নতুন কোনো দেশ ভ্রমণের সুযোগ পাওয়া যেমন আনন্দের, তেমনি বিমানভাড়া, হোটেল এবং খাবারের যাবতীয় খরচ যদি আয়োজক বহন করে, তবে তা হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ভ্রমণপিপাসুদের জন্য এমনই এক অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড।

দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৬ জন অবিবাহিত ব্যক্তিকে চার দিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত এই ব্যক্তিরা ফিনল্যান্ড সফর করবেন। সেখানে তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিশেষ নৈশভোজ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। এই পুরো সফরের বিমানযাত্রার আসা-যাওয়ার টিকিট, ব্যক্তিগত কক্ষসহ হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং নির্ধারিত সব কার্যক্রমের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভিজিট ফিনল্যান্ড।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ উদ্যোগের মূল লক্ষ্য হলো ফিনল্যান্ডের সমৃদ্ধ খাবার ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যটকদের সামনে উপস্থাপন করা। উল্লেখ্য, টানা ৯ বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেলেও ফিনল্যান্ডের রন্ধনশৈলী আন্তর্জাতিক অঙ্গনে এখনো তেমন পরিচিতি পায়নি। চলতি বছরের ২০ অক্টোবর এই উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এই বিষয়ে ফিনল্যান্ড সরকারের কর্মসংস্থান ও অর্থনীতি মন্ত্রণালয়ের অধীন সরকারি সংস্থা বিজনেস ফিনল্যান্ডের আন্তর্জাতিক বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হেলি জিমেনেজ বলেন, ‘এবার আমরা নতুন কিছু অভিজ্ঞতা দিতে ভ্রমণকারীদের আমন্ত্রণ জানাচ্ছি।’

ফিনল্যান্ডের একটি জনপ্রিয় ডেটিং প্রবণতা হলো ‘সিঙ্কুকোরি’, যার আক্ষরিক অর্থ ‘সিঙ্গেল ঝুড়ি’। দেশটির কিছু সুপারমার্কেটে অবিবাহিত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিতে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা জানান যে তাঁরা জীবনসঙ্গী খুঁজছেন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে আগ্রহী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ধারণাটিকেই এবার সুপারমার্কেটের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে এসেছে জাতীয় পর্যটন সংস্থা ভিজিট ফিনল্যান্ড।

২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে। নির্বাচিত ১৬ জনের মধ্যে আটজনকে পাঠানো হবে ফিনল্যান্ডের রাজধানী সমুদ্রতীরের শহর হেলসিংকিতে এবং বাকি আটজন যাবেন লেকল্যান্ড অঞ্চলের শহর তাম্পেরেতে। পুরো আয়োজনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হবে একটি বিশেষ নৈশভোজ। প্রতিটি শহরে আটজন আন্তর্জাতিক অতিথির সঙ্গে যোগ দেবেন স্থানীয় দুই অবিবাহিত ফিনিশ নাগরিক। তাঁদের জন্য থাকছে দেশটির প্রখ্যাত শেফদের তৈরি বিশেষ খাবারের আয়োজন। হেলসিংকির রাতের খাবারের মেনু তৈরি করেছেন ক্যাফে সাভোয়ার প্রধান শেফ অ্যাডেলে কিন্নুনেন, যাঁকে ফিনল্যান্ডের ‘মাস্টারশেফ প্রফেশনালস’-এ দেখা গেছে। অন্যদিকে, তাম্পেরের মেনু তৈরি করেছেন রেস্তোরাঁ ‘গোস্তা’র কর্ণধার এবং মর্যাদাপূর্ণ রন্ধন প্রতিযোগিতা বোকুজ দোরে ফিনল্যান্ডের প্রতিনিধি হেনরি তিক্কানেন।

তবে এই আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দমতো শহর বেছে নেওয়ার সুযোগ পাবেন না। আয়োজক কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবেন কে হেলসিংকি অথবা তাম্পেরেতে যাবেন। অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর এই বিষয়টি জানানো হবে।

যদিও এই উদ্যোগের নাম ‘ব্লাইন্ড ডেট’, তবে এখানে কোনো ম্যাচমেকিং বা জুটি মিলিয়ে দেওয়ার ব্যবস্থা নেই। নৈশভোজগুলো মূলত দলগত অভিজ্ঞতা হিসেবে সাজানো হয়েছে, কোনো একান্ত ডেট হিসেবে নয়। তাই ভ্রমণে গিয়ে যে কারও সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হবে, এমন কোনো নিশ্চয়তা দিচ্ছে না আয়োজক কর্তৃপক্ষ।

বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা এই বিশেষ উদ্যোগে আবেদন করতে পারবেন। তবে ফিনল্যান্ডের নাগরিক এবং যারা বর্তমানে সেখানে বসবাস করছেন, তাঁরা এই সুযোগ পাবেন না। আবেদন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথম ধাপে ইংরেজিতে একটি ভিডিও তৈরি করে একটিমাত্র প্রশ্নের উত্তর দিতে হবে, যা হলো— ‘ডিনার ডেটে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’ এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। ভিডিওর সঙ্গে অবশ্যই #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ভিজিট ফিনল্যান্ডের অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে।

যাঁরা ভিডিওটি সবার জন্য উন্মুক্ত করতে ইচ্ছুক নন, তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিওটি ‘পাবলিক’ রাখতে হবে, তবে ইউটিউবে ভিডিওটি ‘আনলিস্টেড’ হিসেবে আপলোড করা যাবে। এতে ভিডিওটি সবার সামনে প্রদর্শিত হবে না, কেবল যাদের কাছে লিংক থাকবে তারাই সেটি দেখতে পারবেন। দ্বিতীয় ধাপ হিসেবে ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল আবেদন ফরম পূরণ করতে হবে এবং সেখানে প্রকাশিত ভিডিওর লিংক যুক্ত করতে হবে। আবেদনকারীদের ভিডিওগুলো একটি বিচারক প্যানেল মূল্যায়ন করবে। তাঁদের মূল্যায়নের ক্ষেত্রে ভিডিওর সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের উত্তরে ব্যক্তিগত অভিজ্ঞতা ও ভাবনা প্রকাশের ধরন বিবেচনা করা হবে। বিভিন্ন দেশ, বয়স ও সামাজিক পটভূমির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আয়োজকেরা। এজন্য আবেদনকারীদের নিজেদের ধারণ করা ভিডিও ও নিজস্ব অডিও ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময় ২০২৬ সালের ১০ নভেম্বর, ফিনল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট। বাংলাদেশ সময় অনুযায়ী, ওই দিন বেলা ৩টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। নির্বাচিত ১৬ জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা হবে এবং ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। তবে নির্বাচিত ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে— বিজয়ী ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে আয়োজকেরা তাঁর পরিবর্তে অন্য কাউকে ভ্রমণের সুযোগ দিতে পারবেন। আগ্রহী ব্যক্তিরা বিস্তারিত নিয়মাবলি ও আবেদনপ্রক্রিয়া জানতে ভিজিট ফিনল্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট (visitfinland.com) ভিজিট করতে পারেন।