যুক্ত করা হয়। ২০০৫ সালে জার্মান প্রযুক্তির ভিআরএম স্থাপনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। এরপর ২০১৮ সালে ডেনমার্কের এফএল স্মিথের আরও উন্নত প্রযুক্তি উৎপাদনব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়।
প্রযুক্তিগত এই আমূল পরিবর্তনের ফলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পণ্যের গুণগত মান, উৎপাদন দক্ষতা এবং ধারাবাহিকতা নিশ্চিত করা সহজতর হয়েছে। আধুনিক যন্ত্রপাতি ও উন্নত উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে প্রতিষ্ঠানটি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান অত্যন্ত শক্তিশালী করেছে।
আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘সিমেন্টশিল্পে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানো যথেষ্ট নয়। পণ্যের গুণগত মান, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং গ্রাহকের আস্থা অর্জন—এই তিনটি বিষয় সমান গুরুত্বপূর্ণ। আকিজ সিমেন্ট শুরু থেকেই এসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে। দুই যুগের পথচলায় গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন।’
গুণগত মানে আপসহীনতা
নির্মাণশিল্পের অন্যতম প্রধান উপকরণ হলো সিমেন্ট। যেকোনো ভবন কিংবা অবকাঠামোর স্থায়িত্ব ও নিরাপত্তা অনেকাংশেই নির্ভর করে ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মানের ওপর। এই কারণে সিমেন্ট উৎপাদনে কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে চূড়ান্ত পণ্য বাজারজাত করা পর্যন্ত প্রতিটি স্তরে মান নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আকিজ সিমেন্ট উৎপাদনের প্রতিটি পর্যায়ে কঠোর মান নিয়ন্ত্রণ ও পরীক্ষার ওপর গুরুত্ব দেয়। আধুনিক পরীক্ষাগার, প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রক্রিয়া এবং নিয়মিত মান যাচাইয়ের মাধ্যমে পণ্যের নির্ধারিত বৈশিষ্ট্যগুলো বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়।
প্রতিষ্ঠানটির লক্ষ্য কেবল বাজারে পণ্য সরবরাহ করা নয়, বরং নির্মাণকাজে নিয়োজিত প্রকৌশলী, ঠিকাদার, নির্মাতা এবং সাধারণ গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান বলেন, ‘আকিজ সিমেন্টের দুই যুগের পথচলা মূলত গ্রাহকের আস্থা অর্জন এবং সেই আস্থা ধরে রাখার ধারাবাহিক প্রচেষ্টার গল্প। বাংলাদেশের নির্মাণশিল্প দ্রুত পরিবর্তিত হচ্ছে। গ্রাহকের চাহিদা ও প্রত্যাশাও বাড়ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পণ্যের মান, প্রযুক্তি ও সেবার ক্ষেত্রে নিজেদের আরও এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।’
প্রতিযোগিতার বাজারে নিজস্ব অবস্থান
বর্তমানে বাংলাদেশের সিমেন্টশিল্পে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তীব্র প্রতিযোগিতা বিদ্যমান। উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য, মূল্য নির্ধারণ, পরিবেশক নেটওয়ার্ক এবং গ্রাহকসেবার মতো বিষয়গুলো এই প্রতিযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমন প্রতিযোগিতামূলক পরিবেশেও আকিজ সিমেন্ট গুণগত মান এবং ব্র্যান্ডের গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিশেষ করে প্রিমিয়াম সিমেন্টের বাজারে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পণ্যের মান এবং বাজারের চাহিদা অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
এই প্রক্রিয়ায় পরিবেশক এবং বিক্রয় নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহ, পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক উন্নয়ন এবং গ্রাহকদের কাছে পণ্যের বৈশিষ্ট্যসমূহ তুলে ধরার মাধ্যমে বাজার সম্প্রসারণে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
আকিজ সিমেন্টের হেড অব মার্কেটিং সুব্রত কুমার সিংহ বলেন, ‘সিমেন্টের বাজারে গ্রাহকের আস্থা অর্জন করতে হলে পণ্যের মানের পাশাপাশি গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশা বুঝতে হয়। আমরা বাজারের পরিবর্তন, নির্মাণপ্রযুক্তির অগ্রগতি এবং গ্রাহকের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে আমাদের বিপণন কার্যক্রম পরিচালনা করি। আকিজ সিমেন্টকে একটি নির্ভরযোগ্য ও মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।’
পরিবেশ ও দায়িত্বশীল উৎপাদন
আধুনিক শিল্পায়নের ক্ষেত্রে এখন পরিবেশ সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিমেন্টশিল্পে উৎপাদন প্রক্রিয়ার পরিবেশগত প্রভাব নিয়ন্ত্রণ, জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং ধুলা ও নির্গমন ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
আকিজ সিমেন্ট উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশগত প্রভাব হ্রাস এবং উৎপাদন দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছে। উন্নত যন্ত্রপাতি, ধুলা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং উৎপাদন প্রক্রিয়ার ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে একটি দায়িত্বশীল শিল্পপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাও তাদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ।
সামনে আরও বড় হওয়ার প্রত্যাশা
দুই যুগের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে আকিজ সিমেন্ট এখন ভবিষ্যতের বাজার সামনে রেখে নিজেদের প্রস্তুত করছে। দেশের অবকাঠামো, আবাসন ও শিল্প খাতের বিকাশের সঙ্গে সঙ্গে সিমেন্টের চাহিদা এবং গ্রাহকের প্রত্যাশায় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন প্রযুক্তির আধুনিকায়ন, পণ্যের মানোন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং গ্রাহকসেবায় আরও বেশি গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে আন্তর্জাতিক মান ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদনব্যবস্থাকে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তোলার পরিকল্পনাও রয়েছে তাদের।
আকিজ সিমেন্টের দুই যুগের এই পথচলা তাই কেবল একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন নয়, বরং বাংলাদেশের নির্মাণশিল্পের পরিবর্তন ও বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলার একটি সফল অধ্যায়। গুণগত মান, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং গ্রাহকের আস্থাকে ভিত্তি করে আগামী দিনেও দেশের নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।