রাজধানীর মহাখালী এলাকা থেকে আটক ডিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে মুক্তি দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে একই সময়ে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া ওই চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য যে, ইকবাল সোবহান চৌধুরী জুলাই গণআন্দোলন চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানান।
তিনি বলেন, “ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদ শেষে কিছু না পাওয়ায় রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”