দেশের ফুটবল অঙ্গনের পৃষ্ঠপোষকতার দীর্ঘ ধারাবাহিকতা বজায় রেখে এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন ফ্যান। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ‘পাওয়ার্ড বাই স্পন্সর’ হিসেবে দায়িত্ব নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যান ব্র্যান্ড ওয়ালটন। বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট ও আয়োজনে সহযোগিতার পথ ধরেই দক্ষিণ এশিয়ার এই মর্যাদাপূর্ণ ফুটবল আসরে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয়টি দেশের অংশগ্রহণে এই টুর্নামেন্টের শুভ সূচনা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই ফুটবল উৎসব। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক প্রত্যাশা বিরাজমান, আর এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে পাশে থাকছে ওয়ালটন ফ্যান।
টুর্নামেন্টের ড্র অনুযায়ী, এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়াই করবে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিনে রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে নিজেদের অভিযান শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বের লড়াইয়ে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ম্যাচ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন দীর্ঘ সময় ধরে ফুটবলের বিভিন্ন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সাম্প্রতিক সময়েও জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ এবং নারী ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদের এই সহযোগিতা অব্যাহত রয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ‘ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই ওয়ালটন দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রত্যাশা, এই আসর তরুণদের ফুটবলে আরও আগ্রহী করে তুলবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।’
জানা গেছে, ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টের কো-স্পন্সর ছিল ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫-২৬-এর বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের কো-স্পন্সর হিসেবে ছিল ‘ওয়ালটন বিএলডিসি ফ্যান’। এছাড়া ২০২৫ সালের ১৮ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল ‘ওয়ালটন ফ্যান’। একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচেও কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানটি।
নারী ফুটবলের উন্নয়নে ওয়ালটনের সহযোগিতার ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল এই প্রতিষ্ঠান। ওই আসরে দলের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী সংগ্রহের জন্য অর্থসহায়তা প্রদান করে ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরের সময়ও ক্রীড়াসামগ্রী সরবরাহে সহযোগিতা করেছে প্রতিষ্ঠানটি।
কেবল পৃষ্ঠপোষকতাই নয়, নারী ফুটবলারদের সাফল্য উদ্যাপন ও তাদের উৎসাহিত করার বিভিন্ন উদ্যোগেও পাশে থেকেছে ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকেও সংবর্ধনা দিয়েছে ওয়ালটন।
বাংলাদেশ ফুটবলের পুরুষ ও নারী জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন স্তরে ওয়ালটনের এই সম্পৃক্ততার সর্বশেষ সংযোজন হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ওয়ালটন ফ্যানের পৃষ্ঠপোষকতা। দেশের ফুটবলের সামগ্রিক অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার এই ফুটবল উৎসবে শামিল হচ্ছে ওয়ালটন ফ্যান।