দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
গত মঙ্গলবার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখে। তারা উৎপাদনপ্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেয়। এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। আমরা বিশ্বাস করি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং নিয়মিত যোগাযোগ বাংলাদেশ ও জার্মানির মধ্যে শিল্প ও বাণিজ্যিক সহযোগিতার নতুন সুযোগ তৈরিতে সহায়ক হবে।’
আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্প কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান ও ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্ল্যান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্ল্যান্ট হেড মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।