দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স তাদের কর্মীদের সুযোগ-সুবিধা ও জীবনযাত্রার মানোন্নয়নে এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন এবং ডাইনিংসহ বিভিন্ন খাতের নামী প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কর্মীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।

এই উদ্যোগের আওতায় আকিজ রিসোর্স সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব এবং ফেব্রিলাইফের সঙ্গে পার্টনারশিপ স্থাপন করেছে। পাশাপাশি পর্যটন ও আতিথেয়তা খাতের বিশেষ সেবা নিশ্চিত করতে ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং আরও অনেক রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

গত ১১ অক্টোবর আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কৌশলগত অংশীদারিত্বের ফলে আকিজ রিসোর্সের কর্মীরা এখন থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে বিশেষ করপোরেট মূল্য এবং আকর্ষণীয় ছাড়ে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্বাচিত কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া অংশীদার হোটেলগুলোর রুম ভাড়ার ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা মিলবে কর্মীদের জন্য।

এ বিষয়ে আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান বলেন, ‘কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও সুবিধাজনক করতে আমরা আমাদের অংশীদার ব্র্যান্ডের পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করছি। এর মাধ্যমে কর্মীরা আরও বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’

বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা, বিনোদন ও লাইফস্টাইল সংশ্লিষ্ট সেবাগুলোকে কর্মীদের জন্য আরও সহজলভ্য করতে আগ্রহী আকিজ রিসোর্স। মূলত কর্মীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করা, তাদের কল্যাণ সাধন এবং কর্মক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধির প্রতি প্রতিষ্ঠানটির যে অঙ্গীকার, এই উদ্যোগটি তারই একটি বাস্তব প্রতিফলন।