জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে দলীয় কমিটিতে পদ প্রদান করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই পদক্ষেপের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রনিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একই সাথে এই ঘটনায় এনসিপির রাজনৈতিক অবস্থান এবং সততা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছে ছাত্রদল।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে এক যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছাত্রদল নেতারা তাদের ক্ষোভ ব্যক্ত করেন। শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি জিয়াউদ্দিন রনিকে এনসিপির গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “এনসিপির এই ভূমিকা চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবের শুরুর দিকে চট্টগ্রামের অন্যতম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তার হত্যা মামলার আসামিকে এনসিপি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, এই জিয়াউদ্দিনের অর্থায়নেই নাকি চট্টগ্রামে এনসিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
জিয়াউদ্দিনের রাজনৈতিক অতীত সম্পর্কে আলোকপাত করে তিনি আরও বলেন, “জিয়াউদ্দিন আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিল। একদিকে জামায়াত ও এনসিপি এক হয়েছে, আর এখন তাদের সাথে আওয়ামী লীগও মিলেমিশে একাকার। এই অপশক্তিকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই।”
উপস্থিত নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাইফুল ইসলাম বলেন, “আপনারা নিজ নিজ ইউনিট ও এলাকায় সতর্ক থাকবেন। জিয়াউদ্দিনকে যেখানেই পাওয়া যাবে, প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবেন। এমনকি জামায়াত বা এনসিপির কেউ যদি তার পক্ষে অবস্থান নেয়, তবে তাদেরও কঠোরভাবে প্রতিহত করা হবে।”
এই যৌথ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চবি ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশের পর জমিয়াতুল ফালাহ ময়দান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর ওয়াসা মোড় হয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি এনসিপি নেতা জিয়াউদ্দিন রনির রাজনৈতিক প্রেক্ষাপট এবং ওয়াসিম হত্যা মামলায় তার নাম থাকা সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মুক্তকণ্ঠ।