গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি এবং আনসারের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোনো এলাকা থেকেই শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের কোনো খবর পাওয়া যায়নি। জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তা জোরদার করতে আজ বুধবার বিজিবির সদস্য সংখ্যা বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে, যেখানে আগের চেয়ে ১ প্লাটুন সদস্য বেশি যুক্ত করা হয়েছে। এর পাশাপাশি ৮ প্লাটুন এসআরবি এবং ৫ প্লাটুন আনসারের সদস্য মোতায়েন করা হয়েছে। মোট ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য সমন্বিতভাবে গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এই নিরাপত্তা বাহিনীর কার্যক্রম তদারকি করতে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করলেও মঙ্গলবার সেই সংখ্যা বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি করা হয়েছিল।
অন্যদিকে, গাজীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মজিবুর রহমান সকাল থেকেই মহাসড়কে অবস্থান করছেন। তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় শ্রমিক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সভা করেছেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে গাজীপুর জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, “গত কয়েকদিন যাবৎ শ্রমিকদের যে আন্দোলন চলছে আস্তে আস্তে শ্রমিকরাও বুঝতে পারছে যে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার পক্ষে সরকার কাজ করছে। এটা বুঝতে পেরে তারা আন্দোলনে অনীহা প্রকাশ করছে, আন্দোলনে আসতে চাচ্ছে না। বর্তমান অবস্থা দেখলেই বুঝতে পারবেন রাস্তা-ঘাট একেবারেই স্বাভাবিক, গাড়ি ঘোড়া চলছে, সব কিছুই ঠিক আছে এখন।”